বিনা পয়সায় ইস্ট রিভারে কায়াকিং

একবার ভাবুন তো, মাথার ওপরে ঝকঝকে নীল আকাশ, নিচে স্বচ্ছ নীলাভ জলরাশি, তার তীর ঘেঁষে গজিয়ে ওঠা তিলোত্তমা এক নগরী! এই বিস্ময় নগরীর আকাশছোঁয়া সব কাচের বিল্ডিং আর সুনীল আকাশের প্রতিবিম্ব আপনি উপভোগ করছেন সেই অথই জলরাশির বুকে সাম্পানে ভেসে ভেসে! তাও আবার একদম বিনে পয়সায়! ভাবা যায়!!
বিশ্বের পঞ্চম ব্যয়বহুল শহর নিউইয়র্কে বিনে পয়সায় এ রকম বিনোদন অকল্পনীয় বটে! তবে এ রকম চমৎকার একটি অভিজ্ঞতাই আপনি পেতে পারেন ব্রুকলিন ব্রিজ পার্ক বোট হাউসে।

পশ্চিমা বিশ্বে জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টস কায়াকিং। জলে ভেসে বেড়ানোর রোমাঞ্চকর এই স্পোর্টসটি সাধারণত ব্যয়বহুল। অথচ ব্রুকলিন ব্রিজ পার্ক বোট হাউস কর্তৃপক্ষ প্রতি বছর সামারে ইস্ট রিভারে কায়াকিংয়ের সুযোগ করে দিচ্ছে একেবারে বিনা পয়সায়। অ্যাডভেঞ্চারের লোভে তো বটেই, ইস্ট রিভারের বুকে দৃষ্টিনন্দন ব্রুকলিন ব্রিজ আর লোয়ার ম্যানহাটনের সৌন্দর্যের টানেও প্রতি সপ্তাহান্তে এখানে ভিড় করেন শত শত দর্শনার্থী। জাতীয় ছুটির দিন বাদে, জুন থেকে সেপ্টেম্বর প্রতি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ৬টা ৪৫ মিনিট আর শনি ও রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছেলে-বুড়ো সবার জন্য উন্মুক্ত এই জল ক্রীড়ার সুযোগ। একা কিংবা সদলবলে, সপ্তাহান্তে চলে যান বোট হাউসের পিয়ের ২–এর শেষ প্রান্তে, তারপর নিজেই হয়ে উঠুন সাম্পানের মাঝি হয়ে। ভিড় এড়াতে সকাল সকাল চলে যাওয়াই ভালো।
কায়াকিংয়ের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চিন্তার কিছু নেই। যাবতীয় গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়ে যাবেন স্বেচ্ছাসেবকদের কাছ থেকে। এরা এতটাই আন্তরিক যে, চাইলে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া থেকে শুরু করে এমনকি বোটে পর্যন্ত তুলে দেবে! আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পানিতেও সদা টহলরত একদল স্বেচ্ছাসেবক। কাজেই সাঁতার না জানলেও ভয় নেই।
কায়াকিংয়ের মজার অভিজ্ঞতা নিতে নদীর বুকে ঘুরে বেড়াতে পারবেন ২০ মিনিট, রয়েছে নির্ধারিত সীমানা রেখা। তবে সময় অল্প হলেও এই ২০ মিনিটে যে অনন্য অভিজ্ঞতা হবে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে আপনার জীবনে।
সামার যাই যাই করছে, হাতে সময় আছে আর মাত্র এক মাস। আগামী সপ্তাহান্তেই ঘুরে আসতে পারেন সাম্পানে।