বিবাহ বার্ষিকীর ভিন্নধর্মী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫০ জন গরিব বাচ্চার হাতে তাঁরা কম্বল তুলে দিয়েছেন নিবিড় হাসান ও মনিরা হোসেন দম্পতি
১৫০ জন গরিব বাচ্চার হাতে তাঁরা কম্বল তুলে দিয়েছেন নিবিড় হাসান ও মনিরা হোসেন দম্পতি

এখনকার ছেলেমেয়েদের চিন্তাভাবনা অনেক আধুনিক। তাদের নানা উদ্যোগে সৃজনশীলতার ছাপ থাকে সুস্পষ্ট। এমনই এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন নিবিড় হাসান ও মনিরা হোসেন। নিজেদের বিবাহ বার্ষিকীর আনন্দ অন্য অনেকের সঙ্গে ভাগ করে নিয়েছেন এ দম্পতি।

নিবিড়ের জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে; বেড়ে উঠেছেন আমেরিকায়। চাকরি করেন এখানেই। রংপুর ক্যান্ট পাবলিক স্কুলে পড়ার সূত্রে ভালোভাবেই জানেন রংপুরে কতটা শীত পড়ে। দেশে থাকতে কাছ থেকেই দেখেছেন শীতে মানুষের কষ্ট। আর এ জন্যই হয়তো নিবিড় নিজের ব্যক্তিগত আনন্দের ক্ষণটিতে আমেরিকায় চুপ করে বসে থাকতে পারেননি। তাঁর মনে হয়েছে শীতে কাতর কিছু মানুষকে সহায়তা করার কথা।

৫ জানুয়ারি ছিল নিবিড়-মনিরা দম্পতির দ্বিতীয় বিবাহ বার্ষিকী। কর্মক্ষেত্রে ছুটি মেলেনি বলে এবার নিবিড়ের পক্ষে বাংলাদেশে যাওয়া সম্ভব হয়নি। আর মনিরার মা অসুস্থ থাকায় তিনিও আসতে পারেননি নিউইয়র্কে। এ অবস্থায় নিজেদের স্মরণীয় দিনটিকে ভিন্নভাবে উদ্‌যাপনের সিদ্ধান্তে নেন দুজন। কোনো রকম কেক না কেটে, গান-বাজনা, হই হুল্লোড় না করে বিবাহ বার্ষিকীর কথা আজকাল কেউ ভাবতে পারে না। এ দম্পতি ঠিকই ভাবতে পেরেছিলেন। বিবাহ বার্ষিকীতে নিজেদের জন্য প্রচলিত পথে কোনো বাড়তি আয়োজন না করে ১৫০ জন গরিব বাচ্চার হাতে তাঁরা কম্বল তুলে দিয়েছেন।

বাংলাদেশে এবার অনেক বেশি শীতে পড়েছে। পুরো দেশই এখন শীতে কাঁপছে। বিশেষ করে উত্তরের জনপদ এখন শীতে জবুথবু হয়ে পড়েছে। ফলে ওই অঞ্চলের স্বল্প আয়ের মানুষদের পক্ষে শীত মোকাবিলা করা কষ্টকর হয়ে পড়েছে। উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, গাইবান্ধা এবং দক্ষিণের যশোর, মাগুরা অঞ্চলে শীতের প্রকোপটা এবার বেশি। এ অবস্থায় নিবিড়-মনিরা দম্পতির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের অবস্থাপন্ন সবাই এভাবে ভাবলে শীতার্ত মানুষ ভালোবাসার উত্তাপ পেতে পারে।