বিনিয়োগ তুলে নেবে না সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ তুলে নেওয়ার হুমকি বাস্তবায়ন করবে না বলে আশাবাদ প্রকাশ করেছে হোয়াইট হাউস। ৯/১১-এর হামলায় দায়ী বলে অভিযুক্ত দেশের বিরুদ্ধে মামলাসংক্রান্ত বিল পাস করা হলে বিনিয়োগ তুলে নেওয়ার হুমকির খবরের পরিপ্রেক্ষিতে সোমবার এ অভিমত দেয় ওবামা প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদি আরব  রওনা হওয়ার আগে এ খবর এল।

নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, গত মাসে ওয়াশিংটনে গিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবেইর বিনিয়োগ তুলে নেওয়া-সংক্রান্ত সৌদি বাদশাহর বার্তা পৌঁছে দেন।

এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা বিলটি সমর্থন করেন না। এমনকি এটি পাস হলে তিনি স্বাক্ষর না করার অবস্থানেই আছেন। আজ বুধবার ওবামার সৌদি আরব সফর শুরু হচ্ছে। গত সোমবার সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘অন্য দেশকে আমরা যখন মার্কিন আদালতে দাঁড় করাতে শুরু করব, তখন অন্য দেশেও আমাদের আদালতে দাঁড়াতে হতে পারে।’