যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর প্রথম ১০০ দিনে সংঘটিত ‘হেইট ক্রাইম’ বা বিদ্বেষমূলক অপরাধের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ইনস্টিটিউট।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, নিউইয়র্কের জনবহুল এলাকা ম্যানহাটন ও ব্রুকলিনে এবং নিউইয়র্ক ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশপাশে বিদ্বেষমূলক যা কিছু ঘটবে, সেগুলো এ তালিকাভুক্ত হবে।
শারীরিক আক্রমণের পাশাপাশি বিদ্বেষমূলক মন্তব্য ও দেয়াললিখনের মতো বিষয় তালিকায় অন্তর্ভুক্ত করতে চাইলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য ছাত্রছাত্রীদের অনুরোধ জানানো হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ইনস্টিটিউটের পরিচালক আমিতা মাগঘনানি বলেছেন, এসব ‘হেইট ক্রাইম’ তালিকাভুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামবিরোধী, বর্ণবাদী ও অন্য সব ধরনের ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে পারবে।