বিদেশ নিয়ে ভ্রান্ত ধারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ এবং বিদেশিদের সম্পর্কে বাংলাদেশের অনেকেরই ভ্রান্ত ধারণা আছে। বিশেষ করে মনে করা হয় বিদেশ মানেই অবাধ স্বাধীনতার জায়গা। যেমন তাঁরা অনেকেই মনে করেন, বিদেশিরা যেমন খুশি তেমন চলাফেরা করে, মানে তারা অবাধ যৌনাচার করে; মদ বিক্রিতে বাধা নেই বলে খুব সহজেই মাতাল হয়ে যায় তারা! নারী-পুরুষ চাইলেই গলা ধরে হাঁটতে পারে। বিদেশে যাঁরা বসবাস করেন তাঁরা মদ্যপান করতে পছন্দ করেন বা পান করেন। আরও যত রকম অস্বাভাবিক, অনৈতিক সম্পর্ক আছে সব ক্ষেত্রেই বিদেশকে কটাক্ষ করে তৈরি মনোভাব আমাদের মধ্যে খুব খারাপ দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। বিদেশি মানেই বুঝি খুব অনিয়মিত কিছু। এদের মা-বাবা কোনো কিছুরই বুঝি ঠিক নেই! অথচ বাস্তব সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞানের খুব অভাব। যারা এ সব বিষয়ে জানেন তাঁরা হয় মিথ্যের সঙ্গে আরও মিথ্যে জুড়ে দিয়ে রোমাঞ্চ অনুভব করেন নতুবা সত্য বলার মতো লেখার মতো কেউ নেই বলে এই সব মিথ্যের ডালপালা গজায়!

দেশ থেকে মনে হয় বিদেশিদের চক্ষু লজ্জা বলতে কিছু নেই, তারা যেহেতু কাপড় পরার ব্যাপারে রাখঢাক করেন না, তাই তারা যে কোনো ব্যাপারে নির্লজ্জ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে খুব সাধারণ একটা ধারণা এই রকম ‘তারা যে কোনো জায়গায় শারীরিক সম্পর্ক তৈরিতে অভ্যস্ত’। আমি খুব আশ্চর্য হয়েছিলাম, আমার ছোটবেলার এক বন্ধুর কাছ থেকে এ রকম একটা প্রশ্নের সম্মুখীন হয়ে। আমি তখন তাকে বুঝিয়ে বললাম, যে নারে এ রকম কিছু নেই, কখনো দেখিনি। বরং অতিপ্রাকৃত বিষয়গুলো তারা ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখে। তাদেরও লজ্জাবোধ আছে, সমাজ সংসার সব আছে। রাস্তাঘাট বিশেষ করে এশিয়ান বা আমাদের কমিউনিটির ছেলেমেয়েদের আমি দেখেছি ট্রেনে বসে অনেক সময় চুমুর মতো অন্তরঙ্গ ঘটনায় কিন্তু আমেরিকান বিদেশিদের দেখিনি। চাইনিজ কোরিয়ান এদেরকেও দেখা যায়। দু’একজন স্প্যানিশ জুটিও থাকে। কালো জনগোষ্ঠীর কিছু আছে তবে এরা সবাই আমেরিকান নয়। তার প্রশ্নে তখন মনে পড়ল আমার এক ইউনিভার্সিটির বন্ধুর কথা, প্রায় ২০ বছর আগে যে ডালাস ইউনিভার্সিটিতে ছিল কিন্তু খুব কাল্পনিক ভাবে ছেলেমেয়েদের সম্পর্কের কথা বলেছিল এবং সেও তাদের মতো অতি আধুনিক একজন বলে নিজেকে জাহির করতে চেয়েছে। অথচ বাস্তবতা ছিল, সে রাতে পেট্রলপাম্পে কাজ করত, দিনে ক্লাস করত। তার সম্ভবত খুব স্বাভাবিক বন্ধুবান্ধবও ছিল না। আমি আমেরিকায় আসার পর তার ‍সঙ্গে দেখা হলে তাকে বললাম, ‘এ রকম কিছুতো রাস্তাঘাটে আমি দেখলাম না’। হো হো করে হেসে উঠল সে। কারণ সে যেভাবে বলত মনে হতো অনৈতিক যৌন সম্পর্কগুলো বিনা মূল্যে রাস্তায় প্রদর্শন হয়। তাই বিদেশ মানেই খারাপ কিছু এই রকম ভাবনা এভাবেই কিছু জায়গা করে নিয়েছে। এক ধরনের অদম্য কৌতূহল দেশের মানুষের ভেতর কাজ করে।

ম্যানহাটন মানেই খারাপ কিছু এ রকমই ধারণা পোষণ করেন এখানকার বাঙালি জনগোষ্ঠীর কেউ কেউ। এক ভদ্রমহিলা, জীবনে টাইমস স্কয়ার একবার গিয়েছিলেন কিন্তু তাঁর বিশ বছর নিউ ইয়র্কে বসবাসের জীবনে কখনো ম্যানহাটন যান নাই। কারণ জিজ্ঞেস করলে বললেন, তাঁর স্বামী পছন্দ করেন না। অথচ সিটিতে আমাদের অনেকেই কাজ করেন। আমিও দীর্ঘদিন ফিফথ এ্যভিন্যুতে কাজ করেছি। একটা দুটো গে-জুটি ছাড়া তেমন অস্বাভাবিক কিছু দেখিনি। হঠাৎ পেয়ে যাওয়া কাউকে ধরে জড়িয়ে ধরে গালে আলতো চুমু দেওয়া এখানকার রেওয়াজ। এটার মাঝে আমি অন্তত খারাপ কিছু দেখিনি।

এয়ারপোর্টে বিশাল জনগোষ্ঠীর মধ্যে বিদায় দিতে আসা জুটিদের যেমন চোখে পানি দেখি তেমনি হয়তো শেষবারের মতো প্রিয় মানুষটির ঠোঁটে একটি চুমু দিয়ে বিদায় নিতেও দেখি। এটা শুধু একটা মায়া-মমতার বহিঃপ্রকাশ মাত্র যা তাদের সমাজ ব্যবস্থায় স্বীকৃত। আমাদেরও এমন ইচ্ছে করে এবং করিও তবে লুকিয়ে; কিন্তু যখনই কেউ দেখে ফেলে সেটা খারাপের পর্যায়ে চলে যায়। আপনার মানসিক অবস্থা কতটা বিধ্বস্ত তা কেউ দেখে না। আপনি চুমু দিয়েছেন সেটাই বদনামের কারণ হয়ে যায়।

যাই হোক ৩১সে ডিসেম্বর রাত যাকে অতি উৎসব আমেজে ইংরেজি সনের থার্টিফার্স্ট নাইট ধরা হয়। আসার পর থেকেই মনে হতো ঘুরে দেখে আসি, কোথায় কী হয়? কিন্তু এত সাহস কোথায়? আর সত্যি বলতে এসব আনন্দ কখনোই তেমন টানেনি। তবে গত দু’বছর ধরে মধ্য রাতে কাজের সুবাদেই বের হই। ২০১৫তে অনেক রাত পর্যন্ত মেয়েকে নিয়ে টাইম স্কয়ারে ছিলাম। তেমন কোনো খারাপ দৃশ্য চোখে পড়েনি। গত বছর ৩১ শে ডিসেম্বর রাত ৪টা পারসন্স ব্লুবার্ডে ট্রেন মিস করে আমি জ্যামাইকা সেন্টারের দিকে হাঁটা দিয়েছি E ট্রেনের জন্য। প্রচণ্ড ঠান্ডা, তাই পরনে ভারী জ্যাকেটের ভেতর সোয়েটার ও ব্লেজার ছিল। হাঁটার কারণে আমি ঘামছি। তাই এক হাতে টেনে টেনে জ্যাকেট ব্লেজার খুলছি। আরেক হাতে ব্যাগ। হাঁটার কারণেই বোধ করি এক আফ্রিকান আমেরিকান আমাকে মাতাল ধরে নিয়ে জিজ্ঞেস করছে, ‘আর ইউ ওকে? ক্যান ইউ রিচ হোম?’ আমি হাঁটার দ্রুততা বাড়িয়ে বললাম, ‘ঠিক আছি।’ থার্টিফার্স্ট রাত মানেই খারাপ কিছু, সুনসান রাস্তায় একা এক মেয়েকে আমাদের দেশে পেলে কি করা হতো? কী ভাবা হতো? হয়তো কেউ উঠিয়েও নিয়ে যেতো। মাতাল অবস্থায় ট্যাক্সি ডেকে তারা বাড়িও ফেরে। এ দেশে মানুষ তার অবস্থানে থেকে আনন্দ-ফুর্তি অবশ্যই করে। তাই বলে সাধারণ মানুষ অন্য কাউকে সুযোগ পেলেই হেনস্তা করে না। প্রত্যেকটা স্থানেই এই রাতকে ঘিরে পার্টি-প্রোগ্রাম হয়, এই নয় যে যেমন খুশি যেখানে সেখানে দৃষ্টিকটু কিছু করা।

আরও একটা বিষয়, রাতে কাজ করা মানেই কিন্তু খারাপ কিছু না। এমন ধারণাও অনেকে পোষণ করেন, রাতের শহর মানেই না জানি কি? হ্যাঁ হয় অনেক কিছু। ক্যাসিনোগুলোতে লাইভ ড্যান্সার আছে, গানের শিল্পীরা আছে। টাকার বিনিময়ে খেলা, যাকে বলে জুয়া খেলা সবই আছে। সেক্স মিউজিয়াম আছে। তবে তা সে পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ এবং এসব জায়গায় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আগত অতি উচ্চ মানের পয়সাওয়ালারাই যাতায়াত করেন। একজন কর্মজীবী মানুষ কাজ শেষে কখন বাড়ি ফিরবে এটাই থাকে তার মুখ্য বিষয়, আপনার আমার মতোই স্বাভাবিক।

আরও কিছু বিষয় আছে, এ ব্যাপারে অনেকেই একমত হবেন, কারণ এ সব আজব গল্প শুনে এবং পড়েও বড় হয়েছি আমরা। যেমন, ‘বিদেশিরা খুব আশ্চর্য হন আমাদের দেশের মানুষের ৪০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন দেখে, তারা ভাবতেই পারেন না একজন মানুষের ‍সঙ্গে দীর্ঘ জীবন কাটানো’। এ সব কথা খুবই মিথ্যে। আমাদের দেশের নিম্নবিত্তদের মধ্যে সামাজিক বাস্তবতায় এমন অনেক ঘটনাই আছে যে, অনেকেই জানে না কে তার সন্তানের পিতা বা কে তার সন্তান? তাই বলে কোনো বস্তি গোটা সমাজের প্রতিনিধিত্ব করে না বা উদাহরণ হতে পারে না। সম্পর্ক ভাঙন ধরলে তারা ভণ্ডামি করে না, যে যার পথে চলে যায়। তবে বেশির ভাগের পরিবার আছে তারা আমাদের মতোই এক স্বামী-স্ত্রী নিয়ে ৫০ / ৬০ বছরও কাটিয়ে দেন। নিজে চলতে পারছেন না তবুও বয়স্ক সঙ্গিনীর দেখাশোনা করছেন। এগুলো আমার চোখে দেখা ঘটনা। কথা প্রসঙ্গে জানলাম, যে চার্চে গিয়ে যে বিয়েগুলো হয় তারা

তাদের গডকে সাক্ষী রেখে একজন আরেকজনকে গ্রহণ করেন তাই যত সমস্যা হোক মৃত্যুর আগ পর্যন্ত তারা

কেউ কাউকে ছাড়েন না। রেজিস্ট্রার বিয়ে শুধুমাত্র নিজেদের মাঝে যদি সম্পর্ক ভালো না থাকে যাতে সরে যেতে সমস্যা না হয় তাই।

বিয়ে না করেও অনেকে এক সঙ্গে জীবন যাপন করেন সন্তান সংসার সবই স্বাভাবিকভাবে চলছে। সন্তানের প্রতি স্নেহ দায়িত্ববোধ, প্রেমিকার প্রতি তাদের আনুগত্য, আন্তরিকতা একজন স্ত্রীর চেয়ে কোনো অংশে কম নয়। তিন বাচ্চার মা একজনকে একবার প্রশ্ন করেছিলাম যে বিয়ে করছ না কেন? সে বলল, বিয়ে করা মানে কোনো কারণে যদি তার বনিবনা না হয় আইনত ভাবে আলাদা হওয়া; মানে তার প্রেমিকের সম্পত্তির অংশ পাওয়া কিন্তু সে সে রকম কিছুই চায় না। তাকে কোনো সমস্যায় ফেলতে চায় না। কোনো পুরুষের সংসার থাকার পরেও যদি তার কোনো গার্লফ্রেন্ড থাকে তবে সে শুধু প্রেম বা দৈহিক সম্পর্কের মাঝেই সীমাবদ্ধ থাকে না, সে তার গার্লফ্রেন্ডকে যথাযথ আর্থিক সাহায্য করে যতটা সম্ভব দেখাশোনা করে।

অবশেষে আমি এটুকুই বলতে চাই বিদেশ মানেই যে অনৈতিক বিষয়ে ভরা এমন কিছু তা নয়। অতি মানবিক গুণাবলির অনেক কিছুই বিদেশিদের মাঝেও আছে। তারাও সন্তানের প্রতি দায়িত্ব পালনে অভ্যস্ত, বৃদ্ধ মাতা-পিতার প্রতি শ্রদ্ধাশীল, যত্নশীল। ব্যতিক্রম অল্পবিস্তর সব সমাজেই আছে তাই বলে তা উদাহরণ হতে পারে না।