বিবৃতি তৈরিতে সহায়তার কথা স্বীকার ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলিনতসকায়ার সঙ্গে ছেলের বৈঠক নিয়ে দেওয়া বিবৃতিটি তৈরিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা করেছিলেন—এ খবরের সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট এক খবরে বলেছে, ওই বৈঠক নিয়ে সম্প্রতি ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র যে বিবৃতি দিয়েছেন, সেটি ছিল তাঁর বাবারই নির্দেশিত। পরে এ খবরের সত্যতা বিভিন্ন সূত্রের বরাতে এবিসি নিউজও নিশ্চিত করে।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স মঙ্গলবার আরও পরের দিকে এক সংবাদ সম্মেলনে বলেন, রুশ আইনজীবীর সঙ্গে বৈঠক নিয়ে গত মাসে ট্রাম্প জুনিয়র গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছেন, তা ট্রাম্পের ‘নির্দেশিত’ ছিল না; বরং তিনি তা তৈরিতে ‘মতামত’ দিয়েছেন।

ট্রাম্প জুনিয়র প্রাথমিকভাবে বলেছিলেন, ওই বৈঠক ছিল যুক্তরাষ্ট্রে রুশ শিশুদের দত্তক গ্রহণসংক্রান্ত। তবে নানামুখী চাপের মুখে পড়ে তিনি স্বীকার করেন যে হিলারি ক্লিনটন সম্পর্কে এমন কিছু তথ্য দেওয়ার প্রতিশ্রুতি ওই আইনজীবী তাঁকে দিয়েছিলেন, যা তাঁর (হিলারি) নির্বাচনী প্রচারের জন্য ক্ষতির কারণ হতে পারে।

কূটনৈতিক স্থাপনা অপসারণ শুরু

মঙ্গলবার যুক্তরাষ্ট্র মস্কোয় তার একটি কূটনৈতিক স্থাপনা থেকে আসবাব ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেওয়া শুরু করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেট রাশিয়ার ওপর নতুন অবরোধ আরোপের বিল পাস করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে রুশ প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের ৭৫৫ জন কূটনীতিককে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন।