বিদেশে দেশের রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও বিএনপি বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল। দুটি দলই এ দেশের আইন মেনে রাজনীতি করে। গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলের নিবন্ধন শর্তে বলা আছে, বাংলাদেশের ভূখণ্ডের বাইরে কোনো রাজনৈতিক দলের অঙ্গ বা শাখা সংগঠন থাকতে পারবে না। থাকলে সেই দল নিবন্ধন পাওয়ার যোগ্য হবে না। বলা যায়, নিবন্ধন বাতিলও হবে।
অন্যদিকে আওয়ামী লীগ-বিএনপি তাদের গঠনতন্ত্রে বলেছে, বাংলাদেশের বাইরের কোনো দেশে তাদের কোনো সংগঠন থাকলে সেই সংগঠন সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। এর অর্থ, আমেরিকাতে আওয়ামী লীগ ও বিএনপির নামে কোনো সংগঠন থাকলে তাদের আমেরিকার আইন মেনে চলতে হবে।
কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, আমেরিকাতে এ দুটি দলের নেতা-কর্মীরা নেতৃত্ব ও পদ-পদবির দখল নিয়ে মারামারি ও হানাহানিতে লিপ্ত হয়েছেন। এসব ঘটনায় বাংলাদেশের আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের ভাষ্য, এসবের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই।
এ থেকে বেশ কয়েকটি বিষয় পরিষ্কার হয়ে যায়। যেমন আমেরিকার আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপির সরাসরি কোনো সম্পর্ক নেই। দল দুটির এখানকার রাজনৈতিক কর্মকাণ্ডে বা সভা-সমাবেশে বাংলাদেশের নেতাদের সম্পৃক্ত করা বা ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। এখানে দল দুটির নেতৃত্বে কে বা কারা থাকবেন, সেটা আমেরিকার আইন অনুযায়ী এখানকার নেতা-কর্মীদের ঠিক করতে হবে।
আমেরিকায় আওয়ামী লীগ-বিএনপির রাজনীতির নামে যা হচ্ছে, তাকে ঠিক গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলা যায় না। যে দেশে প্রেসিডেন্ট থেকে একজন কাউন্সিলম্যানকে পর্যন্ত দলীয় মনোনয়ন পেতে প্রাইমারি থেকে একে একে জিতে আসতে হয়, সেখানে আমাদের সংগঠনগুলোও এমন চর্চা করবে, এ প্রত্যাশা সবার। বাংলাদেশেও যেখানে রাজনৈতিক দলগুলো নিয়মিত কাউন্সিল করে, সেখানে বিদেশে এই চর্চার সুযোগ আরও বেশি।
আমেরিকায় দেশের দুটি বড় দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ড দেখে বলা যায়, তাঁরা এখানে বসে যা করছেন, তা বাংলাদেশের ভাবমূর্তির জন্য ভালো নয়। আর আইনগতভাবে এখানকার রাজনীতিতে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিংবা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে টেনে আনার কোনো ভিত্তি নেই। কারণ, তাঁরা বাংলাদেশের রাজনীতি করেন, আমেরিকার নয়। তাই এসব বিরোধ নিষ্পত্তিতে আনুষ্ঠানিকভাবে ভূমিকা রাখার সুযোগ তাঁদের নেই। কিন্তু শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে পরিচয়, সম্পর্ক, ঘনিষ্ঠতার দোহাই দিয়ে কোনো নেতার সংগঠনে পদ-পদবি দখল করে রাখার অভিযোগ প্রায়ই শোনা যায়। এ–সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণ উপায়ে নিজেদেরই মেটাতে হবে। তবে তা অবশ্যই গণতান্ত্রিক চর্চার মাধ্যমে। এই গণতান্ত্রিক চর্চার প্রধান শর্তই হলো সহনশীলতা ও বিরুদ্ধ মতের প্রতি শ্রদ্ধা। সেটা কী এই নেতারা দেখাতে পারবেন, এটাই প্রশ্ন।