বিনোদনের রাজধানীতে বাংলার আনন্দমেলা

ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আড্ডা, গান, কৌতুক আর আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো আনন্দমেলা। গ্রীষ্মকালীন উৎসব উপলক্ষে ৫ ও ৬ আগস্ট লিটল বাংলাদেশ-সংলগ্ন ভার্জিল মিডল স্কুলের মাঠে আয়োজন করা হয় দুই দিনব্যাপী আনন্দমেলার।
হাজার হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে আনন্দমেলা হয়ে ওঠে প্রবাসীদের বৃহৎ মিলনমেলায়, মনে হচ্ছিল যেন বাংলাদেশ ভূখণ্ডের কোথাও এই মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলেও দুই দিনই দুপুরের পর থেকে অনুষ্ঠানস্থলে দর্শকদের ঢল নামে। রাত সাড়ে আটটা থেকে দুই দিনই মধ্যরাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা শিল্পী ও স্থানীয় শিল্পীরা মাতিয়ে রাখে দর্শকদের।
আমেরিকার মূলধারা রাজনীতিবিদদের মধ্যে সিটি কাউন্সিল প্রেসিডেন্ট ও ভবিষ্যৎ সম্ভাব্য এল এ মেয়র হার্ব জে ওয়েসন জুনিয়র মেলায় উপস্থিত হয়ে সিটির পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটিকে শুভেচ্ছা জানান এবং এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। নানা প্রতিকূলতা কাটিয়ে কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে মেলাকে সফল করায় শিল্পী, কলাকুশলী, স্বেচ্ছাসেবী, অতিথিসহ সবাইকে আনন্দমেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান মোহাম্মদ আলী।
দুই দিনব্যাপী মেলার বড় আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মিউজিশিয়ান রূপম ও শাহনাজ বুলবুলের পরিকল্পনা ও পরিচালনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিশিল্পী হিসেবে গায়িকা দিলরুবা খান, শাহ মাহবুব ও মিতালী কাজলের পাশাপাশি কলকাতার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শো মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির কৌতুক উপস্থাপনা মধ্যরাত পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখে। কাজী মশহুরুল হুদার মূকাভিনয় ছিল আনন্দমেলার বাড়তি আকর্ষণ।
লস অ্যাঞ্জেলেসের সংগীতশিল্পীদের মধ্যে প্রথম দিন সংগীত পরিবেশন করেন তাবাসসুম, ইঞ্জিনিয়ার শহীদ আলম, রেহানা চুন্নু, আবু হানিফা, মোহম্মদ জামান, উপমা সাহা মজুমদার, আদনান খান, শাহনাজ বুলবুল প্রমুখ। নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী তানিশা, পূর্ণতা ও ইপশিতা।
দ্বিতীয় দিন সংগীত পরিবেশন করে পাঁচ বছরের শিশু শিল্পী ওয়াফি সাবিন। তার মুখে ‘মায়ের মতো আপন কেহ নাই রে...’ গানটি দর্শকদের উদ্বেলিত করে। এরপর একে একে কেয়া রহমান, আসিফ ইসলাম, স্ব-রাজ ব্যান্ড সংগীত পরিবেশন করে। নৃত্য পরিবেশন করে শিমরিন, ওয়ারিশা, মায়রা রহমান, ওয়াফি, আনিশা আলম, ইশু ও জিশান। আনন্দমেলার দুই দিনই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তারিন।

দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থাপনা করেন সাবেক চিত্রনায়ক মিঠুন চৌধুরী। প্রথম দিন তাঁকে সহযোগিতা করেন উপস্থাপিকা রোশনি আলম ও পরদিন কেয়া রহমান।
সামার ফেস্টিভ্যাল তথা আনন্দমেলার প্রধান আয়োজক ছিলেন লস অ্যাঞ্জেলেসের তরুণ কমিউনিটি সংগঠক খান মোহাম্মদ আলী। তাঁকে সহযোগিতা করেন শফিউল আলম বাবু, আবদুস সামাদ, ফেরদৌস খান, হোসাইন আলী, সোহেল রানা, খান দুলি, মেহেদি, জয়, জাকির, বিল্লাল, পলাশ, বাপ্পী, শুভ, হিমেল, ফয়সাল কোরেশি, নান্টু খান, শাহেদ খান, মনির, তাপস, জেবুল ও ইমরান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক কাউন্সিলম্যান খান মোহাম্মদ আলী ও লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের মেয়র নিযুক্ত কমিশনার মারুফ ইসলাম বাংলাদেশ থেকে আসা অভিনেত্রী তারিন, কণ্ঠশিল্পী দিলরুবা খান ও কৌতুকাভিনেতা আবু হেনা রনিকে সিটির পক্ষ থেকে সম্মাননা সনদ তুলে দেন।
সিটি কমিশনার মারুফ ইসলাম ও তাঁর স্ত্রী উইলশায়ার সেন্টার কোরিয়া টাউন এলাকার কাউন্সিলের নির্বাহী ভাইস চেয়ারম্যান জেরিন ইসলাম, কমিউনিটি অ্যাকটিভিস্ট, ভলান্টিয়ার্স, মিউজিশিয়ান ও গণমাধ্যমকর্মীদের সিটির পক্ষ থেকে স্বীকৃতি সনদ তুলে দেন।
লস অ্যাঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে জনসেবায় অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আনন্দমেলার যাত্রার প্রথম বছরে আয়োজকেরা কমিউনিটি সংগঠক মমিনুল হককে আজীবন সম্মাননা দেন।
আয়োজকেরা অনুষ্ঠানে ঘোষণা দেন, এখন থেকে বিনোদনের রাজধানী লস অ্যাঞ্জেলেসে এবার থেকে যুক্ত হলো ওয়েস্টকোস্টের বৃহত্তর লিটল বাংলাদেশ সামার ফেস্টিভ্যাল ‘আনন্দমেলা’।
উল্লেখ্য, লিটল বাংলাদেশে বাংলাদেশ ডে প্যারেড, বৈশাখী মেলা, ফ্রেন্ডস ক্লাব অব লস অ্যাঞ্জেলেসের বছরব্যাপী ক্রীড়া ও গ্র্যান্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিশাল ইফতার মাহফিল, ঈদ জামায়াত, চাঁদরাত মেলা, পূজা, গ্রীষ্ম মেলাসহ অনেক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হচ্ছে। বিজ্ঞপ্তি।