বিভক্তি নয়, ঐক্যের দিন আসুক
অভিবাসীদের দেশ আমেরিকা। আজকের আমেরিকার সাদা-কালো সব মানুষই মূলগত পরিচয়ে অভিবাসীই। কিন্তু এ দুই ধারার প্রতি সমান উদারতা ছিল না। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে আমেরিকায় যে দাস-ব্যবস্থার সৃষ্টি হয়, উনিশ শতকেই গৃহযুদ্ধ ও তৎপরবর্তী নানা আন্দোলনের মধ্য দিয়ে কাগজে-কলমে তার মূলোৎপাটন হয়। সে সময়ের মহান নেতা আব্রাহাম লিংকন ঐক্যের সুরটি সবার মধ্যে সঞ্চার করতে পেরেছিলেন বলেই এটি সম্ভব হয়েছিল। কিন্তু এ মূলোৎপাটন ছিল কাগজে-কলমে। মানুষের মন বড় বিচিত্র। কারও মন গোপনে লালন করে বঞ্চনার ইতিহাস। আবার কারও মনে টিকে থাকে প্রাচীন কর্তৃত্বপরায়ণ সামন্তীয় লালসা। এ দুই-ই আবার চলতে পারে প্রজন্ম থেকে প্রজন্মে। অনেক ক্ষেত্রে চলেও তা-ই।
সাম্প্রতিক সময়ের কনফেডারেট ভাস্কর্যবিরোধী আন্দোলন ও এর প্রতিক্রিয়া এ দুই মানসিকতারই প্রতিফলন। এ ক্ষেত্রে আন্দোলনকারীরা প্রথম দলের। আর তাদের প্রতিহতের নামে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে হাজির হওয়া দলটি নিঃসন্দেহে দ্বিতীয় শিবিরে। শার্লটসভিলে কাণ্ডই এ দুই দলের পরিচয় প্রকাশ করে। আর এসবের মধ্য দিয়ে সবার জন্য উন্মুক্ত ও বৈচিত্র্যমুখী আমেরিকার সাদা-কালো পরিচয়টি প্রকাশ হয়ে যায়।
অনুরূপ না হলেও ২২ সেপ্টেম্বর আমেরিকার জাতীয় ফুটবল লিগকে (এনএফএল) ঘিরে রঙিন পর্দা ছিঁড়ে সাদা-কালো আমেরিকাই আবার সামনে এসেছে। আর তা সবার সামনে যিনি হাজির করেছেন, তিনি আর কেউ নন, স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনএফএল খেলোয়াড়দের বিরুদ্ধে তিনি দেশপ্রেমহীনতার অভিযোগ তুলেছেন। এ অভিযোগ তোলার সময় এমনকি শালীনতার ধারও ধারেননি তিনি। আর যে ঘটনাকে এর প্রমাণ হিসেবে তুলে ধরেছেন, তা ছিল এক কৃষ্ণাঙ্গ ফুটবল খেলোয়াড়ের অধিকার আদায়ের ভাষা। প্রেসিডেন্ট এখানে জাতীয় সংগীত ও আমেরিকান গর্বের কথা তুলে ধরেছেন, বহুজাতিক আমেরিকার আদর্শকে পায়ে দলে। অথচ সবার প্রেসিডেন্ট হিসেবে একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান খেলোয়াড়ের নিজেকে বঞ্চিত মনে করার কারণ অনুসন্ধানের কথা তাঁর। এ সূত্র ধরে তাঁর বরং প্রশ্ন রাখার কথা, এত বছরেও কেন এনএফএলের একটি দলেরও মালিকানায় কৃষ্ণাঙ্গ কেউ এল না। বলার অপেক্ষা রাখে না, তিনি সে প্রশ্ন করেননি। বরং পরদিন আরেক বাস্কেটবল খেলোয়াড়ের হোয়াইট হাউসে নিমন্ত্রণ প্রত্যাহার করেছেন টুইটার পোস্টের মাধ্যমে। দুঃখজনক হলেও সত্য, গাত্রবর্ণে ওই খেলোয়াড়ও কৃষ্ণাঙ্গ।
যেখানে বর্ণবাদ আমেরিকার জন্য এখনো একটি দগদগে ঘা হয়ে আছে, সেখানে প্রেসিডেন্ট হিসেবে সম্মিলনের ডাক দেওয়াই দস্তুর। আধুনিক আমেরিকার সব প্রেসিডেন্টই সচেতনভাবে তা-ই করেছেন। বর্ণবাদ বা জাতীয় ঐক্যকে নষ্ট করতে পারে এমন কোনো বক্তব্য রোনাল্ড রিগ্যান থেকে শুরু করে সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, কারও কাছ থেকেই শোনা যায়নি কখনো। বিভিন্ন সময় তাঁদের নেওয়া কিছু পদক্ষেপ কিছু বিশেষ গোষ্ঠীর বিপরীতে গিয়েছে, এটা সত্য। কিন্তু কখনোই কোনো গোষ্ঠীকে শ্রেষ্ঠত্বের ধারণা দিতে পারে, কিংবা কাউকে হীন মনে হতে পারে এমন কোনো বক্তব্য তাঁদের কারও কাছ থেকেই আসেনি। আর এখানেই ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন ট্রাম্প। তাঁর সাদা-কালো চোখ ও কণ্ঠ ক্রমাগত এঁকে যাচ্ছে বিভাজন রেখা। অথচ প্রেসিডেন্ট হিসেবে তিনি ঐক্যের ডাক দেবেন এমন প্রত্যাশা সব মানুষের। কারণ, শুধু আমেরিকানরাই নন, সারা বিশ্বই সাদা-কালো নয়, বহু বর্ণিল আমেরিকাকে দেখতে চায়।