বিপার রজতজয়ন্তী ২১ এপ্রিল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটের পালকি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপার সদস্যরা
জ্যাকসন হাইটের পালকি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপার সদস্যরা

নিউইয়র্কে বাঙালি সংস্কৃতি বিকাশে নিবেদিত সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের (বিপা) রজত জয়ন্তী পালন করা হবে। আগামী ২১ এপ্রিল কুইন্সের জ্যামাইকার ইয়র্ক কলেজ মিলনায়তনে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে বিপার ২৫ বছর উদ্‌যাপন করা হবে। স্বনামধন্য প্রতিষ্ঠান উৎসব ডট কমের স্পনসর এবং টাউন এমডির সহযোগিতায় এই উৎসব নিয়ে কথা বলেছেন সংগঠকেরা। 

১৫ জানুয়ারি জ্যাকসন হাইটের পালকি মিলনায়তনে সন্ধ্যা সাতটায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিপার অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ক্রমাগত সহযোগিতার কথা স্মরণ করা হয়। সংগঠকেরা প্রবাসে বৈরী বাস্তবতায় এ ধরনের সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে নেওয়ার নানা পর্ব সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে মূলধারার আমন্ত্রণে গত বছর বিপা বেশ কয়েকটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে বলে জানানো হয়। পাশাপাশি মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা, মুখোশ তৈরির কর্মশালা, ফেস্টিভ্যাল অফ কালচার্‌সসহ নিউইয়র্ক ফিল্ম সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে তথ্য চিত্র প্রদর্শনীর মতো সফল অনুষ্ঠান পরিচালনার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
বিপার রজত জয়ন্তী উপলক্ষে যে সব কর্মসূচি বিপা গ্রহণ করেছে তা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ইয়ুথ ফটোগ্রাফি প্রতিযোগিতা, ১৬ জুন শিশুদের রচনা প্রতিযোগিতা, তাসের দেশ নামের ভিডিও অবমুক্তকরণসহ ১৭ জুন ব্রুকলিন ক্যাম্বেল থিয়েটারে নতুন শুরু নামে যুব কিশোরদের বিশেষ কনসার্টসহ বিপার বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা থাকছে।
২১ এপ্রিল রজত জয়ন্তীর মূল অনুষ্ঠান শুরু হবে ইয়র্ক কলেজ ফারফর্মিং আর্ট সেন্টারে। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে থাকবে বিপার নিজস্ব পরিবেশনা, রুপালী পর্দার সোনালি দিন, শিল্পী শায়ানের পরিবেশনায় ‘জীবনের গান’, ‘তাসের দেশ’-এর ভিডিও প্রকাশনা। থাকবে তহবিল সংগ্রহের উদ্যোগের অংশ হিসেবে বিপার নিজস্ব টি শার্ট ও ব্যাগ বিক্রি। রজতজয়ন্তীকে সফল করার জন্য সংবাদ সম্মেলনে প্রবাসী বাঙালিদের অব্যাহত সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি নিলুফার জাহান, অ্যানি ফেরদৌস, সেলিমা আশরাফ, নাজিম আহমদ, জেসমিন ও সৈয়দ মিজান রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব ডট কমের মালিক রায়হান জামান। আরও উপস্থিত ছিলেন জাফর ফেরদৌস, তিন্নী, ইয়াসমিন ও তৃনা।
নিউইয়র্কে বিপার তিনটি শাখায় মোট ১৪৫ জন শিক্ষার্থী নাচ ও গানসহ বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষা লাভ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।