>এই কলামে নিউইয়র্ক সিটির কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, কোথায় কী হচ্ছে এবং অভিবাসীদের যেসব জরুরি তথ্য জানা প্রয়োজন, তা নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। লিখছেন আবদুল্লাহ জাহিদ

সকাল ৮: ৪৮। আমেরিকান এয়ারলাইনস ফ্লাইট নম্বর ১১ আঘাত করল টুইন টাওয়ারের উত্তর দিকের টাওয়ারকে। ফ্লাইটটি ছেড়ে আসে বোস্টন থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে। যাত্রীর সংখ্যা ছিল ৮১ জন এবং বিমানের ক্রুর সংখ্যা ছিল ১১ জন।
সকাল ৯: ০৩। ইউনাইটেড এয়ারলাইনস এর ফ্লাইট নম্বর ১৭৫ আঘাত করল টুইন টাওয়ারের দক্ষিণ দিকের টাওয়ারকে। এটিও যাচ্ছিল বোস্টন থেকে লস অ্যাঞ্জেলেস। যাত্রীর সংখ্যা ছিল ৫৬ জন এবং ক্রুর সংখ্যা ৯ জন।
পঁচিশ মিনিট পর। আমেরিকান এয়ারলাইনস এর ফ্লাইট নম্বর ৭৭ আঘাত করল পেন্টাগনের উত্তর পাশে। বিমানটি ওয়াশিংটন ডি সির ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার কথা ছিল। বিমানটিতে যাত্রীর সংখ্যা ছিল ৫৮ জন এবং ক্রু ছিল ৬ জন।
সকাল ১০টা। ইউনাইটেড এয়ার লাইন্স এর ফ্লাইট নম্বর ৯৩। নিউজার্সির নিওআর্ক এয়ারপোর্ট থেকে ৩৮ জন যাত্রী এবং ৭ জন ক্রু নিয়ে যাচ্ছিল সানফ্রেন্সিসকো। বিধ্বস্ত হলো পেনসিলভানিয়ায়। সম্ভবত হাইজ্যাকার এবং যাত্রীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির কারণে সেটি সেখানে বিধ্বস্ত হয়।
সংক্ষেপে এভাবেই শুরু হলো ১৬ বছর আগের ১১ সেপ্টেম্বর। পরপর ঘটে যাওয়া এই চারটি দৃশ্য বদলে দিল পৃথিবীর মানবিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত হলো প্রায় তিন হাজার মানুষ (এখন পর্যন্ত ২৭৫৩ জনকে ডিএনএ’র মাধ্যমে শনাক্ত করা গেছে)। পরবর্তীকালে এই ঘটনার সূত্রে হয়ে গেল আরও দুটি যুদ্ধ। আরও কত লোক যে প্রাণ হারাল তার হিসাব নেওয়া সত্যই কঠিন। সবচেয়ে বড় বিষয় হলো এই ঘটনা বদলে দিল আমেরিকাকে। যে আমেরিকা ছিল ইমিগ্রান্টদের জন্য উদার সেই আমেরিকায় জন্ম নিল জাতিগত এবং ধর্মমত বিদ্বেষ। জন্ম নিল ইমিগ্রান্ট বিরোধী মনোভাব যার রেশ এখনো চলছে।
রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়ে আমেরিকা ভ্রমণে এসে এই দেশকে অতিমাত্রায় বস্তুবাদী বলেছিলেন। কথাটা যে অক্ষরে অক্ষরে সত্যি তা বোঝা যায় পরবর্তী বেশ কিছু ঘটনায়।
ধ্বংসপ্রাপ্ত টুইন টাওয়ার এলাকাটি গ্রাউন্ড জিরো নামেও পরিচিত। গ্রাউন্ড জিরো শুধু একটি গণ সমাধিই নয় এখানে মিশে আছে বহু মানুষের আবেগ। এটি একটি রাজনৈতিক প্রতীক। বিশ্বের ফাইন্যান্সিয়াল ক্যাপিটেলের বুকে একটি অতি মূল্যবান ভূ-সম্পত্তি। এই স্থানটিতে নতুন করে কোনো স্থাপনার তীব্র বিরোধিতা করেছিল সেখানে নিহত ব্যক্তিদের স্বজনেরা এবং বিভিন্ন মানবতাবাদী সংগঠন। কিন্তু শেষ পর্যন্ত তা টেকেনি। ওই স্থানে নিহতদের স্মরণে একটি স্থায়ী স্মৃতি সৌধ এবং পাশাপাশি গড়ে তোলা হয়েছে আরেকটি বহুতলবিশিষ্ট অতি আধুনিক বাণিজ্যিক ভবন যার নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডম টাওয়ার’। স্থানীয় প্রশাসন টুইন টাওয়ারের স্থানে নতুন ভবন নির্মাণের জন্য সারা পৃথিবীর বড় বড় স্থাপত্য প্রতিষ্ঠানের কাছ থেকে নকশা আহ্বান করেন এবং সেখান থেকে আটটিকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। অনেক যাচাই বাছাইয়ের পর স্থপতি স্টুডিয়ো ড্যানিয়্যল লিবসকিন্ড এর নকশাটিকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। ধ্বংস হওয়ার দুই মাস আগে টুইন টাওয়ারটি নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল ডেভেলপার ল্যারি সিলভারস্টেইনকে। নতুন ভবনটিতেও তিনি তাঁর পুরোনো লিজ ফেরত পান।
আমেরিকার স্বাধীনতার ঘোষণার বছর ১৭৭৬ এর সঙ্গে মিল করে ফ্রিডম টাওয়ার এর প্রতীকী উচ্চতা ঠিক করা হয়েছে ১৭৭৬ ফুট। এর ওপরে একটি সম্প্রচার অ্যানটেনাসহ ভবনটির মোট উচ্চতা দাঁড়াবে ২০০০ ফুট। প্রাথমিকভাবে ভবনটি ৭০ তলা হবে বলে ঠিক করা হলেও পরবর্তী কালে ভবনের নকশায় বেশ অনেক পরিবর্তন করা হয়। এখন যে ভবনটি করা হয়েছে সেটি ১০৪ তলা। ভবনের বেশির ভাগই বাণিজ্যিক সংস্থার কাছে ভাড়া দেওয়া হয়েছে। ভবনটিতে আছে রেস্তোরাঁ, অবজারভেশন টাওয়ার, ঝুলন্ত বাগান, সাংস্কৃতিক কেন্দ্র, ভবনের নিচে আছে পাবলিক ট্রেস পোর্ট।
১৬ একর বিশিষ্ট এই নতুন ভবনের একটি বিশেষ অংশ জুড়ে নাইন ইলেভেনে নিহত ২৭৫৩ জন এবং এরও আগে ১৯৯৩ সালের ২৬ শে ফেব্রুয়ারি ওই ভবনের গ্যারেজে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক বোমা হামলায় নিহত ৬ জনের স্মরণে আছে একটি স্মৃতি সৌধ। যেখানে একসময় টুইন টাওয়ার দুইটি দাঁড়িয়েছিল সেখানে তৈরি হয়েছে দুইটি অগভীর সরোবর এর চারদিকে ঘন সবুজ পল্লবিত বৃক্ষরাজির সারি, এক ধারে একটি দেয়ালে উৎকীর্ণ নিহতদের নাম।
প্রতি বছর ভাব গাম্ভীর্যের সঙ্গে ১১ সেপ্টেম্বর পালিত হয়। তবে কোনো কাজ বন্ধ রেখে নয়, কাজের মাঝেই আমেরিকানরা স্মরণ করে নিহতদের। নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে নিহতদের আত্মীয়স্বজন এবং আমন্ত্রিত অতিথিরা সমবেত হন। বেল এবং ব্যাক পাইপের করুণ সুরে এবং নিহতদের নাম উচ্চারণের মাধ্যমে মূল অনুষ্ঠানটি উদ্যাপিত হয়। রাতে টুইন টাওয়ারের অনুকরণে দুটি আলোক রশ্মি নিউইয়র্কের আকাশে উর্ধমুখে উৎক্ষিপ্ত হয়। বহু দূর থেকে তা দেখা যায়। যারা এই ঘটনা প্রত্যক্ষ করেছেন তাদের সবারই একটি গল্প আছে। আমার নিজেরও বলার মতো অনেক কিছু আছে কারণ আমিও এই ঘটনার একজন সাক্ষী। রাতের আকাশ চিরে এই আলোক রশ্মি দেখে আমার মতো ৯ / ১১ এর প্রত্যক্ষদর্শীরা নিশ্চয় সেই বেদনা বিধুর দিনটির কথা মনে করেন। আমেরিকায় অন্যান্য স্থানেও মানুষ তাদের কাজের মাধ্যমেই নিহতদের স্মরণ করে। সবকিছুই চলে স্বাভাবিক ভাবে। কোথাও কোনো আতিশয্য নেই। আছে নীরবে কাজের মাঝেই সবাইকে স্মরণ করার চেষ্টা।