ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে। নিহত ওই রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞের নাম আবু মালিক। গত ২৪ জানুয়ারি মসুলের কাছে এক হামলায় তিনি নিহত হন। খবর এএফপি ও বিবিসির।
এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, আইএসকে রাসায়নিক অস্ত্র ব্যবহারে সক্ষম করে তোলার জন্য আবু মালিক প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। আবু মালিক ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের অধীনে রাসায়নিক অস্ত্র প্রকৌশলী হিসেবে কাজ করেছিলেন। পরে তিনি আল-কায়েদা হয়ে আইএসে যোগ দেন।
মার্কিন সামরিক বাহিনী বলছে, আবু মালিক নিহত হওয়ার ঘটনায় রাসায়নিক অস্ত্র তৈরি ও ব্যবহারের ক্ষেত্রে আইএস অনেকটা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। আইএস রাসায়নিক অস্ত্র হিসেবে ক্লোরিন গ্যাস ব্যবহার করছে বলে প্রায়ই খবর পাওয়া গেলেও সংগঠনটির রাসায়নিক অস্ত্রের গুপ্ত ভান্ডার গড়ে তোলার বিষয়ে কোনো প্রমাণ নেই।
গত বছর উত্তর বাগদাদে জিহাদি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের পর ইরাকের পুলিশ কর্মকর্তারা বমি করেন ও মাথাব্যথায় আক্রান্ত হন। ক্লোরিন গ্যাসের কারণেই তাঁরা ওই অবস্থার শিকার হন বলে ধারণা করা হয়।
ক্লোরিন গ্যাস ‘চোকিং এজেন্ট’ নামের রাসায়নিক অস্ত্রের শ্রেণিভুক্ত। এই গ্যাসের মাত্রা বেশি হলে শ্বাসনালী পুড়ে যায়। আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি মাথা ঘোরা ও বমি বমি ভাব হয়।