বিতর্কের আগে হিলারি এগিয়ে
যুক্তরাষ্ট্রে নতুন জাতীয় জনমত জরিপের ফল বলছে, প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন। গত শুক্রবার প্রকাশিত হয়েছে এ জরিপ।
দুই প্রার্থীর প্রথম বিতর্ক হওয়ার কথা আগামীকাল সোমবার। এর আগে প্রকাশিত ম্যাকক্লাচি ম্যারিস্ট জরিপ বলছে, সম্ভাব্য ভোটারদের মধ্যে হিলারিকে সমর্থন করে ৪৫ শতাংশ, আর ট্রাম্পকে ৩৯ শতাংশ।
সংখ্যালঘু ভোটারদের কাছে যাওয়ার জন্য রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেক উদ্যোগ নিয়েছেন। তা সত্ত্বেও নতুন জরিপে কৃষ্ণাঙ্গ ভোটাররা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারির পক্ষে রয়েছেন ৯৩ শতাংশ, যেখানে ট্রাম্পের পক্ষে রয়েছেন মাত্র ৩ শতাংশ। আর ল্যাটিনদের মধ্যে ৭৪ শতাংশ হিলারির পক্ষে এবং ১৬ শতাংশ রয়েছেন ট্রাম্পের পক্ষে। যদিও এই জরিপেও ‘সৎ ও বিশ্বাসযোগ্যতার’ প্রশ্নে হিলারি ক্লিনটনের চেয়ে আট শতাংশ এগিয়ে রয়েছেন ট্রাম্প।
নিউইয়র্কের হ্যাম্পস্টেডের হোফস্ট্রা ইউনিভার্সিটিতে আগামীকাল অনুষ্ঠেয় বিতর্কে হিলারিকে আগামী দিনগুলোতে বর্তমানের চেয়ে কী ভিন্নতা আনতে পারেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা দিতে হবে। অন্যদিকে ট্রাম্পকে তাঁর সমালোচকদের আশ্বস্ত করতে হবে যে, তিনি কমান্ডার-ইন-চিফ হিসেবে প্রস্তুত রয়েছেন। নির্বাচনে এই বিতর্ক বড় ভূমিকা পালন করবে বলেই মনে করছেন নির্বাচনী বিশ্লেষকেরা।