বিতর্কের সঞ্চালককে আগেই আক্রমণ করছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ অক্টোবর ট্রাম্প–বাইডেনের বিতর্ক সঞ্চালনা করবেন এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়েকার
ছবি: টুইটার থেকে নেওয়া

আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর। এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়েকার এ বিতর্ক সঞ্চালনা করবেন। কিন্তু বিতর্কের আগেই সঞ্চালক ক্রিস্টেনকে আক্রমণ করা শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে এনবিসি নিউজের হয়ে দীর্ঘ দিন থেকে কাজ করা সাংবাদিক ক্রিস্টেন ওয়েকার দলীয় লোক। তাঁর মা-বাবা দুজনই ডেমোক্র্যাট এবং বাইডেনের প্রচার তহবিলে মোটা অঙ্কের চাঁদা দিয়েছেন।

২১ অক্টোবর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ক্রিস্টেন ওয়েকারকে ‘ভয়ংকর’ বলেও উল্লেখ করেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ক্রিস্টেন ওয়েকারকে ‘ভয়ংকর’ বলেও উল্লেখ করেছেন

২২ অক্টোবর টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে নগরীর বেলমন্ট ইউনিভার্সিটিতে চূড়ান্ত বিতর্কের মুখোমুখি হচ্ছেন দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। প্রথম বিতর্কের অভিজ্ঞতার জের ধরে রাষ্ট্রনেতাদের এ সরাসরি বিতর্ক সামাল দিতে বিতর্কের নিয়ম পাল্টে ফেলা হয়েছে। দ্বিতীয় ও চূড়ান্ত এ বিতর্কে বক্তব্যের সময় কোনো প্রার্থী অন্য প্রার্থীকে কথা বলায় বাধা দিলে তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন

সাংবাদিক ক্রিস্টেন ওয়েকার বিতর্কের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আক্রমণের কোনো প্রতিক্রিয়া দেখাননি। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া নগরীতে বড় হওয়া সাংবাদিক ক্রিস্টেন ওয়েকার হার্ভার্ড থেকে ইতিহাসে স্নাতক। এনবিসি নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি হিসেবে ২০১১ সাল থেকেই তিনি দায়িত্ব পালন করে আসছেন।

হোয়াইট হাউসে এনবিসি নিউজের হয়ে দীর্ঘ দিন থেকে কাজ করা সাংবাদিক ক্রিস্টেন ওয়েকার দলীয় লোক। তাঁর মা-বাবা দুজনই ডেমোক্র্যাট এবং বাইডেনের প্রচার তহবিলে মোটা অঙ্কের চাঁদা দিয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। এই বিতর্কে কথা বলার সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করা হয়েছে। বিতর্কটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে লজ্জাজনক প্রেসিডেনশিয়াল বিতর্ক বলে মার্কিন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।