অভিজাতদের অতলস্পর্শী লোভ আধুনিক সময়ের অন্যতম বৈশিষ্ট্য। বড় ব্যবসায়ী, রাজনৈতিক অভিজাত কিংবা ধনাঢ্যদের বংশধর, বিশ্বের সব ধনীরাই জীবনের অর্ধেক পার করেন আরও কিছু কামিয়ে নিতে। আর বাকি অর্ধেক পার করেন যতটা সম্ভব কম কর দিয়ে ওই আহরিত সম্পদের সুরক্ষায়। আর এই দ্বিতীয়ার্ধের মূল অস্ত্র হিসেবে তাঁরা বেছে নেন করস্বর্গকে, যেখানে হয় করহার অত্যন্ত কম কিংবা কোনো করই নেই। বিভিন্ন সময় বিষয়টি আলোচনায় এসেছে। কিন্তু নিউইয়র্ক শহরের আবাসন খাতও যে সারা বিশ্বের অভিজাতদের কাছে এমন করস্বর্গ হিসেবে বিবেচিত হচ্ছে, তা কখনোই আলোচনায় আসেনি।
কয়েক দশক ধরেই সারা বিশ্বের সরকারগুলোর কাছেই করস্বর্গ এক বিরাট সমস্যা হয়ে রয়েছে। পানামা পেপারস কিংবা সর্বশেষ প্যারাডাইস পেপারসে এ ধরনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। কিন্তু এসব ক্ষেত্রে বিশ্বের মানুষের কাছে পরিচিত করস্বর্গগুলোই আলোচনায় এসেছে। বাদ থেকে গেছে কর ফাঁকিবাজদের অনুসৃত আরও অগণিত পন্থা। এরই একটি হচ্ছে আবাসন খাত। বিভিন্ন দেশের কর ফাঁকিবাজেরা বর্তমানে এই পন্থা বেশি অবলম্বন করছে, যার দিকে চোখ ফেরানো উচিত বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রথমেই কর ফাঁকির বিষয়টি ভালোভাবে বোঝা প্রয়োজন। প্রতিটি করপোরেশন ও ব্যবসা নিজের অস্তিত্বের জন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল। কোনো দেশের আইনকে পাশ কাটিয়ে কোনো উদ্যোগ টিকে থাকতে পারে না, কখনো পারেওনি। রাষ্ট্রীয় এ কাঠামোর মধ্যে থেকে ধনাঢ্য ব্যক্তিরা সম্পদের পাহাড় গড়ে তোলেন। আর তারপর ওই রাষ্ট্রকেই যতটা সম্ভব পাশ কাটিয়ে অর্জিত এ সম্পদ সুরক্ষিত করতে চায়। আর এ ক্ষেত্রে ম্যানহাটনের মতো ব্যয়বহুল এলাকায় আবাসন খাতে বিনিয়োগ একটি মাধ্যম হয়ে এসেছে তাদের জন্য।
নিউইয়র্ক টাইমস-এর অনুসন্ধানে দেখা গেছে, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্য ম্যানহাটনের আবাসন খাতের মোট বিনিয়োগের প্রায় ৩০ শতাংশই হয় সরাসরি বিদেশির কিংবা এলএলসির (লিমিটেড লায়াবিলিটজ কোম্পানি) আওতায় করা হয়েছে। এলএলসির আওতায় বিদেশি বিনিয়োগকারীদের পরিচয় অনেক ক্ষেত্রেই গোপন রাখা হয়। এ দুটি ক্ষেত্রেই কর রেয়াত দেওয়া হয় আমেরিকায়।
রাশিয়া কিংবা এ ধরনের দেশগুলো থেকে আসা বিনিয়োগকারীদের আমেরিকায় এ ধরনের বিনিয়োগের বিপরীতে কিছু কর দিতে হয়। এ ছাড়া সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এমন আরও বহু ক্ষেত্র, যেখানে এমনকি বিনিয়োগকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তাও মেলে।
তবে মার্কিন আবাসন খাত অন্য করস্বর্গগুলোর তুলনায় কিছু বিশেষ সুবিধা দেয় এসব বিনিয়োগকারীদের। কারণ, বারমুডা ও সিসিলির মতো করস্বর্গগুলো অনেক ছোট। কিন্তু এসব বিদেশি বিনিয়োগকারী নিউইয়র্ককে নিউইয়র্কবাসীর জন্যই কঠিন করে তুলছে। আবাসন খাতে প্রচুর বিদেশি বিনিয়োগ আসায় ক্রমাগত বাড়ছে দাম। ফলে অনেক নিউইয়র্কবাসীই এ খাতে বিনিয়োগ করতে পারছেন না। একই সঙ্গে বাড়ছে বাড়িভাড়াও। বিদেশি বিনিয়োগকারীদের অনেকেই বহু অ্যাপার্টমেন্ট ভাড়া দিচ্ছেন না। এতে ভাড়া দেওয়ার মতো খালি বাড়ির সংখ্যা কমে যাচ্ছে। বাড়ছে বাড়িভাড়া। নিউইয়র্কের পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ৪৯ ও ৭০ স্ট্রিটের মধ্যবর্তী এলাকার অ্যাপার্টমেন্টগুলোর অন্তত ৩০ শতাংশ বছরে ১০ মাস খালি পড়ে থাকে।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে বহু বিদেশি বিনিয়োগকারী ও তাদের প্রতিষ্ঠানগুলো অর্থ পাচারের মতো কাজে জড়িত। নির্বাচনে রুশ হস্তক্ষেপের জন্য সম্প্রতি অভিযুক্ত পল ম্যানাফোর্টেরও নিউইয়র্কের আবাসন খাতের সঙ্গে যোগ ছিল। আর তিনি অর্থ পাচারের জন্যও অভিযুক্ত হয়েছেন।
ম্যানহাটনের মতো একই অবস্থা লন্ডনেরও। সেখানেও বহু বিদেশি বিনিয়োগকারী ভিড় জমায় শুধু অর্জিত সম্পদকে করের হাত থেকে বাঁচাতে। অর্থনীতিবিদ গ্যাব্রিয়েল জাকম্যান বলেন, ‘এটা বোধগম্য নয় যে আমরা ঠিক কী কারণে ম্যানহাটন ও লন্ডনের একটি বড় অংশ পরিচয়হীন বিদেশিদের হাতে তুলে দিচ্ছি, যারা এমনকি অপরাধী ও অর্থ পাচারকারী হতে পারে।’
প্রশ্ন হচ্ছে এটি রোধে কী করা যেতে পারে। নিউইয়র্ক টাইমস-এর মতে, প্রথমেই যেটি প্রয়োজন তা হলো অর্থ পাচারের বিরুদ্ধে পুরো প্রশাসনকে এককাট্টা হওয়া। দেরি হলে এসব মুখোশধারী বিদেশি বিনিয়োগকারীকে ধরা অনেক কঠিন হয়ে পড়বে। শুরুতেই সন্দেহজনক লেনদেনের জন্য সম্পদ বাজেয়াপ্ত করা যেতে পারে। একই সঙ্গে আবাসিক অ্যাপার্টমেন্ট মুখোশধারী বিদেশিদের কাছে বিক্রিতে কড়াকড়ি আরোপ করা যেতে পারে। অনেক পন্থাই বের হতে পারে। কিন্তু এটি সম্ভব শুধু এটি মাথায় রাখলেই যে আমেরিকা বিশেষত নিউইয়র্কের আবাসন খাতকে কর ফাঁকির জন্য ব্যবহার করছে বিদেশিরা।