বিমা করার আগে যা ভাবতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়। ভবিষ্যতে কী হবে তা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি না। অতীত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ অনুমান করতে পারি। সবারই আশা থাকে, ভবিষ্যৎ হবে সুন্দর এবং সমৃদ্ধিতে ভরপুর। বাস্তবতা বড়ই ভিন্ন। ভবিষ্যতে সমস্যা, দুর্ঘটনা এবং বাধা-বিপত্তি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা আগেই গ্রহণ করতে হয়। এ ক্ষেত্রে অর্থনৈতিকভাবে ব্যবস্থা গ্রহণের অন্যতম হলো বিমা। বিমা দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত সমস্যা মোকাবিলায় সহায়তা করে।

বিমা একটি আর্থিক সুরক্ষা জাল, যা আপনাকে এবং আপনার প্রিয়জনকে খারাপ কিছু ঘটার পর পুনরুদ্ধার করতে সাহায্য করবে। যেমন—আগুন, চুরি, আইনি ঝামেলা, গাড়ি দুর্ঘটনায় ইত্যাদি থেকে রক্ষা করবে। বিমা গ্রহণের সঙ্গে বিমা কোম্পানি আপনার সঙ্গে একটি পলিসি করবে এবং এটি বিমা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে আইন চুক্তি। পলিসির আওতাভুক্ত ক্ষতির সম্মুখীন হলে এবং বিমা দাবি করলে পলিসি অনুযায়ী তার নিষ্পত্তি বিমা কোম্পানি করবে। জীবন বিমার ক্ষেত্রে আপনার মনোনীত বেনিফিশিয়ারি ব্যক্তিকে বিমা কোম্পানি দুর্ঘটনার কারণে চুক্তি অনুযায়ী অর্থ প্রদান করবে।

বিভিন্ন কোম্পানি নিজস্ব পলিসি অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে বিমা প্রদান করে। কিছু কোম্পানি সরাসরি গ্রাহকদের কাছে তথ্য নিয়ে গ্রাহককেই বিমা সুবিধা প্রদান করে। কিছু কোম্পানি আবার লোকাল ব্রোকারেজ হাউস কিংবা ইনস্যুরেন্স এজেন্ট দ্বারা বিমা প্রদান করে।

বিমা সংক্রান্ত কঠিনতম ধারণা হলো, আপনি যে জন্য টাকা প্রদান করছেন সেটা আপনার বর্তমানে কোনো কাজে আসবে না। কেউ কখনোই চায় না জীবনে খারাপ কিছু বা দুর্ঘটনার সম্মুখীন হতে। বিমা ছাড়া ক্ষতিকর কিছু ঘটলে, অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। বিমা একটি গুরুত্বপূর্ণ আর্থিক হাতিয়ার। দুর্যোগ বা দুর্ঘটনার পর আর্থিক সহায়তায় নিশ্চয়তা দিয়ে থাকে। বিমাকে ভবিষ্যতের সঞ্চয় হিসেবে গণ্য করা যায়। দুর্ঘটনা মানুষের জীবনের গতি পথ পরিবর্তন করে দেয়। এই রকম কিছু ঘটলে যেন ঘর ছাড়া না হতে হয়, ছেলে মেয়েকে পড়াশোনা বন্ধ না করতে হয়, কিংবা গাড়ি মেরামতের জন্য ঋণ গ্রহণ না করতে হয়। বিমা গ্রহণের মাধ্যমে জীবনের দুশ্চিন্তা কমানো সম্ভব।

একটি কোম্পানির মাধ্যমে পরিচালিত হয় বিমার কার্যক্রম। পলিসি বাহক এবং অন্যান্য বিনিয়োগকারীর কাছ থেকে প্রিমিয়ামের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করে থাকে। বর্তমানে বিমার পরিধি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, ঘরের আসবাবপত্র সবকিছুই বিমার আওতায় আনা যায়। বিমার আওতায় আনার জন্য ক্রয়মূল্যের পাশাপাশি কিছু অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়। এতে ভবিষ্যতে অনিশ্চিত কিছু ঘটলে তা থেকে নিস্তার পাওয়ার একটি সম্ভাবনা থাকে। কিছু ক্ষেত্রে আবার বিমা গ্রহণ করা অত্যাবশ্যকীয়, যেমন—গাড়ির ক্ষেত্রে বাধ্যতামূলক ইনস্যুরেন্স গ্রহণ করা, বাড়ি ক্রয়ে মর্টগেজের ক্ষেত্রে হ্যাজার্ড ইনস্যুরেন্স গ্রহণ করা বাধ্যতামূলক।

বিমা গ্রহণ করার ক্ষেত্রে যথেষ্ট দক্ষ হতে হয়। স্বল্পমূল্যে প্রিমিয়াম সুবিধা গ্রহণ করে সর্বোচ্চ কাভারেজ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। বিভিন্ন কোম্পানি কর্তৃক প্রদানকৃত প্রিমিয়ামের মূল্য এবং সুবিধাগুলো গ্রাফের মাধ্যমে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অনেক সময় একই কোম্পানির বান্ডেল গ্রহণ করে প্রিমিয়াম কমানো যেতে পারে। বিমা গ্রহণ করার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় নেওয়া যেতে পারে—

বিমা কোম্পানির আওতা

বিমা কোম্পানি নির্বাচনের ক্ষেত্রে প্রথমত দেখতে হবে, কোম্পানি কী ধরনের সুবিধা প্রদান করে। একই সঙ্গে প্রয়োজনীয় অনেক ধরনের বিমার সুবিধা থাকলে বিশেষ ছাড় পাওয়া যায়। কোম্পানির বিশ্বাসযোগ্যতা এবং গ্রাহকের সন্তুষ্টিও বিবেচনায় নিতে হবে। শুধু কম মূল্যে প্রিমিয়ামের কারণেই যেকোনো কোম্পানিতে বিমা করা বুদ্ধিমানের কাজ হবে না।

বিমা কোম্পানির অর্থনৈতিক ক্ষমতা

কোম্পানি বিমা গ্রহীতাদের তাদের চাহিদা অনুযায়ী ক্ষতিপূরণ ফেরত দিতে পারবে কিনা সেটা বিবেচনায় নিতে হবে। ভবিষ্যতে কোম্পানি দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটা যাচাই করে দেখতে হবে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি রয়েছে, যারা বিভিন্ন কোম্পানির অর্থনৈতিক সক্ষমতা নির্ধারণ করে থাকে। ক্রেডিট রেটিং এজেন্সি রিপোর্ট অনুযায়ী ধারণা নিয়ে বিমা কোম্পানির কাছে বিমা গ্রহণ করা যেতে পারে।

কোম্পানির প্রকার

বিভিন্ন কোম্পানি নিজস্ব পলিসি অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে বিমা প্রদান করে। কিছু কোম্পানি সরাসরি গ্রাহকদের কাছে তথ্য নিয়ে গ্রাহককেই বিমা সুবিধা প্রদান করে। কিছু কোম্পানি আবার লোকাল ব্রোকারেজ হাউস কিংবা ইনস্যুরেন্স এজেন্ট দ্বারা বিমা প্রদান করে। আপনার জন্য অধিক সুবিধাজনক পদ্ধতি গ্রহণ করে বিমা করতে পারেন।

গ্রাহকের সন্তুষ্টি

বিমা কোম্পানি নির্ধারণ করার আগে অবশ্যই গ্রাহকের সন্তুষ্টির কথা জানার চেষ্টা করতে হবে। বিভিন্ন রিভিউ, রেটিং, মতামত দেখে কোম্পানি সম্পর্কে জেনে নিলে ভবিষ্যতে অসুবিধায় পড়তে হবে না। দিন শেষে গ্রাহকের সন্তুষ্টি বড় বিষয়, বিমা গ্রাহক সন্তুষ্ট হলে ধরে নিতে হবে বিমা কোম্পানি পলিসি অনুযায়ী গ্রাহককে সেবা দিয়ে যায়।

ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক যেকোনো অর্থনৈতিক ব্যাপারে বিমা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। বিমা গ্রহণ করার আগে অবশ্যই কোম্পানির পলিসি পেপার ভালো ভাবে পর্যবেক্ষণ করতে হবে। ভবিষ্যতে দুর্দিনে বিমা কোম্পানি যথাযথ সুবিধা প্রদান করবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। যথাযথভাবে প্রয়োজনীয় বিমা সুবিধা গ্রহণ করে দুশ্চিন্তার অবসান করে উন্নয়নের দিকে অগ্রসর হতে হবে।