বিদ্বেষ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশিদের প্রতিবাদ
নিউইয়র্কে বিদ্বেষ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানালেন ব্রঙ্কসে বসবাসরত বাংলাদেশি জনসমাজ। প্রতিবাদ সভায় তাঁরা বলেছেন, একযোগে প্রতিবাদ না করলে কমিউনিটির ওপর ঘৃণা সন্ত্রাস আরও বাড়বে।
গত সপ্তাহান্তের এ প্রতিবাদ সভায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘৃণা সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। গত কয়েক সপ্তাহে নিউইয়র্কের নানা এলাকায় বিদ্বেষ ও সন্ত্রাসের শিকার হয়েছেন বেশ কিছু বাংলাদেশি।
গত ২১ মে রাতে কাজ থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ব্রঙ্কসের বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিক মাহমুদ। হামলার পর তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে ব্রঙ্কসে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করেছে কমিউনিটির সদস্যরা। উপস্থিত অভিবাসীরা অনতিবিলম্বে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলার তদন্ত ও বিচার দাবি করেন। পাশাপাশি কমিউনিটির নিরাপত্তার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি পরিশ্রমী ও মডেল কমিউনিটি হিসেবে পরিচিত। আমাদের কষ্টের উপার্জন থেকে নিয়মিত ট্যাক্স দিই। অথচ নিরাপত্তা সহযোগিতা পেতে আমরা সবার থেকে পিছিয়ে আছি।
তাঁরা বলেন, আমরা ভয়ের মাঝে বাস করতে চাই না। আমরা চাই না কেউ অন্যায়ভাবে আমাদের কমিউনিটিকে টার্গেট করে হামলা করুক। আমাদের সন্তানরা এখানে পড়াশোনা করে। তারা যদি দেখে আমাদের ওপর অন্যায় হচ্ছে, তাহলে তারাও ভয় পাবে। তাই আমাদের সবাইকে ভয় পেয়ে চুপ না থেকে, এক সঙ্গে প্রতিবাদ জানাতে হবে।
বক্তারা আরও বলেন, সিটির ক্যাবচালকদের বড় অংশ বিদ্বেষ, সন্ত্রাস ও শারীরিক হামলার মুখোমুখি হচ্ছেন। সবাই আশা করেন সিটি প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিরা এসব হামলা ও সন্ত্রাস আর বাড়তে না দিয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে এবং রেজা আবদুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন—ডিস্ট্রিক্ট ১৮-এর কাউন্সিলম্যান প্রার্থী এন মজুমদার ও মির্জা রশিদ, আয়োজক কমিটির সদস্য কাজী রবিউজ্জামান, কামরুজ্জামান শামীম, নাসির উদ্দীন, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. আলাউদ্দীন, মো. আল আমিন, রঞ্জু মিয়া, নাসির উদ্দীন ও বরিশাল সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ব্রঙ্কস কমিউনিটির অভিভাবক আবদুস শহীদ, আবদুর রহিমসহ কমিউনিটির নেতৃবৃন্দ।
সমাপনী বক্তব্যে সেলিম রেজা বলেন, আমরা সর্বোচ্চ ট্যাক্স দিয়ে সর্বনিম্ন সুযোগ-সুবিধা পাই, এভাবে চুপ থেকে নয় বরং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের সন্তানদের একটা ভয় মুক্ত শহর উপহার দিতে চাই।