বিবাহবিচ্ছেদে 'হৃদ্রোগের ঝুঁকি বাড়ে'

বিবাহবিচ্ছেদ ঘটলে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বাড়ে। নারীদের বেলায় ঝুঁকিটা আরও বেশি। যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি গবেষণায় এসব ইঙ্গিত মিলেছে। খবর বিবিসির।
১৫ হাজার ৮২৭ ব্যক্তির ওপর চালানো গবেষণাটির ফল প্রকাশিত হয়েছে চিকিৎসাবিজ্ঞান-বিষয়ক সাময়িকী সার্কুলেশন-এ। এতে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
১৯৯২ থেকে ২০১০ সালের মধ্যে গবেষণাটি চালান নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটির গবেষকেরা। অংশগ্রহণকারীদের প্রতি তিনজনে একজন এই সময়ের মধ্যে অন্তত একবার বিবাহবিচ্ছেদ ঘটান। দেখা যায়, অন্তত একবার বিচ্ছেদ ঘটানো নারীদের হৃদ্রোগের ঝুঁকি বিবাহিতদের চেয়ে ২৪ শতাংশ বেশি। একাধিকবার বিচ্ছেদ ঘটানো নারীদের বেলায় তা ৭৭ শতাংশ। আর পুরুষের ক্ষেত্রে হার যথাক্রমে ১০ ও ৩০ শতাংশ। আবার বিয়ে করলে নারীদের ক্ষেত্রে পরিস্থিতির সামান্যই উন্নতি হয়। তবে পুরুষের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়।
গবেষকেরা বলেন, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের কারণে যতটা হৃদ্রোগের ঝুঁকি তৈরি হয়, তার সঙ্গে এটার তুলনা করা যায়।