বিভক্তির পথে জেবিবিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাকসন হাইটসের বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সংগঠনটিকে অবিভক্ত রেখে নির্বাচন পরিচালনা করা যাবে কিনা তাই নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কমিটিকেই বিলুপ্ত ঘোষণা করেছে বর্তমান কার্যকরী কমিটি। অথচ তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ২৭ ডিসেম্বর।

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে, ‘উপদেষ্টা কমিটির সদস্যদের আচরণ সংবিধান পরিপন্থী বিধায়, তাদের জানিয়ে, ২৬ ডিসেম্বর উপদেষ্টা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’ এদিকে উপদেষ্টা কমিটি বলছে, এই বিলুপ্ত করার এখতিয়ার কার্যকরী কমিটির নেই। তাদের মেয়াদ ২৭ ডিসেম্বর আপনাআপনি শেষ হয়েছে। এখন পরবর্তী করণীয় কী হবে সে সিদ্ধান্ত উপদেষ্টা কমিটি নেবে।

জেবিবিএ’র উপদেষ্টা পরিষদের সভাপতি মহসিন ননী বলেন, ‘আমরা জানি না কোন এখতিয়ারে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে নিয়েছে সেটাও বোধগম্য নয়। জেবিবিএ’র কোনো সদস্য জানে না এ বিষয়ে। এমনকি তারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলেছে, আমাদের নাকি বিলুপ্তির কারণ

অবহিত করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। তারা আসলে গায়ের জোর দেখাচ্ছে। আর যাই হোক এই দেশে গায়ের জোর দেখিয়ে কিছু হয় না। সংবিধান অনুযায়ী তাদের মেয়াদ শেষ। এখন যা সিদ্ধান্ত নেওয়ার আমরাই নেব, এক সঙ্গে বসে।’

বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ২৭ ডিসেম্বর। সদ্য বিগত এ কমিটির নেতৃত্বে ছিলেন জিকো ও তারেক, যারা ২০১৫ সালে ২৮ ডিসেম্বর শপথ নিয়েছিলেন। প্রথম আলোর সঙ্গে আলাপকালে আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো বলেন, ‘উপদেষ্টা কমিটি ষড়যন্ত্রের একটি নির্বাচন আয়োজন করতে চায়, যার মাধ্যমে তারা গতবারের পরাজিত প্রার্থী দিদারুল ইসলামকে জেবিবিএ’র নেতৃত্বে আনতে চায়। এটা নিয়ে তারা খোলাখুলিই বলছেন, জেবিবিএ’র নেতৃত্ব তারা গ্রোসারি মালিকদের হাতে দেখতে চান। এটা তো হতে পারে না। জেবিবিএকে অক্ষুণ্ন রাখতেই আমরা এই উপদেষ্টা পরিষদকে বিলুপ্ত করতে বাধ্য হয়েছি। একটি সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন ও আগামী নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে আমরা আরেও ৬০ থেকে ৯০ দিন দায়িত্বে থাকব।’

এদিকে জেবিবিএর কার্যকরী কমিটির এ সময় বাড়ানোকে অপ্রাসঙ্গিক বলে মনে করেন নির্বাচনের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী তিতাস গ্রোসারির মালিক দিদারুল ইসলাম। তিনি বলেন, ‘বল আর তাদের কোর্টে নেই। তাদের খেলা শেষ। গত দুই বছরে তারা সংগঠনটিকে লুটপাট করে খেয়েছে। তারা একটি সাধারণ সভা পর্যন্ত সফলভাবে করতে পারেনি। কারণ তাদের প্রতি আস্থা নেই কারও। মেয়াদের দুই বছর শেষ হলেও তারা নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেনি। এদের নেতৃত্বে জ্যাকসন হাইটসের বড় বড় ব্যবসায়ীদের কেউই জেবিবিএ’র সদস্য হতে চাইছে না। ২৭ ডিসেম্বরের পর এরা আপনাআপনিই চলে গেছে।’
তবে কার্যকরী কমিটি সদস্য ও জেবিবিএ প্রেসিডেন্ট হিসেবে জাকারিয়া মাসুদ বলছেন, ‘আমরা যা করেছি গঠনতন্ত্রের মধ্যে থেকেই করেছি। গঠনতন্ত্রের ১১ নম্বর আর্টিকেলের ২.৩.৫.৬.৭ ধারা মেনেই আমরা কাজ করেছি। উপদেষ্টা পরিষদ ষড়যন্ত্র করছে। এ অবস্থায় আমরা সংগঠন ও নির্বাচন কমিশনকে উপদেষ্টা পরিষদের হাতে তুলে দিতে পারি না। এ জন্য আমরা কমিটির মেয়াদ বাড়িয়ে নিয়েছি। এই বর্ধিত সময়ে আমরা সাধারণ সভা করব, তাদের বিরোধিতার কারণে যা আমরা আগে সফলভাবে করতে পারিনি। এই সভার মাধ্যমেই নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হবে। পরে পরবর্তী নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে নির্বাচন কমিশনের মাধ্যমেই।’
জাকারিয়া মাসুদের এই বক্তব্যকে খারিজ করে দিয়েছেন উপদেষ্টা পরিষদের সভাপতি মহসিন ননী। কার্যকরী কমিটিকে ব্যর্থ আখ্যা দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘বর্তমান কমিটি পুরোপুরি ব্যর্থ। গত দুই বছরে তাদের কোনো কাজই সাধারণ সভায় গ্রহণযোগ্যতা পায়নি।’
‘হাটবাজার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মহসিন ননী বলেন, ‘তারা আমাদের মতো ব্যবসায়ীদের সংগঠন পরিচালনায় কোনোভাবে গণনা করেনি। তাহলে জেবিবিএ কারা? হাটবাজার, খামারবাড়ী, ইত্যাদি, তাজ গ্রোসারি, প্রিমিয়াম, মেজবান, ঢাকা গার্ডেন, তিতাস গ্রোসারি, আড়ং, মান্নান, মেঘনা অবকাশ— এমন বহু নাম নেওয়া যাবে, যাদের অগ্রাহ্য করা হয়েছে। এরা যদি জেবিবিএ সদস্যা না হলে আপনি কাকে জেবিবিএ বলবেন? নিয়ম অনুযায়ী তাদের মেয়াদ শেষ। আমরা যারা তিলে তিলে জ্যাকসন হাইটসের ব্যবসা বাড়িয়েছি, সংগঠন করেছি তাদের স্বার্থেই বসে সিদ্ধান্ত নেব। সাধারণ সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে।
সব মিলিয়ে গভীর সংকটে পড়েছে বাংলাদেশি বণিকদের সংগঠন জেবিবিএ। সংগঠনটির দ্বিধাবিভক্ত হওয়া এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।