বিমানে ওঠার আগে তিন জঙ্গি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে জঙ্গি সংগঠনে যোগ দিতে বিমানে ওঠার আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা উজবেকিস্তান থেকে আসা অভিবাসী। তাঁদের মধ্যে দুজন জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে যাচ্ছিলেন বলে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) তদন্তে জানা গেছে। এফবিআইয়ের তথ্যমতে, ওই যাত্রীবাহী বিমানটি ছিনতাই করে আইএস জঙ্গিদের কাছে দেওয়ার মতলব ছিল তাঁদের।
গতকাল বুধবার ইস্তাম্বুলগামী ফ্লাইটে ওঠার আগে ওই তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন আবদুর রসুল হাসানোভিক (২৪), আকরক সাইদা কমেটতোভ(১৯) ও আবরর হাবিবভ (৩০)। প্রথম দুজনকে নিউইয়র্কে ও আবরর হাবিবভকে ফ্লোরিডায় গ্রেপ্তার করে ফেডারেল আদালতে হাজির করা হয়।
জঙ্গিদের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করছিলেন আবরর হাবিবভ।
আদালতে দেওয়া মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, গ্রেপ্তার হওয়া হাসানোভিক ও হাবিবভ উজবেকিস্তান থেকে আসা অভিবাসী। তাঁদের সহযোগী সাইদা কমেটতোভ উজবেকিস্তান বংশোদ্ভূত। তিনজনেই নিউইয়র্কের ব্রুকলিন এলাকায় থাকেন।
গত বছরের আগস্ট মাসে এই তিনজনের সন্দেহজনক তৎপরতা প্রথম মার্কিন গোয়েন্দাদের নজরে আসে। উজবেক একটি ওয়েবসাইটে জঙ্গিবাদের সমর্থনে লেখার সূত্র ধরে তাঁদের ওপর নজরদারি শুরু হয়। ছদ্মবেশে তাঁদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। গোয়েন্দাদের তথ্যদাতারা বন্ধু সেজে ওই তিন ব্যক্তির সঙ্গে জঙ্গি পরিকল্পনা নিয়ে কথা বলেন। তাঁদের কথাবার্তা গোপনে রেকর্ড করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজন সরাসরি সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন। হাসানোভিক তাঁর মাকে ফাঁকি দিয়ে ইস্তাম্বুল হয়ে সিরিয়া যাওয়ার ষড়যন্ত্র করেন।
গোয়েন্দাদের তথ্যদাতার সঙ্গে কথাবার্তায় তাঁরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পুলিশকে গুলি করা, নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমাবাজির পরিকল্পনার কথা আলোচনা করেন। যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের পরিকল্পনার কথাও তাঁরা আলোচনা করেন। তাঁদের সব কথোপকথন গোপনে রেকর্ড করা হয়।
গত সপ্তাহে যুক্তরাজ্য থেকে তিন তরুণীর আইএসে যোগ দেওয়ার জন্য দেশ ছাড়া নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। ইন্টারনেটের মাধ্যমে নীরবে জঙ্গি ভাবাদর্শের এই বিস্তার নিয়ে পশ্চিমের মুসলমান পরিবারগুলো উদ্বিগ্ন।
সংবাদ সম্মেলনে নিউইয়র্কের পুলিশ কমিশনার বিলবার টন বলেছেন, গতকালের গ্রেপ্তারের ঘটনা দেশের ভেতরে নীরবে বেড়ে ওঠা জঙ্গিবাদের হুমকির কথাই আমাদের মনে করিয়ে দিচ্ছে।