বিদেশি উপহার নিয়ে ফাঁসলেন ট্রাম্প
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরও ডোনাল্ড ট্রাম্প তাঁর ব্যবসা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেননি। তিনি এখনো নিয়মিত তাঁর ব্যবসার আয়-ব্যয়ের হিসাব নিয়ে থাকেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে বিভিন্ন বিদেশি সরকার তাঁকে লাখ লাখ ডলারের উপহার পাঠিয়েছে, যা মার্কিন শাসনতন্ত্রের লঙ্ঘন। এ অভিযোগ তুলে ফেডারেল আদালতে মামলা ঠুকেছেন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের দুই অ্যাটর্নি জেনারেল।
এ অভিযোগ তুলে এর আগেও একাধিক মামলা হয়েছে, তবে এই প্রথম অঙ্গরাজ্য পর্যায়ে মামলা সম্মুখীন হলেন ট্রাম্প। তাঁদের দায়ের করা মামলায় এই দুই অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেছেন, সব ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ থেকে তিনি দূরে থাকবেন, অভ্যন্তরীণ ও বিদেশি বাণিজ্যিক স্বার্থ থেকে কোনো ফায়দা নেবেন না, প্রেসিডেন্ট হওয়ার সময় ট্রাম্প এই শপথ নিয়েছিলেন। কিন্তু বাস্তবে তিনি সে শপথ রক্ষা করেননি। ট্রাম্পের পুত্র এরিকের কথার উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে, তিনি এখনো তাঁর কোম্পানির অর্থনৈতিক হিসাব-নিকাশসংক্রান্ত খবরাখবর নিয়মিত পেয়ে থাকেন। ওয়াশিংটন ডিসিতে সদ্যনির্মিত ট্রাম্প হোটেলের মাধ্যমে তিনি কুয়েত ও সৌদি আরবসহ বিভিন্ন সরকারের কাছ থেকে মোটা অঙ্কের ব্যবসা পেয়েছেন। মামলার অভিযোগনামায় বলা হয়েছে, শাসনতন্ত্রে বিদেশি উপহার রোধের যে ধারা আছে, ট্রাম্প তা লঙ্ঘন করে চলেছেন। এই দুই অ্যাটর্নি জেনারেল দাবি করেন, একটি ‘সৎ সরকার’ পাওয়ার অধিকার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যসহ আমেরিকার সব নাগরিকের রয়েছে।
জানা গেছে, এ মামলার সুবাদে ট্রাম্পের আয়কর দাখিলের কপি আদালতের সামনে স্থাপনের দাবি উঠতে পারে। পর্যবেক্ষকদের ধারণা, এই আয়করের হিসাব থেকেই স্পষ্ট হবে ট্রাম্প বিদেশি সরকার বা ব্যাংকের সঙ্গে কোনো গোপন লেনদেনের সঙ্গে যুক্ত কি না।