বিপিএল ইউএসএ সভাপতি সুমন খানের ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বিপিএল অব ইউএসএর সভাপতি ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ক্রীড়া সম্পাদক সুমন খানের বড় ছেলে রায়হান তানজিল খান মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৩ সেপ্টেম্বর নিজের বাসায় মারা যায় রায়হান। তার বয়স হয়েছিল ১৪ বছর। ২৪ সেপ্টেম্বর জানাজা নামাজের শেষে তার মরদেহ নিউজার্সিতে দাফন করা হয়।

রায়হান তানজিল খান গত ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় জ্যামাইকায় নিজ বাসাতেই মারা যায়। সে শারীরিকভাবে অসুস্থ ও শয্যাশায়ী ছিল। গত কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। মৃত্যুর খবর পেয়ে ওই দিন বিকেলে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ রায়হানের মরদেহ নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে রায়হানের মরদেহ পরদিন পরিবারের কাছে হস্তান্তর করে।

পরে ওই দিন মাগরিব নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরদিন সকালে তার মরদেহ বাংলাদেশ সোসাইটি ইন্‌কের কেনা নিউজার্সির মার্লবরো কবরস্থানে দাফন করা হয়।

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা, সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীনসহ সংগঠনের অন্য কর্মকর্তা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী ও খেলোয়াড়সহ বিপুলসংখ্যক বাংলাদেশি জানাজায় অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারি মনজুর আহমেদ চৌধুরী ও রায়হান তানজিল খানের বাবা সুমন খান।