বিতর্কের জন্য প্রস্তুত পেন্স-কমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস
ছবি: এএফপি

উত্তেজনা ও উৎকণ্ঠার মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে বিতর্কের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামীকাল ৭ অক্টোবর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হবে।

গত ২৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে সরাসরি বিতর্ক হয়ে উঠেছিল উত্তেজনার। এ বিতর্কের জের ধরে নির্বাচনী আলোচনা নানা বাঁক নিয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় সংক্রমিত হয়ে হাসপাতাল ঘুরে এসেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগীদের মধ্যে অনেকেই এখন করোনায় সংক্রমিত। রিপাবলিকান প্রচার শিবিরের লোকজনও পড়েছেন সংক্রমণের কবলে।

বিতর্ক পরিচালনায় নিয়োজিত লোকজন এখন অতিরিক্ত সতর্ক হয়ে উঠেছেন। সংক্রমণ নিয়ন্ত্রণ করে বিতর্ক পরিচালনার নানা পদক্ষেপের কথা জানানো হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চরম সতর্কতার সঙ্গে ইউটাহ রাজ্যের সল্টলেক সিটিতে, ইউনিভার্সিটি অব ইউটাহতে মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যে এ বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা।

৭ অক্টোবর সামাজিক দূরত্ব মেনে সতর্কতার সঙ্গে ইউটাহ রাজ্যের সল্টলেক সিটিতে, ইউনিভার্সিটি অব ইউটাহতে মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যে এ বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা
বিতর্কে সঞ্চালক হিসেবে থাকবেন ইউএস টুডের সাংবাদিক সুজান পেজ
ছবি: টুইটার থেকে নেওয়া

ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে সঞ্চালক হিসেবে থাকবেন ইউএস টুডের সাংবাদিক সুজান পেজ। সঞ্চালক ও প্রার্থীদের আলাদা করে প্লেক্সিগ্লাস নামের এক ধরনের কাচের আবরণ দিয়ে সুরক্ষা দেওয়া হবে।

পলিটিকো অনলাইনের এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কে কাচের এমন আবরণ রাখায় কমলা হ্যারিসের প্রচার শিবির থেকে স্বাগত জানানো হয়েছে। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রচার শিবিরের পক্ষ থেকে বিষয়টিকে স্বাগত জানানো হয়নি।

প্রথম বিতর্কের মতোই প্রার্থীরা বা সঞ্চালক করমর্দন করবেন না। ট্রাম্প-বাইডেন বিতর্কে দুই প্রার্থীর অবস্থান প্রায় সাত ফুটের ব্যবধানে রাখা হয়েছিল। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সামাজিক দূরত্বের নির্দেশনা অনুসরণ করে এ ব্যবস্থা নেওয়া হয়। এবারে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীরা দাঁড়াবেন একে অন্যের চেয়ে ১২ ফুট তিন ইঞ্চি দূরত্বে।

দুই প্রার্থী ও সঞ্চালক ছাড়া সবাইকে সার্বক্ষণিক মাস্ক পরে থাকতে হবে। দর্শক সারিতে থাকা কেউ মাস্ক খুলে ফেললে তাঁকে বের করে দেওয়া হবে
পিটার আইয়ার, প্রেসিডেনশিয়াল বিতর্ক কমিশনের জ্যেষ্ঠ উপদেষ্টা

প্রেসিডেনশিয়াল বিতর্ক কমিশনের জ্যেষ্ঠ উপদেষ্টা পিটার আইয়ার বলেছেন, দুই প্রার্থী ও সঞ্চালক ছাড়া সবাইকে সার্বক্ষণিক মাস্ক পরে থাকতে হবে। দর্শক সারিতে থাকা কেউ মাস্ক খুলে ফেললে তাঁকে বের করে দেওয়া হবে।

প্রেসিডেন্ট প্রার্থীদের প্রথম বিতর্কে দর্শক সারিতে প্রবেশের পর অনেকেই মাস্ক খুলে ফেলেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সদস্যদেরও এমন করতে দেখা গেছে। এবারে কোনো দর্শক এমন আচরণ করলে তাঁকে সরাসরি বের করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। দর্শক সারির চেয়ারগুলোতে যথেষ্ট দূরত্ব থাকলেও অতিরিক্ত সতর্কতার জন্যই এমন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

বিতর্ক কেন্দ্রে প্রবেশের আগে প্রার্থী ও সঞ্চালকের কোভিড-১৯ টেস্ট করানো হবে। এ ছাড়া কেন্দ্র প্রবেশকারী সব দর্শক ও কর্মীদের কোভিড-১৯ টেস্টের ফলাফল নেগেটিভ থাকতে হবে।

ইউটাহ ইউনিভার্সিটির হলে দুই হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ৫০ জনকে হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ১১ জনের কোভিড-১৯ শনাক্ত হলেও ভাইস প্রেসিডেন্ট পেন্স এখনো করোনামুক্ত। কমলা হ্যারিসের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিতর্কটি জমজমাট হবে এবং দুই দলের নীতি নির্ধারণী বিষয়ই বিতর্কে প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।