বিদায়ের আগে অভিবাসনে শেষ কোপ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের পথ আরও কঠিন করে যাচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত বছর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। সম্প্রতি নতুন এই নিয়ম চালু করা হয়েছে। চার বছরের শাসনামলে প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন নীতিমালাকে কঠোর থেকে কঠোরতর করতে চার শ’র বেশি নির্বাহী আদেশে সাক্ষর করেন।
২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের পর প্রথম দিকের উদ্যোগের মধ্যে অন্যতম ও আলোচিত নির্বাহী আদেশ ছিল মুসলমান অধ্যুষিত বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ ঘোষণা করা। আর অভিবাসীদের কফিনে শেষ কোপটি মারলেন অ্যাসাইলাম বা আশ্রয়প্রার্থীদের জন্য দরজা প্রায় বন্ধ করে।
আশ্রয়প্রার্থীদের নিয়ে ট্রাম্প প্রশাসন নতুন যেসব নিয়ম জারি করেছে সেগুলো হচ্ছে—
*যারা আশ্রয় আবেদন করার পর আয়কর দেননি তাদের আবেদন নামঞ্জুর হবে।
*যেসব কারণ দেখিয়ে আশ্রয়প্রার্থনা করা হয়েছে তার প্রায় কমন বিষয় নিজ দেশে পারসিকিউশন বা হয়রানি ও রাজনৈতিকভাবে নির্যাতনের ভয়। এই পারসিকিউশনের নতুন ব্যাখ্যা প্রদান দেওয়া হয়েছে। অর্থাৎ ‘সিভিআর পারসিকিউশন’ (ভয়াবহ হয়রানি বা নির্যাতন) হতে হবে। সিভিআর-এর সংজ্ঞাও পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে।
*জেন্ডার বা লিঙ্গের ওপর ভিত্তি করে আশ্রয় আবেদন আরও কঠোর করা হয়েছে। এমনকি নারীরা আইএসের যৌনদাসী হিসেবে অবরুদ্ধ অবস্থা থেকে পালিয়ে এলেও তাদের আশ্রয় আবেদনযোগ্য বলে বিবেচনা করা হবে না।
*কোনো শুনানির সুযোগ না দিয়ে ইমিগ্রেশন বা অভিবাসন বিচারকেরা আশ্রয়প্রার্থিতা আবেদন নাকচ করতে পারবেন।
ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত সর্বশেষ বিধিনিষেধ সম্পর্কে কর্নেল ইউনিভার্সিটির স্কুল অব ল’র অধ্যাপক স্টিফেন ইয়েল বলেন, নতুন ইমিগ্রেশন আইন যুক্তরাষ্ট্রের আশ্রয় আবেদনের ব্যবস্থাকে ধ্বংস করে দেবে।
অধ্যাপক স্টিফেন আরও বলেন, যে কঠোর নিয়ম চালু করা হচ্ছে, তাতে অ্যাসাইলাম মঞ্জুর হওয়া এখন অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তবে আদালত চাইলে এই নতুন নিয়ম যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী আখ্যা দিয়ে তা রুখে দিতে পারে।
স্টিফেন বলেন, ট্রাম্প প্রশাসনের এই বিধিনিষেধের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে, তবে মামলার রায় হতে সময় লাগবে। আর এরই মধ্যে বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থী ক্ষতিগ্রস্ত হবে।
হিউম্যান রাইটস ফার্স্ট নামক মানবাধিকার সংগঠন বলেছে, নতুন ইমিগ্রেশন আইনের কারণে পালিয়ে আসা শরণার্থীদের অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত হবে। এ ছাড়া যারা আটককেন্দ্রে আছেন, যাদের অ্যাটর্নি নেওয়ার অর্থ নেই এবং যারা ইংরেজি জানে না, তারা বিপাকে পড়বে।
নতুন আইনে কোনো কারণ দর্শানো ছাড়া যেকোনো আশ্রয়প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।