ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এতে বিশ্ব বড় ধরনের ধাক্কা খেয়েছে। এই নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও সুরতহাল। এমন এক আলোচনা চলছিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে মেক্সিকোগামী ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে। একপর্যায়ে আলোচনা বেশ উত্তপ্ত হয়ে ওঠে। তখন বাদ সাধেন বিমানের পাইলট। বললেন, ‘ক্যাপ্টেন বলছি। দয়া করে আমার বিমানে ডোনাল্ড ট্রাম্প নিয়ে তর্কে জড়াবেন না।’
পাইলটের কণ্ঠসহ বিমানের ওই মুহূর্তের ভিডিও ইউটিউবে দেওয়ার পর ব্যাপক সাড়া পড়ে। অবশ্য ওই পাইলটের নাম জানা যায়নি।
ইউটিউবে ভিডিওটি দিয়েছেন জন বাউর নামের এক ব্যক্তি। তিনি বলেন, তাঁর এক বন্ধু ওই ফ্লাইটে ছিলেন। হঠাৎ করে ট্রাম্প নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। তা একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে চলে যায়। এক ব্যক্তি তখন ট্রাম্পের পক্ষ নিয়ে বিমানে থাকা আফ্রিকান-আমেরিকান এক নারী সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করে বসেন। ওই নারী এতে ভয় পেয়ে যান এবং কাঁদতে থাকেন।
তখন বিমানে থাকা অন্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবুও উত্তেজনা কমছিল না। তখন বিমানে লাউড স্পিকারে শোনা যায় পাইলটের কণ্ঠ। অনেকটা নির্দেশের সুরেই বলেন, ‘আমি বুঝতে পারছি প্রত্যেকের নিজস্ব বক্তব্য আছে। এটা স্বাভাবিক। আপনি যদি তাঁকে (ট্রাম্প) সমর্থন করেন তবে ভালো। যদি না করেন তাও আমি বুঝতে পারি। তবে দয়া করে আমার বিমানে ডোনাল্ড ট্রাম্প নিয়ে তর্কে জড়াবেন না। এই বিষয়ে আমাদের প্রত্যেকের মত নিজেদের কাছেই রাখুন। তা নিয়ে বিবাদে জড়াবেন না।’
পাইলটের এক বক্তব্যের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সবাই হাততালি দিয়ে তাঁর বক্তব্যকে স্বাগত জানান।