বিবাদে বিবর্ণ আমেরিকার প্রথম স্থায়ী শহীদ মিনার

আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভেদ আর কোন্দলের কারণে উদ্বোধনের তিন বছরের মধ্যেই গুরুত্ব হারাতে বসেছে আমেরিকার বুকে সরকারিভাবে নির্মিত প্রথম শহীদ মিনার। শহীদ মিনারটি প্রতিষ্ঠার সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলেন, সরকার ও নগর প্রশাসনে যাঁরা দৌড়ঝাঁপ করেছিলেন, তাদের বাদ দিয়ে একুশে উদ্যাপন কমিটি গঠিত হয় বলে উদ্যোক্তারা এখানে অন্যদের ঘেঁষতে দেন না।
অন্যদিকে, সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত শহীদ মিনারটি দখলে রেখে, প্রবাসী সাধারণ বাংলাদেশিদের শ্রদ্ধা নিবেদন করতে দেওয়া হয় না বলে অভিযোগ করছে অন্য পক্ষ। পাল্টাপাল্টি অভিযোগ আর স্থানীয় দুই বাংলাদেশি রাজনীতিকের কর্মী-সমর্থকদের টানাপোড়েন এখন অনেকখানিই আবেদন হারাচ্ছে নিউজার্সির শহীদ মিনার।
ভাষার মাস শুরু হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারি সমাগত। এরই মধ্যে প্রবাসীদের মধ্যে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নানা তোড়জোড় শুরু হয়েছে। নিউইয়র্কের ব্রঙ্কস, জ্যাকসন হাইটস, জাতিসংঘের সামনে আলাদাভাবে নির্মিত অস্থায়ী শহীদ
মিনারে ফুল দিয়ে এদিনের আনুষ্ঠানিকতা সারেন বাংলাভাষার মানুষেরা। কিন্তু এই মার্কিন মু্ল্লুকে প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র স্থায়ী শহীদ মিনারটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৪ সালে নিউজার্সির প্যাটারসনে। ওয়েস্ট সাইট পার্কে স্কুলের পাশে উন্মুক্ত জায়গায় বেশ অনেকখানি জায়গায় এই শহীদ মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সরকারিভাবে জমি আর দেড় লাখ ডলার বরাদ্দ পেয়েছিলেন বাংলাদেশিরা। সরকারি অর্থায়নে ২০১৪ সালের ১২ অক্টোবর এটির নির্মাণকাজ শুরু হয়। ২০১৫ সালে সবাই ঘটা করে এই শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেও স্থানীয় রাজনীতির কোন্দলে পরের বছরের সেই উদ্যাপন অনেকখানি ম্লান হয়ে যায়। তার চূড়ান্ত রূপ দেখা যায় ২০১৭ সালে। এবার এখনো সবাই মিলে একসঙ্গে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা যাবে কিনা সেটা নিয়ে সংশয়ে আছেন স্থানীয়রা।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে স্থানীয় টিভি চ্যানেল ৫২-এর প্রতিষ্ঠাতা ও স্থানীয় একটি সাংস্কৃতিক স্কুলের উদ্যোক্তা এনাম চৌধুরী বলেন, ‘আমাদের স্কুলের প্রায় ৬০ জন খুদে শিক্ষার্থী আছে। ইচ্ছা আছে তাদের নিয়ে একত্রে একটি অনুষ্ঠান করব সেখানে। কিন্তু বিভেদ এমন জোরালো যে, এক পক্ষ চায় না তাদের সন্তানেরা সেখানে যাক। আবার আরেকপক্ষ বলছে, তাঁদের বাচ্চারা ওখানে গেলে আমাদের বাচ্চা সেখানে পাঠাবোই না। এসব কারণে এখনো সিদ্ধান্ত নিতে পারছি না, কতখানি স্বতঃস্ফূর্তভাবে একুশে উদ্যাপন করব।
নিউজার্সির প্যাটারসন সম্ভবত একমাত্র সিটি করপোরেশন এলাকা যেখানে পরাজিত ও জয়ী দুজন প্রার্থীই বাংলাদেশি বংশোদ্ভূত। সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আকতারুজ্জামান বিগত নির্বাচনে পরাজিত হয়েছিলেন বর্তমান কাউন্সিলম্যান শাহিন খালিকের কাছে। পরে তিনি আদালতে কারচুপির মামলা করেছিলেন, যার ফলাফলও শেষ পর্যন্ত তার পক্ষে আসেনি। এবার তিনি প্যাটারসনের অনেক কাউন্সিল ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত কাউন্সিল অ্যাট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শহীদ মিনার কেন্দ্রিক ভেদাভেদ দুর করা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে আকতারুজ্জামান, বলেন, ‘আসলেই ভেতরে সমস্যা আছে।’ একই মন্তব্য বর্তমান কাউন্সিলম্যান শাহিন খালিকেরও। তিনি বলেন, ‘আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কেউ কাউকে মানতে না চাইলে সমস্যার সমাধান করা কঠিন।’ তবে ফেব্রুয়ারির চলতি সপ্তাহের মধ্যেই সব পক্ষকে নিয়ে একত্রে বসার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
শহীদ মিনারকেন্দ্রিক সমস্যার গভীরতা কতখানি সেটা অনেকটাই অস্পষ্ট। শাহিন খালিক ও আকতারুজ্জান দুজন বাংলাদেশের দুই বড় দলের রাজনীতির সমর্থক বলে পরিচিত। প্যাটারসনে বসবাসকারী প্রায় ৩০ হাজার বাংলাদেশিও অনেকটা বিবাদমান দুই রাজনীতির দুই মেরুর বাসিন্দা। কোন পক্ষের কাকে একুশে উদ্যাপন কমিটির আহ্বায়ক বানানো হলো, অন্যদের কেন সমান মর্যাদা দেওয়া হলো না—এটিও বিভেদে নতুন মাত্রা দিয়েছে। বিভেদের বিষয়টি অকপটেই স্বীকার করেন শহীদ মিনারের মূল উদ্যোক্তাদের একজন যোবায়ের আহমেদ।
যোবায়ের বলেন, ‘আমরা আগে থেকেই বিক্ষিপ্তভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতাম। একপর্যায়ে আমরা নিজেরা কয়েকজন মিলে চেষ্টা করি একটি শহীদ মিনার প্রতিষ্ঠার। কিন্তু আমাদের কাছে অর্থ ছিল না। পরে আমাদের অলাভজনক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড গ্লাম অর্গানাইজেশনের প্যাডে আমরা নগর কর্তৃপক্ষের কাছে আবেদন করি। আমাদের সেই আবেদন গৃহীত হয়। পরে এই শহীদ মিনার নির্মিত হলে এর দায়দায়িত্ব ও রক্ষণাবেক্ষণের কাজটিও আমাদের হাতে এসে পড়ে। কিন্তু দেখা গেল আমাদের বাদ দিয়েই গায়ের জোরে একুশে উদ্যাপন কমিটি হয়। আমরা সেখানে গৌণ হয়ে পড়ি। এ বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি কোন আহ্বায়ক কমিটির দরকার নেই। আমরা নিজেরা উদ্যোগ নেব, যতজন আসুক, তাদের নিয়েই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব।’
দুই পক্ষের এই টানাটানিতেই বিবর্ণ আমেরিকার মাটিতে প্রথম সরকারি তহবিলে নির্মিত প্রথম শহীদ মিনার। আবার অনেক সাধারণ মানুষের অভিযোগ, এই শহীদ মিনারটির উদ্যোক্তারা এখন এটিকে নিজেদের সম্পত্তি বলে মনে করতে শুরু করেছেন। বর্তমান বিভেদের পেছনে এটিও একটি বড় কারণ।
প্যাটারসনের বাঙালি প্রবাসীরা বলছেন, প্যাটারসনের সবাইকে নিয়ে একসঙ্গে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে একটি দৃষ্টান্ত স্থাপন করা যায় কিনা এখন আমাদের সেটি ভাবতে হবে।