বিমানবন্দরে হামলাকারী ইরাক যুদ্ধের সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফোর্ট লডারডেল বিমানবন্দরে গুলি করে হতাহতের ঘটনায় আটক এস্তেবান সান্তিয়াগোর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। খবর বিবিসির।বিমানবন্দরে ওই হামলায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হন। ইরাক যুদ্ধফেরত ওই সাবেক মার্কিন সেনা আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংস ঘটনা ঘটানোর জন্য অভিযুক্ত হন। এ অপরাধে তাঁর সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে। এ ছাড়া তাঁকে অস্ত্র আইনেও অভিযুক্ত করা হতে পারে।
আদালত সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অভিযোগে বলা হয়, সান্তিয়াগো পরিকল্পিতভাবেই বিমানবন্দরে হামলা চালান। এ জন্য তিনি আলাস্কা থেকে ফোর্ট লডারডেল পর্যন্ত একমুখী টিকিট কিনেছিলেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি উইফ রেডো ফেরার জানান, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করেই আজ তাঁর বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়েছে। যা রাষ্ট্র ও স্থানীয় আইন অনুযায়ী সেখানকার অধিবাসী ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে।
গত শুক্রবার ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে যাত্রীদের মালামাল বুঝে নেওয়ার স্থানে গুলির চালানোর ঘটনা ঘটে। এর পরপরই পুলিশের গুলিতে আহত অবস্থায় সান্তিয়াগোকে আটক করা হয়। হাসপাতালে ভর্তির পর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
সন্দেহভাজন হামলাকারী এস্তেবান সান্তিয়াগো পুয়ের্তো রিকো ও আলাস্কা ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। তিনি ২০১০ সালের এপ্রিল থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত ইরাকে মোতায়েন ছিলেন। ২০১৬ সালের আগস্টে তাঁর চাকরির মেয়াদ শেষ হয়। তবে মার্কিন গণমাধ্যমগুলোর দাবি, অসন্তোষজনক পারফরম্যান্সের কারণে তাঁকে আলাস্কা ন্যাশনাল গার্ড থেকে বরখাস্ত করা হয়।