
নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস। ২১ আগস্ট ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসির সৌজন্যে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশি কমিউনিটির প্রায় এক হাজার শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস। এ উপলক্ষে স্টার্লিং-বাংলাবাজার এলাকার ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা এসব স্কুল সামগ্রী গ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসির প্রেসিডেন্ট ও সিইও গৌরব কোঠারী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তরুণ সিপিএ আহাদ আলী, সংগঠনের সাবেক সভাপতি আবদুস সহীদ, উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, জুনেদ চৌধুরী, মাহবুব আলম, মো. শামীম মিয়া, সহসভাপতি তৌফিকুর রহমান ফারুক, আল আকসা রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার আলী হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন ডটকম ও সাপ্তাহিক জনতার কণ্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ বি এম সালাউদ্দিন, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুল মুহিত, আমিনুল ইসলাম চুন্নু, রফিকুল ইসলাম, মুকিত চৌধুরী, এম ডি আলা উদ্দিন, মো. মোতাসিন বিল্লাহ তুষার, শ্যামল কান্তিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সিপিএ আহাদ অ্যান্ড কো., আল আকসা রেস্টুরেন্ট ও মার্কস হোম কেয়ার।
অনুষ্ঠানে গৌরব কোঠারী বলেন, নতুন প্রজন্মকে উৎসাহ দিতে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি ধন্য। নতুন প্রজন্ম কমিউনিটির জন্য গৌরব ও সম্মান বয়ে আনবে—এ প্রত্যাশা সবার।
সংগঠনের সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক শামীম আহমদ সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। তাঁরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মকে উৎসাহ দিতে গত আট বছর ধরে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস বাঙালি শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। এ কাজে সব সময় পাশে থাকার জন্য পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসির স্বত্বাধিকারী গৌরব কোঠারীকে বিশেষ ধন্যবাদ জানান তাঁরা।