বিদ্বেষ বাড়িয়ে গেল যে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষ্ণাঙ্গদের এ ​গির্জা পুড়িয়ে দেয় ট্রাম্প সমর্থকরা l রয়টার্স
কৃষ্ণাঙ্গদের এ ​গির্জা পুড়িয়ে দেয় ট্রাম্প সমর্থকরা l রয়টার্স

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারে এত বেশি তিক্ততা আর নোংরা বাগ্‌যুদ্ধ এবং দেশের ভবিষ্যৎ প্রশ্নে ভোটারদের এতটা বিভক্তি নিয়ে এর আগে কখনো ভোট দিতে দেখা গেছে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
শুরু থেকেই তীব্র বাদানুবাদ হয় প্রার্থীদের মধ্যে। আক্রমণ পৌঁছায় ব্যক্তিপর্যায়ে। কটু কথার ব্যবহারও হয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে ‘ন্যাস্টি উইমেন’ (জঘন্য নারী) হিসেবেও আখ্যায়িত করেছেন।
ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে গত বছর বিদ্বেষপ্রসূত হামলার ঘটনা ৬ শতাংশ বেড়েছে। মুসলমানদের বিরুদ্ধে হামলার ঘটনা বেড়েছে ৮৬ শতাংশ।
এবারের নির্বাচনে ট্রাম্পের বর্ণবাদী ও ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য পুরো নির্বাচন-প্রক্রিয়াকে জটিল করে ফেলেছে। তাঁর প্রচারণায় হাজির হয়েছে শ্বেতাঙ্গ বর্ণবাদী সংগঠন কু ক্লাক্স ক্লান (কেকেকে)।
ইন্ডিয়ানা রাজ্যের ককোমো শহরে বহু আফ্রিকান-আমেরিকান লোক বসবাস করে। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে সেখানে অনেক গাড়িতে, বাসায় ও টেলিফোন বুথে বর্ণবাদী কু ক্লাক্স ক্লানের চিহ্নসংবলিত কেকেকে বিচ লেখা দেখতে পাওয়া যায়। শুধু এই শহরেই নয়, যুক্তরাষ্ট্রের অনেক শহরেই ছড়িয়ে পড়ছে বর্ণবাদ।
ককোমো শহরে ক্যারেন পিটার্সের বাসায়ও এমন দেয়ালচিত্র লিখে যায় অজ্ঞাতনামা লোকজন। সব দেখেও তিনি চুপ। তিনি মনে করেন, এটা রাজনৈতিক কারণেই হচ্ছে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পিটার্স বলেন, নির্বাচনী প্রচারণার উত্তাপের কারণেই এমনটা হচ্ছে। বিশেষ করে ট্রাম্পের উগ্রবাদী বক্তব্যের কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। তিনি বলেন, ‘যখন একজন প্রার্থীই অজ্ঞতাপূর্ণ কথা বলেন, তখন সাধারণ মানুষ মনে করতে পারেন এই ধরনের কাজ করা যায়। এটা খুবই বিরক্তিকর। মনে হচ্ছে, আমাদের দেশ পেছনের দিকে যাচ্ছে।’
শুধু পিটার্সের বেলায় নয়, বিদ্বেষপূর্ণ ও আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য যুক্তরাষ্ট্রজুড়েই শৃঙ্খলা ও নির্বাচনী ব্যবস্থার ওপর আঘাত হানছে। এটাকে পরিমাপ করা কঠিন। কেননা, এই ধরনের বক্তব্যের কারণে রাজনৈতিক বিদ্বেষমূলক কী কী অপরাধ হচ্ছে তার কোনো পরিসংখ্যান নেই। তবে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ ফলাফলে দেখা গেছে, ভোটারদের উল্লেখযোগ্য অংশ মনে করে, রাজনৈতিক প্রতিপক্ষকে অপদস্থ করা যেতে পারে। গত মার্চে এই হার ছিল ৩০ শতাংশ। গত অক্টোবরের জরিপে দেখা যায়, এই হার বেড়ে ৪৩ শতাংশে দাঁড়িয়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলে অধিকাংশ ভোটার প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীকে বিদ্বেষভাবাপন্ন মনে করেন।

ভোর ছয়টায় শুরু হবে ভোটগ্রহণ। কিন্তু ‘রাত থাকতেই’ লাইনে দাঁড়িয়ে গেছেন ভোটাররা। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ার একটি ভোটকেন্দ্র থেকে তোলা ছবি l এএফপি
ভোর ছয়টায় শুরু হবে ভোটগ্রহণ। কিন্তু ‘রাত থাকতেই’ লাইনে দাঁড়িয়ে গেছেন ভোটাররা। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ার একটি ভোটকেন্দ্র থেকে তোলা ছবি l এএফপি

বেশির ভাগ ক্ষেত্রে বিদ্বেষপূর্ণ বক্তব্যে তির ছুটে যাচ্ছে অভিবাসীদের ওপর। আরও বিশেষভাবে বলতে গেলে আফ্রিকান-আমেরিকান ও মুসলমানদের ওপর। তাদের হিলারির সঙ্গে এক কাতারে নিয়ে এনে সমালোচনা করা হচ্ছে। সন্ত্রাসবাদ নিয়ে বিতর্কের বেলায় অধিকাংশ সময় উগ্র ডানপন্থীরা (আলট্রা-রাইট) শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও অভিবাসীবিরোধী ইস্যুগুলো হাজির করছে। এই উগ্র জাতীয়তাবাদীরা এত দিন রাজনৈতিকভাবে আড়ালে থাকলেও বর্তমানে তারা ট্রাম্পের প্রচারণার সঙ্গে নিজেদের জুড়ে দিয়েছে।
অনেকেই ট্রাম্পের অভিবাসননীতিকে বাস্তবায়ন-অযোগ্য বলে মত দিয়েছেন। কিন্তু এই নীতি প্রচার করেই তিনি এত দূর এসেছেন। এর মধ্যে আছে অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকোর অর্থ দিয়েই সে দেশের সঙ্গে দুই হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্তে দেয়াল নির্মাণ করা। অবৈধ অভিবাসীদের বহিষ্কারের কথা বলে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেন তিনি। জঙ্গিবাদের কারণে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন।
মিশেল হিল নামের এক ব্যক্তি নিজেকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী হিসেবে দাবি করেন। তাঁর মন্তব্য, ট্রাম্পের এই নীতিগুলোর মাধ্যমেই উগ্র ডানপন্থী দলগুলোর দাবি করা শ্বেতাঙ্গ ও খ্রিষ্টানদের বিষয় সামনে আসছে।
এই ধরনের জাতীয়তাবাদের জোয়ার কিছুদিন আগে যুক্তরাজ্যেও দেখা গেছে। সেখানে ব্রেক্সিট নিয়ে ভোটের আগে লেবার পার্টির এমপি জো কক্সকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেন থমাস মাইর নামে এক ব্যক্তি। তিনি নিজে উগ্র জাতীয়তাবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
অনুরূপভাবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিদ্বেষ, সহিংসতা ও ভাঙচুরের খবর প্রতিনিয়তই আসছে। সম্প্রতি মিসিসিপি রাজ্যে ট্রাম্পের পক্ষের লোকজন একটি গির্জায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত এলাকার ওই গির্জার দেয়ালে লেখা ছিল, ‘ট্রাম্পকে ভোট দিন’। গত মাসে নর্থ ক্যারোলিনায় রিপাবলিকানদের একটি কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশের ভবনে স্প্রে দিয়ে লেখা হয়, ‘নাৎসি রিপাবলিকানরা শহর ছেড়ে যাও।’