
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) শিশু-কিশোর উৎসব ২০২০ এর আয়োজন করেছে। আগামী ৪, ৫, ১০ ও ১২ জানুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে।
এ ছাড়া এ উপলক্ষে ট্যালেন্ট সার্চের আয়োজন করা হয়েছে। ট্যালেন্ট সার্চ করার পাশাপাশি বিপার নিজস্ব শিল্পীদের পরিবেশনা ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে ১৪ মার্চ মূল অনুষ্ঠান শুরু হবে। বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ। ওই দিন বাংলাদেশে ‘জাতীয় শিশু দিবস’ পালিত হয়।
১ ডিসেম্বর দুপুরে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এক সংবাদ সম্মেলনে বিপার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বিপার পরিচালক এ্যানি ফেরদৌস বলেন, নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের অফিসে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে তাঁদের শিল্পীরা পারফর্ম করবেন।
সংবাদ সম্মেলনে নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও বিপার নেতৃবৃন্দ, সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিপার উপদেষ্টামণ্ডলীর সদস্য জাকারিয়া চৌধুরী, এন আমীনসহ উপদেষ্টামণ্ডলীর বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এ্যানি ফেরদৌস বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে শিশু-কিশোর উৎসবের আয়োজন করা হবে। এ জন্য বিষয়ভিত্তিক প্রতিভা অন্বেষণ করা হচ্ছে। এ ক্ষেত্রে বয়স ধরা হয়েছে অনূর্ধ্ব ১৮ বছর। বিষয় রাখা হয়েছে আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নৃত্য। চার দিনের অডিশন হবে চার জায়গায়। ৪ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্রঙ্কসের পিএস ১০৬ এ অডিশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্রুকলিনের পিএস ১৭৯ এ, ১০ জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত জ্যামাইকার পিএস ও ১২ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত উডসাইডের পিএসে ট্যালেন্ট সার্চ করা হবে।
এ্যানি ফেরদৌস বলেন, প্রতি বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত সংখ্যক শিশু শিল্পী নির্বাচন করা হবে। নির্বাচিতরা ১৪ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে পরিকল্পিত একটি অনুষ্ঠানে অংশ নেবে। শিশুদের চিত্রাঙ্কনের বিষয় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অংশগ্রহণকারী শিশু-কিশোরদের ১৫ তারিখ বিশেষভাবে অভ্যর্থনা জানানো হবে। তাদের আঁকা ছবির প্রদর্শনী করা হবে। ১৪ মার্চ তারা অনুষ্ঠানে অংশ নেবে। যারা অনুষ্ঠানের অডিশনে অংশ নিতে চায় তাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
এ্যানি ফেরদৌস আরও বলেন, এই অনুষ্ঠানের বাজেট আমরাই করব। এই বাজেট এখানের টাকা দিয়েই হবে। এতে বাংলাদেশের কোনো অর্থ সহযোগিতা নেই। বিপার অর্থায়ন ছাড়াও এখানে অনেক ব্যক্তি, প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা আছে। প্রাথমিক বাজেট ১৫ হাজার ডলার ধরা হয়েছে।