বিমানবন্দরে ফের জেরার মুখে আলী জুনিয়র

এক মাস পর এবার ওয়াশিংটনে একটি বিমানবন্দরে ফের প্রশ্নের মুখে পড়লেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আলী জুনিয়র। গতকাল শুক্রবার রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে একবার টিকিট কাউন্টারে ও আরেকবার নিরাপত্তা তল্লাশি পয়েন্টে তাঁকে জেরার মুখে পড়তে হয়। ইউএসএ টুডে গতকাল এ খবর জানায়।
ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ডেবি ওয়াসারম্যান শোলজ প্রথম টুইটারে এ বিষয়টি জানান। কারণ, তিনি ও মোহাম্মদ আলী জুনিয়র একই উড়োজাহাজের যাত্রী ছিলেন।
গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা তাঁকে আটকে রেখেছিলেন অভিবাসন কর্মকর্তারা। এ সময় তাঁর কাছে তাঁরা প্রশ্ন ছোড়েন, ‘তুমি কি মুসলিম?’
৪৪ বছর বয়সী মোহাম্মদ আলী জুনিয়রের জন্ম যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়। তিনি মার্কিন পাসপোর্টধারী।
ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অথরিটি (টিএসএ) জানায়, তারা আলী জুনিয়রকে আটক করেনি...শুধু তাঁর পরিচয় নিশ্চিত হতে কথা বলার জন্য থামানো হয়েছিল।
‘দ্য কুরিয়ার জার্নাল’কে এক ই-মেইলে টিএসএর মুখপাত্র জানিয়েছেন, কোনো যাত্রীকে আটক করার অধিকার টিএসএর নেই, আর এটি হয়ওনি।টিএসএর ভাষ্যমতে, আলী জুনিয়র রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে এলে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাঁকে ফোন দেওয়া হয়। ১১ মিনিট পর তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি নিরাপত্তা তল্লাশি পয়েন্টে যান। তাঁর গায়ে অনেক গয়না থাকায় তা খুলে স্ক্যান করা হয় এবং তাঁকে তল্লাশি করা হয়। সাত মিনিটের স্ক্রিনিং শেষে তাঁকে ফ্লাইট ধরার জন্য ছেড়ে দেওয়া হয়।
টেলিফোনে গতকাল আলী জুনিয়রের আইনজীবী ক্রিস মানচিনি দ্য কুরিয়ার জার্নালকে বলেন, টিকিট কাউন্টারে আলী জুনিয়রকে ২০ মিনিট ধরে ফোনকলে রাখা হয়। একই সঙ্গে তিনি টিএসএর বিবৃতিকে ‘মিথ্যায় পরিপূর্ণ’ বলে উল্লেখ করেন।
মানচিনি বলেন, আলী জুনিয়র তাঁর বোর্ডিং পাসটি পাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে কম্পিউটার ‘ঝামেলা’ করছে বলে জানানো হয়। টিকিট এজেন্ট তখন তাঁকে ইলিনয় অঙ্গরাজ্য থেকে দেওয়া পরিচয়পত্র বাতিল করে। এবং ফোনে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে ধরিয়ে দেয়। এ সময় ফোনে তাঁর কাছে জন্মতারিখ ও জন্মস্থান জানতে চাওয়া হয়। তবে তাঁর ধর্ম-সম্পর্কিত কিছু জানতে চাওয়া হয়নি।
মানচিনি বলেন, আলী জুনিয়রের সঙ্গে ২০ মিনিট ধরে কথা বলা হয়। ফলে তাঁর পেছনে দীর্ঘ লাইন তৈরি হয়। আলী জুনিয়র স্বেচ্ছায় তাঁর পাসপোর্টটি টিকিট এজেন্টকে দেন। টিকিট এজেন্ট পাসপোর্ট নম্বরটি ফোনে পড়ে শোনালে তারপর তাঁকে ছাড়া হয়। এই দেরির জন্য কোনো ব্যাখ্যা দেয়নি টিএসএ।