বিভিন্ন দেশে মুসলিম নির্যাতনের নিন্দায় সমাবেশ
মিয়ানমার, ভারত, চীনসহ বিভিন্ন দেশে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ হয়েছে। ২৮ জুলাই বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে মুসলিমদের ওপর নির্যাতনকারীদের শাস্তি দাবি করা হয়েছে।
আহলে সুন্নত ওয়াল জামাত যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টা আহমেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে দেশে দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। বর্বরোচিত আচরণ করা হচ্ছে। এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এ লক্ষ্যে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি ও জাতিসংঘের সামনে বড় ধরনের সমাবেশ করতে হবে।’ সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা শেখ আব্দুর রহিম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ ওয়াসিম সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, সহসভাপতি কাজী সাঈয়েদুর রহমান, ইসমাইল আলী, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী বাবুল, মো. নাদের, সোহেল রেজা, মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া প্রমুখ।
বক্তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে বলেন, ‘একাত্তরের চেতনায় এগিয়ে চলছে বাংলাদেশ। কিন্তু একটি মহল ধর্মের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে। ভারত, মিয়ানমার ও চীনে মুসলমানদের ওপর চলমান বর্বরতাকে ব্যবহার করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি প্রিয় সাহার আবির্ভাব ঘটেছে। কিন্তু তাঁর সে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
সংগঠনের পক্ষে সৈয়দ হেলাল মাহমুদ জানান, ‘শিগগিরই আমরা কমিউনিটির বিভিন্ন স্থানে আরও কয়েকটি সমাবেশ করব। তারপর জাতিসংঘ ও হোয়াইট হাউসের সামনে কর্মসূচি ঘোষণা করা হবে।’