বিতর্কের 'অসত্যগুলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর প্রথম মুখোমুখি বিতর্ক অনুষ্ঠিত হলো। পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, জাতিগত সম্প্রীতি পরিস্থিতির মতো জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি ট্রাম্পের নিজের আয়কর বিবরণী দেওয়া এবং হিলারির ই–মেইল প্রকাশের মতো বিভিন্ন বিষয় বিতর্কে উঠে আসে। এসব বিষয়ে দুই প্রার্থীর বক্তব্যের কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা, তা যাচাইয়ের চেষ্টা করেছে নিউইয়র্ক টাইমস–এর ‘সত্যতা যাচাই দল’ (ফ্যাক্ট চেকার্স)।

পররাষ্ট্রনীতি: ডোনাল্ডট্রাম্প বিদ্রূপ করে বলেছেন, তিনি (হিলারি) আইএসের বিরুদ্ধে ‘পূর্ণবয়স্ক হওয়ার পর’ থেকে লড়াই করছেন।

কিন্তু প্রকৃত সত্য হলো, ২০০৩ সালে ইরাকে মার্কিন আক্রমণ ও সাদ্দাম হোসেনের পতনের পর শূন্যতাকে কাজে লাগিয়ে আইএসের উত্থান ঘটে। ওবামার প্রথম প্রশাসনে হিলারি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তখন আইএসকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। ২০১৪ সালে সংগঠনটির পুনরুত্থান হয়। তখন হিলারি দায়িত্বে ছিলেন না।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শুরু থেকেই ইরাক যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। তিনি আবার বলছেন, যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইরাকের তেল মার্কিন কর্তৃত্বে নেওয়া। তথ্য ঘেঁটে দেখা যায়, ইরাক যুদ্ধের সময় এক সাক্ষাৎকারে এর সমর্থন করেছিলেন ট্রাম্প।

কর্মসংস্থান: হিলারি বলেন, তাঁর অর্থনৈতিক পরিকল্পনায় এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু ট্রাম্পের পরিকল্পনায় ৩৫ লাখ কর্মসংস্থান কমে যাবে। নিউইয়র্ক টাইমস–এর ফ্যাক্ট চেকাররা বলেন, অর্থনীতির গতিশীলতার কারণেই ৭০ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ট্রাম্প বলেছেন, বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড যুক্তরাষ্ট্র ছেড়ে যাচ্ছে। কিন্তু ফোর্ড বলছে, তারা মেক্সিকোতে ব্যবসা সম্প্রসারণ করছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কর্মীদের চাকরি যাবে না।

জলবায়ু পরিবর্তন: হিলারি ক্লিনটন বলেছেন, ট্রাম্প মনে করেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী চীন। তবে ট্রাম্প তা অস্বীকার করেন। এখন প্রশ্ন হলো, দুজনের মধ্যে কে সত্যি, আর কে মিথ্যা বলছেন?

২০১২ সালের নভেম্বরে টুইটারে এক বার্তায় ট্রাম্প বলেন, চীনাদের জন্য বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। পরে আবার টুইট করেন, যুক্তরাষ্ট্রের চালাকির কারণেই জলবায়ু পরিবর্তন ঘটছে। পরে ট্রাম্প আবার বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রের আরও চিন্তাভাবনা করা দরকার। দুঃখের বিষয়, চীন এ নিয়ে কোনো ভূমিকা রাখছে না।