বিতর্কে ট্রাম্পের আজ টিকে থাকার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬ * আর বাকি ২৯ দিন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬ * আর বাকি ২৯ দিন

সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে রোববার সন্ধ্যায় (বাংলাদেশে সোমবার সকালে) পূর্বনির্ধারিত দ্বিতীয় বিতর্ক হবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘বাঁচা-মরার’ লড়াই। এই বিতর্কে যদি তিনি পুনরায় হিলারি ক্লিনটনের হাতে নিদারুণভাবে পরাস্ত হন, লড়াইতে টিকে থাকা তাঁর জন্য কার্যত অসম্ভব হয়ে পড়বে।
১১ বছর আগের অশ্লীল ও আপত্তিকর একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকে গত তিন দিন ট্রাম্প নিজের দলের নেতাদের কাছেই তীব্রভাবে সমালোচিত হয়েছেন। একের পর এক শীর্ষ নেতারা তাঁর প্রতি নিজেদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। অনেকেই তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। রিপাবলিকান পার্টির কর্মকর্তারা কীভাবে তাঁকে সরিয়ে অন্য কাউকে, বিশেষত ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্সকে সেই স্থানে বসানো যায়, এখন তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছেন।
ট্রাম্প কতটা বিতর্কিত হয়ে উঠেছেন তার একটা বড় প্রমাণ ছিল, কংগ্রেসে রিপাবলিকান স্পিকার পল রায়ান আমন্ত্রণ জানানোর পরও শনিবার উইসকনসিনের সভায় ট্রাম্পকে আসতে নিষেধ করেন। পরে ট্রাম্প তাঁর জায়গায় রানিং-মেট মাইক পেন্সকে পাঠাচ্ছেন বলে ঘোষণা করেন। কিন্তু পেন্স নিজেই সেখানে যেতে অস্বীকার করেন। নারীদের নিয়ে ট্রাম্প যেসব মন্তব্য করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন পেন্স।

ট্রাম্প নিজে অবশ্য সরে দাঁড়ানোর সব দাবি এক কথায় নাকচ করে দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেছেন, ‘আমি কখনো হাল ছেড়ে দিই না।’ ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, তাঁর প্রতি এখন ‘প্রবল সমর্থন’ রয়েছে। তাই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা ‘শূন্য’।

রিপাবলিকান পার্টির দলীয় নীতিমালা অনুসারে, নিজে সরে না দাঁড়ালে ট্রাম্পকে সরানো কার্যত অসম্ভব। দলের গঠনতন্ত্রের ৯ নম্বর ধারায় কোনো প্রার্থী মারা গেলে, নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিলে অথবা অন্য কারণে অপারগ হলে বিকল্প প্রার্থী মনোনয়নের ব্যবস্থা রয়েছে। ‘অন্য কারণ’ সূত্রটি ব্যবহার করে তাঁকে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা গেলেও শেষ পর্যন্ত তাঁকে বাদ দেওয়া যাবে কি না, তা নিয়ে দলের আইনজীবীরা নিজেদের মধ্যে শলাপরামর্শ করছেন।

ইতিমধ্যে ট্রাম্পের নাম-সংবলিত ব্যালট ছাপা হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে ‘আগাম ভোটের’ ব্যবস্থা রয়েছে, সেই নিয়মের অধীনে অনেক অঙ্গরাজ্যেই আগাম ভোট শুরু হয়েছে। এ অবস্থায় দলের জন্য ট্রাম্প নামক ‘গলার কাঁটা’ নিয়েই নভেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করতে হতে পারে।

তবে দল যে বিকল্প পথ খুঁজছে, সে কথাও দলীয় নেতারা অস্বীকার করেননি। ট্রাম্প দলীয় প্রার্থী থেকে গেলে এ বছরের প্রেসিডেন্ট নির্বাচন তাঁদের হাতছাড়া হয়ে যাবে, সে কথা অনেকেই খোলাখুলি স্বীকার করছেন। তাঁদের জন্য এই মুহূর্তের প্রধান লক্ষ্য সিনেট অথবা প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নেতৃত্ব ধরে রাখা। সেই লক্ষ্যে ঠিক কোন পথে এগোনো যায়, তা নির্ধারণের পূর্বশর্ত হিসেবে রিপাবলিকান পার্টি তার তথাকথিত ‘বিজয় কর্মসূচি’ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নির্বাচনী ঠিকাদারদের নতুন করে কোনো বিজ্ঞাপন ও ডাকের মাধ্যমে প্রচারপত্র বিলি অথবা মুদ্রণ না করার কথা বলা হয়েছে।

এই অবস্থায় রোববারের দ্বিতীয় বিতর্ক যে ট্রাম্পের জন্য শেষ সুযোগ, এ কথায় অধিকাংশ ভাষ্যকারই একমত। এখন তাঁর আর হারানোর কিছুই নেই—এই মনোভাব নিয়ে ট্রাম্প টাউন হল ধাঁচের এই বিতর্কে অংশ নিতে তৈরি হচ্ছেন। ১৯৭৮ সালে আরকানসাসের গভর্নর থাকাকালে বিল ক্লিনটন তাঁকে ‘ধর্ষণ’ করেছেন বলে অভিযোগ করেন লিটল রকের (আরকানসাসের রাজধানী) একটি নার্সিং হোমের পরিচালক ব্রডরিক। সেই অভিযোগ কখনোই প্রমাণিত হয়নি। গত সপ্তাহে ব্রডরিক বিল ক্লিনটনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ফের তোলেন। কোনো মন্তব্য ছাড়াই ট্রাম্প ব্রডরিকের পাঠানো দুটি টুইট পুনরায় বিলি করেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিতর্কে এ বিষয়টি উত্থাপনের জন্য ট্রাম্পকে বুদ্ধি জোগাচ্ছেন তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টা রজার স্টোন। ‘ষড়যন্ত্রতত্ত্ব’ উদ্ভাবনের জন্য খ্যাত স্টোন ইতিমধ্যে বিল ক্লিনটনের ছবি-সংবলিত ১০ হাজার গেঞ্জি বিলির ব্যবস্থা করেছেন। এতে ক্লিনটনের ছবির পাশে লেখা আছে ‘ধর্ষণ’।

হিলারি শিবির থেকে জানানো হয়েছে, ট্রাম্প নর্দমার ময়লা তুলতে ব্যস্ত থাকবেন, এমন সম্ভাবনা মাথায় রেখেই তাঁরা বিতর্কের জন্য প্রস্তুত হচ্ছেন। খ্যাতনামা ডেমোক্রেটিক নির্বাচনী বিশেষজ্ঞ রবার্ট শ্রাম বলেছেন, হিলারির জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যৌন কেলেঙ্কারির প্রসঙ্গ ঘাঁটাঘাঁটি না করে তাঁর নির্বাচনী কর্মসূচির ওপর মনোযোগ নিবদ্ধ রাখা। ‘তাঁর জন্য প্রধান চ্যালেঞ্জ হবে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা।’

সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক শুরু হবে বাংলাদেশ সময় সোমবার, সকাল সাতটায়। সিএনএনসহ অধিকাংশ মার্কিন টিভি নেটওয়ার্ক ও ইন্টারনেটে ৯০ মিনিট স্থায়ী এই বিতর্ক দেখা যাবে।