বিনা মূল্যে কবরসহ দাফন সহায়তা দেবে জালালাবাদ অ্যাসোসিয়েশন
আমেরিকায় বসবাসরত সিলেট বিভাগের অসহায় ও অসচ্ছল মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির এ ক্রান্তিকালে আমেরিকায় বসবাসরত অসচ্ছল সিলেটীদের খাদ্য, বিনা মূল্যে কবর ও দাফন সহায়তাসহ মানবিক সাহায্য প্রদানে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
১১ এপ্রিল রাতে সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় অনুষ্ঠিত টেলিকনফারেন্সের মাধ্যমে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট বিভাগের অসচ্ছল পরিবারের মানুষের লাশ দাফনের জন্য বিনা মূল্যে কবর প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া শেষকৃত্যের খরচের জন্য সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বলা হয়, সিলেট বিভাগের কোনো প্রবাসীর যদি টাকার অভাবে মৃত ব্যক্তির দাফন-কাফনে অসুবিধা হয়, তাহলে তাদের সহায়তা করবে জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমেরিকায় বসবাসরত সিলেট বিভাগের কোনো ব্যক্তি যদি বৈধ কাগজ না থাকায় সরকারি সাহায্য না পান, তাহলে জালালাবাদ অ্যাসোসিয়েশন তাঁদের পাশে থাকবে। বেকারভাতার আবেদন করতে অসুবিধা হলে সংশ্লিষ্টরা সংগঠনের সহযোগিতা নিতে পারবেন। এ বিষয়ে সংগঠনের পক্ষে প্রয়োজনীয় সহযোগিতা করবেন সংগঠনের কর্মকর্তা রোকন হাকিম (৯১৭-৩৬২-২৪৪২) ও মান্না মুনতাসির (৯২৯-৩৩২-৯১২৫)। এ ছাড়া কবর ও অন্য যেকোনো সাহায্যের জন্য সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল (৮৬০-৯৩৮-৬৭১৮), সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (৯১৭-৬২২-৭৭৭৬) ও কোষাধ্যক্ষ মইনুল ইসলামের (৯১৭-৫৩৫-৪১৩১) সঙ্গে অথবা জালালাবাদ অ্যাসোসিয়েশনের যেকোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
সভায় সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সুনামগঞ্জ সমিতির উপদেষ্টা গিয়াস উদ্দিন, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর বড় ভাই দেওয়ান আজমল চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাহিত্য সম্পাদক ফখর উদ্দিনের বাবা আব্দুল খালিক, সাবেক নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুর রব, সাবেক সহসভাপতি শাহ আলাউদ্দিন এবং সাবেক সহসভাপতি মালেক আহমদ খানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় বাংলাদেশ সোসাইটির সদস্য বাকের আজাদসহ করোনাভাইরাসে কমিউনিটির শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য মইনুজ্জামান চৌধুরী, সৈয়দ ইলিয়াস খছরু, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল আজিজসহ যারা অসুস্থ সবার দ্রুত আরোগ্য কামনা করা হয়।
টেলিকনফারেন্সে অংশ নেন সংগঠনের সহসভাপতি আহবব চৌধুরী খোকন, জুসেফ চৌধুরী, শফি উদ্দিন তালুকদার, মনজুর চৌধুরী জগলুল, সহসাধারণ সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল হক, ক্রীড়া সম্পাদক শাহিন কামালী, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক শামীম আহমদ মনির, মহিলা বিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য হেলিম উদ্দিন, মান্না মুনতাসির, রোকন হাকিম ও মিজানুর রহমান।