বিমানবন্দরে হেনস্তা থামবে কবে
এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি তার বিশাল দুই ডানা মেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে মনটা আমার আনন্দে ভরে গেল। দেশের মাটির ঘ্রাণ নাকে এসে লাগল। কিন্তু পরক্ষণেই বিমানবন্দর ভবনের দৈন্যদশা দেখে মনটা খারাপ হয়ে গেল। পৃথিবীর অন্তত বিশটি দেশের বিমানবন্দর দেখার সৌভাগ্য আমার হয়েছে। তার মধ্যে আমাদের বিমানবন্দরকেই সবচেয়ে গরিব মনে হলো।
দীর্ঘদিন অনাহারে থাকলে যেমন একজন মানুষ তার চেহারার জৌলুশ হারিয়ে বসে, বিমানবন্দর ভবন দেখে আমার সে রকমই মনে হলো। যা হোক উড়োজাহাজের দরজা খোলার পর সব যাত্রীর সঙ্গে আমিও নেমে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ালাম। ইমিগ্রেশনে বিদেশি নাগরিকদের জন্য নির্ধারিত চারটি লাইনের একটিতে দাঁড়িয়ে গেলাম। আমার ফ্লাইটটিতে বিদেশি নাগরিক বেশি ছিল বলে চারটি লাইনই অনেক লম্বা হয়ে গেল। প্রবাসে বাংলাদেশি অনেকেই বিদেশি পাসপোর্ট গ্রহণ করায়, তারাও বিদেশিদের জন্য নির্ধারিত লাইনে দাঁড়াল। তাদের মধ্যে আমিও একজন। লাইন ধীর গতিতে এগোতে থাকল। ইমিগ্রেশন অফিসার প্রতি যাত্রীর জন্য ৪/৫ মিনিট সময় ব্যয় করছেন। ফলে প্রায় ৪৫ মিনিট লাইনে দাঁড়িয়ে আমি কর্মকর্তার দেখা পেলাম।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর কারণে অনেকেই উত্তেজিত হয়ে বিরূপ মন্তব্য করছেন। তা ছাড়া লাইনে অনেক বয়স্ক নারী-পুরুষও ছিলেন, যাদের এত দীর্ঘসময় লাইনে দাঁড়াতে কষ্ট হচ্ছিল। তাদের চোখেমুখে ছিল রাজ্যের বিরক্তি ও হতাশা। আমার বিরক্তির কারণ ছিল অন্য জায়গায়।
প্রথমত, বিমানবন্দরের দৈন্যদশা। তার ওপর দীর্ঘ ১২-১৮ ঘণ্টা সফর করে এসে যদি ইমিগ্রেশনের লাইনে একজন বিদেশিকে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে একটা দেশ সম্পর্কে তার ধারণা কতটা খারাপ হতে পারে! ইমিগ্রেশন শেষ করে লাগেজের জন্য নির্ধারিত বেল্টে গেলাম। ভাবলাম যেহেতু ইমিগ্রেশনে অনেক সময় লেগেছে, তাই ওখানে গিয়েই সঙ্গে সঙ্গে লাগেজ পেয়ে যাব। কিন্তু না, ওখানে গিয়ে আরও আধ ঘণ্টা অপেক্ষা করতে হলো।
অতঃপর লাগেজ নিয়ে অভ্যন্তরীণ লাউঞ্জে গেলাম সিলেট যাওয়ার জন্য। যথারীতি নভো এয়ারের বোর্ডিং কার্ড নিয়ে নিরাপত্তা তল্লাশি করতে গিয়ে দেখলাম, সবাইকে ঘনঘন মাইকে নির্দেশ দেওয়া হচ্ছে, জুতা, বেল্ট, ঘড়ি, কোট—সব খুলে ট্রেতে রাখার জন্য। একজন গলার মাফলার খোলেননি বলে তাঁকে মাফলারও খুলতে বলা হলো। যা হোক, সব খুলে নিরাপত্তা তল্লাশি পার হলাম। ভাবলাম, আমেরিকা ও দুবাইয়ে দুবার আমার নিরাপত্তা তল্লাশি হয়েছে। কেউ তো ঘড়ি খুলতে বলেনি। বরং দুবাইয়ে আমার জুতা লেদারের না হওয়ায় তাও খুলতে নিষেধ করেছে। অথচ আমি ঢাকা থেকে সিলেট যাব, তাতে এত কড়াকড়ি কেন, যেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোতেও এত কড়াকড়ি নাই।
শুনেছি দেশের সবগুলো অভ্যন্তরীণ বিমানবন্দরেই নিরাপত্তার নামে এই অতিরিক্ত বাড়াবাড়ি করা হচ্ছে। বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা দেখে আমার মনে হলো যাত্রীদের আরাম দেওয়ার বিন্দুমাত্র চিন্তা তাদের নেই। বরং কীভাবে নিত্যনতুন আইন বানিয়ে সবকিছু কঠিন করে যাত্রীদের কষ্ট বাড়ানো যায়, তা-ই যেন তারা খুঁজছে প্রতিনিয়ত। তা ছাড়া বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তির কথা বলে আমরা অহর্নিশ গলা ফাটাচ্ছি। অথচ বিদেশিরা যে বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, তার ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।
যেখানে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে, সেখানে সরকার কি পারে না ৫০০ কোটি টাকা খরচ করে বিমানবন্দর ভবন, ইমিগ্রেশন ব্যবস্থা—সবকিছু আধুনিকীকরণ করতে। এগুলো দেখার কি কেউ নেই? ইংরেজিতে একটি কথা আছে, ‘মর্নিং শো’স দ্য ডে।’ বিদেশিরা বাংলাদেশে প্রবেশের মুহূর্তেই পুরো দিনের কী খবর পাচ্ছে, তা কি আমরা ভাবব না।