বিপদ ঘনিয়ে আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের

‘নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে/ তখন মনে হয় ওরা সত্যিকারের।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিতভাবেই সুনীল গঙ্গোপাধ্যায় পড়েননি। পড়ে থাকলে আবাসন ব্যবসায়ী থেকে রাজনীতিক হিসেবে জীবন বদলে নেওয়া ট্রাম্প বিপদটি সম্পর্কে আগেই সতর্ক হতে পারতেন। বাধ্য হয়ে হোক, আর জোরালো তদন্তের জেরেই হোক ট্রাম্পের দুই হাতই এখন তাঁর বিপদের কারণ হয়ে উঠেছে। বলা হচ্ছে, মাইকেল কোহেন ও পল ম্যানাফোর্টের কথা।
২১ আগস্ট দিনটিকে ট্রাম্প নিশ্চয়ই মনে রাখবেন। কারণ এই দিনটিতেই নিজের দুহাতের ওপর তর্কাতীতভাবে নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন মুখ খুলেছেন নিউইয়র্কের ম্যানহাটন আদালতে। বলেছেন, নির্বাচনী প্রচার চলাকালে বিধি লঙ্ঘন করে এক পর্নো তারকা ও আরেক মডেলকে যে অর্থ তিনি দিয়েছিলেন, তা ছিল ট্রাম্পের নির্দেশেই। আর ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের সাবেক প্রধান পল ম্যানাফোর্ট তো আদালতে সরাসরি অভিযুক্তই হয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা ১৮টি অভিযোগের আটটি প্রমাণ হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার তদন্তের শুরু থেকেই ট্রাম্প তদন্ত দলের প্রধান বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের গ্রহণযোগ্যতার পাশাপাশি পুরো তদন্ত কার্যক্রমকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন এবং করছেন। পাশাপাশি নিজের ঘনিষ্ঠ বলয়ে তিনি টেনে নিয়েছেন কিছু বিতর্কিত ব্যক্তিকে, যাদের আবার তিনি শুরু থেকেই ‘সর্বোৎকৃষ্ট’ হিসেবে বর্ণনা করছেন।
২১ আগস্ট ভার্জিনিয়া আদালতে ম্যানাফোর্ট দোষী সাব্যস্ত হয়েছেন। সিএনএন জানাচ্ছে, আটটি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ম্যানাফোর্টের বিরুদ্ধে সর্বোচ্চ ৮০ বছরের কারাদণ্ড হতে পারে। একই দিনে ম্যানহাটনের আদালতে মাইকেল কোহেন দোষ স্বীকার করে বক্তব্য দেন। শুধু তা-ই নয় তিনি নিজের অপরাধের সঙ্গে ট্রাম্পকেও জড়িয়ে নিয়েছেন। অর্থাৎ কোহেনের অপরাধের হুকুমের আসামি হতে যাচ্ছেন ট্রাম্প। এটা সত্যিই ‘নিজের দুহাত’ সত্যিকারের হয়ে ওঠার গল্প।
এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ও তাঁর অন্ধ অনুসারীদের মতো একমাত্র কল্পজগতের বাসিন্দাদের পক্ষেই এই দাবি তোলা সম্ভব যে, আমেরিকার নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের দাবিটি অপ্রাসঙ্গিক, বানোয়াট এমনকি গুজব। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই গুজবের অতল ফুঁড়ে এখন সত্য বেরিয়ে আসতে শুরু করেছে। নিউইয়র্ক টাইমসের ভাষায়, পল ম্যানাফোর্টের দোষী সাব্যস্ত হওয়াটা তদন্তকারীদের জন্য একটি বড় বিজয়। যদিও তাঁর বিরুদ্ধে আনীত ১০টি অভিযোগের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি আদালত। কিন্তু যে আটটি অভিযোগ প্রমাণ হয়েছে, তা-ই ম্যানাফোর্টের সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ডোবানোর জন্যও যথেষ্ট। এর মধ্যে ব্যাংকিং খাতে প্রতারণা, কর ফাঁকি ও বিদেশি ব্যাংকে নিজের হিসাব থাকার বিষয়টি গোপন করার অভিযোগ রয়েছে। বিচারে জুরিরা সর্বসম্মতভাবে ম্যানাফোর্টকে দোষী সাব্যস্ত করেছেন। এখানেই শেষ নয়, আগামী মাসেই ম্যানাফোর্ট ওয়াশিংটনে পৃথক এক শুনানির মুখোমুখি হতে যাচ্ছেন, যেখানে অর্থপাচার, সাক্ষ্য প্রতারণা, কর্তৃপক্ষের সঙ্গে মিথ্যাচারের মতো অভিযোগ রয়েছে।
ভার্জিনিয়া আদালত ম্যানফোর্টকে যখন দোষী সাব্যস্ত করছে, ঠিক তখনই কয়েক শ মাইল দূরে মাইকেল কোহেন নিজের অপরাধের সঙ্গে প্রেসিডেন্টকে জড়িয়ে বোমা ফাটাচ্ছেন। তিনি শুধু ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীই ছিলেন না, ছিলেন ‘ডান হাত’। যেকোনো কিছু সামাল দিতে তাঁকেই ডাকতেন ট্রাম্প। ট্রাম্পের ভাষায় কোহেন ছিলেন ‘ফিক্স-ইট গাই’। বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের অনুরোধেই ম্যানহাটনের ফেডারেল তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেন। গত এপ্রিলে তাঁর বাসা ও কার্যালয়ে অভিযান চালায় এফবিআই। সে সময় তেমন কিছু বোঝা না গেলেও, এখন মনে হচ্ছে সেই তল্লাশিতে সম্ভবত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছিল তদন্তকারীদের হাতে।
এখন পর্যন্ত কোহেন ম্যুলারের তদন্ত দলকে সহযোগিতা করতে রাজি হননি। এটা ট্রাম্পের প্রতি তাঁর বিশ্বস্ততারই প্রমাণ। কিন্তু যদি তিনি কোনোভাবে রাজি হন, তাহলে তা যে ট্রাম্পের জন্য ভয়াবহ হয়ে উঠবে, তা আর না বললেও চলে। কারণ ভালো হোক, মন্দ হোক কোহেন হচ্ছেন সেই ব্যক্তি, যিনি ট্রাম্পের গোপন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজের ছায়াসঙ্গী। বিশেষত ট্রাম্পের রাশিয়া-সংশ্লেষ সম্পর্কে তিনি যে অনেক বেশি জানেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। মস্কোতে ট্রাম্প টাওয়ার স্থাপনের পরিকল্পনা ও তা বাতিলের সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা তদন্তে ম্যুলার দলের চোখ তাই আগে থেকেই ছিল কোহেনের ওপর।
বিপরীতে দৃশ্যে কিছুটা কম গুরুত্বপূর্ণ ছিলেন ম্যানাফোর্ট। শুরুতে তেমন একটা মনোযোগ দেওয়া হয়নি তাঁর দিকে। কিন্তু ক্রমেই ম্যানাফোর্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তদন্তকারীদের কাছে। প্রেসিডেন্টসহ বিভিন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের প্রচার দলের প্রধান হিসেবে কাজ করা অভিজ্ঞ এই পরামর্শকের স্বভাবের একটি অংশ হচ্ছে মিথ্যা। কর ফাঁকি দিতে তিনি মিথ্যা বলেন; মিথ্যা বলেন ব্যাংক ঋণ নিতেও। নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, ম্যানাফোর্টের রয়েছে বিশ্বের সেরা কিছু ঠগ ও একনায়কের হয়ে কাজ করার অভিজ্ঞতা। এর মধ্যে রয়েছেন ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস, অ্যাঙ্গোলার জোনাস সাভিম্বি, কঙ্গোর মোবুতু সেসে সেকো। ক্রেমলিনের ঘনিষ্ঠ ভিক্টর ইয়ানুকোভিচকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হতে সহায়তা করেছিলেন। এই কাজের জন্য তিনি কয়েক মিলিয়ন ডলার পেয়েছিলেন। এই পূর্ব ইতিহাস সত্ত্বেও, বলা ভালো এ পূর্ব ইতিহাসের কারণেই তাঁকে নির্বাচনী প্রচার দলের প্রধানের দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মাত্র তিন মাস তিনি দায়িত্ব পালন করতে পেরেছিলেন। কারণ সংবাদমাধ্যম। তাঁর বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু তাঁর সম্পর্কে ট্রাম্পের ধারণায় কোনো বদল হয়নি। এমনকি ২১ আগস্ট দোষী সাব্যস্ত হওয়ার পরও ম্যানাফোর্টকে ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। এ ক্ষেত্রে ট্রাম্পকে ধারাবাহিকই বলতে হবে। তবে একে ধারাবাহিকতা না বলে দুর্বলতা বলাই বোধ হয় ভালো। নানামাত্রিক প্রতারণায় দোষী সাব্যস্ত ম্যানাফোর্ট ট্রাম্পের চোখে যে এমনি এমনি ‘ভালো মানুষ’ হননি, সেটা উল্লেখ অবান্তর। মূল প্রশ্নটি ঘুরছে আরও গুরুতর তথ্যের গোপনীয়তাকে ঘিরে।
শুধু ম্যানাফোর্টই নন, এখন পর্যন্ত ম্যুলারের কার্যালয় ট্রাম্পের একাধিক ঘনিষ্ঠ সহযোগীকে দোষী সাব্যস্ত করেছে। এর মধ্যে সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন ও পররাষ্ট্রনীতি উপদেষ্টা জর্জ পাপাডোপোলোসের মতো ব্যক্তি রয়েছেন। রয়েছেন ম্যানাফোর্টের দীর্ঘদিনের সহকারী রিক গেটস, যিনি সাবেক বসের বিরুদ্ধে সাক্ষ্যও দিয়েছেন। পাশাপাশি ম্যুলার এক ডজনেরও বেশি রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারকালে হিলারি ক্লিনটনকে ক্ষতিগ্রস্ত ও ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা দিতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছে। বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে ম্যানাফোর্টের রুশ সহকারী কন্সটানটিন কিলিমনিকের বিরুদ্ধে, যাকে আবার গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছে।
ট্রাম্পের ঘনিষ্ঠজনেরা একের পর এক যেভাবে ধরাশায়ী হচ্ছেন, তাতে দুশ্চিন্তার কারণ আছে বৈকি। শুরু থেকেই এই তদন্তকাজকে অন্যায্য ও পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যা দিয়ে এলেও এর কার্যক্রম থামাতে পারেননি প্রেসিডেন্ট। ওয়াটারগেট তদন্তের সঙ্গে এর সামঞ্জস্য লক্ষণীয়। শত বাধা সত্ত্বেও ম্যুলারের তদন্ত এরই মধ্যে ১৫ মাস অতিক্রম করেছে। প্রেসিডেন্টকে পদচ্যুত করা এবং কয়েক ডজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কারাগারে পাঠানো ওয়াটারগেট তদন্তের ফল আসতে সময় লেগেছিল দুই বছরের বেশি সময়। ডোনাল্ড ট্রাম্প যে ‘উইচ হান্ট’-এর কথা বলছেন, তা কিন্তু এরই মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ‘উইচ’কে বোতলবন্দী করে ফেলেছে। তাদের ভাগ্যে ঠিক কী আছে, তা এখনো অজানা। তবে এটা জানা যে, এদের সম্মিলিত ভাগ্যের ওপরই নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের ভাগ্যও।