বিয়ে করেও রেহাই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার নাগরিকদের বিয়ে করেও রেহাই মিলছে না অভিবাসীদের। গ্রিনকার্ডের আবেদন করতে গিয়ে ধরপাকড়ের শিকার হচ্ছেন অনেকে। ট্রাম্প প্রশাসনের নানামুখী চাপে অভিবাসীর দেশ হিসেবে পরিচিত আমেরিকা অভিবাসীদের জন্য জটিল হয়ে উঠেছে। গত তিন মাসে আমেরিকার বিভিন্ন অভিবাসন কার্যালয়ে নিয়মিত সাক্ষাৎকার দিতে গেলে অভিবাসন পুলিশ অনেককে আটক করে। এ অবস্থায় মার্কিন নাগরিক বিয়ে করেছেন, এমন অনেক অভিবাসী গ্রিনকার্ডের জন্য সাক্ষাৎকারে হাজির হতেও ভয় পাচ্ছেন। কোনো ছুতোয় কোন সময় ধরা পড়ে আমেরিকা থেকে বিতাড়নের শিকার হতে হয়—এমন আশঙ্কায় সাক্ষাৎকারে হাজির হতেও ভয় পাচ্ছেন তাঁরা। আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে এমন আতঙ্কে আর কখনো পড়তে হয়নি অভিবাসীদের।
আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমের গত কয়েক সপ্তাহের প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, গ্রিনকার্ডের জন্য সাক্ষাত্কার দিতে গেলে ইমিগ্রেশন এজেন্টরা অভিবাসীদের ধরতে ঝাঁপিয়ে পড়েছে। অথচ আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিতাড়নের আদেশ বা গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে এমনটি নয়। আমেরিকার নাগরিকদের স্বামী বা স্ত্রী সূত্রে গ্রিনকার্ড আবেদনকারীদের জন্য অন্তত এখনো বিষয়টি নিয়ে চিন্তা না থাকারই কথা। কারণ আইনে কোন পরিবর্তন আসেনি। এ ধরনের আইন চালু করার চিন্তা-ভাবনাও ট্রাম্প প্রশাসনে নেই। আমেরিকায় অভিবাসনের জন্য পরিচিত নাগরিককে বিয়ে করে গ্রিনকার্ডের আবেদন করা হচ্ছে—এমনটি এখানে স্বাভাবিক ঘটনা।
অভিবাসন অ্যাটর্নিদের মতে, বহিষ্কারের আদেশে পড়েননি এমন কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ অভিবাসন কাগজপত্রহীন না হন এবং তিনি যদি একজন মার্কিন নাগরিককে বিয়ে করে থাকেন, তাহলে তাঁর ভয়ের কোন কারণ নেই। গুরুতর কোনো অপরাধের অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদের গ্রিনকার্ডের সাক্ষাৎকার দিতে যাওয়ার আগে ভাবতে হবে। যাঁরা বৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছেন

এবং গ্রিনকার্ডের জন্য বৈবাহিক সূত্রে আবেদন করেছেন, তাঁদের জন্য প্রক্রিয়াটি সাধারণত সোজা-সাপটা। তবে যদি কেউ অভিবাসন আইন লঙ্ঘন করে আমেরিকায় প্রবেশ করেন, তাঁর গ্রিনকার্ড পাওয়ার পথ বেশ জটিল। তবে তাঁদের জন্যও আমেরিকায় এখনো আইনি সম্ভাবনা ভালো বলে অভিবাসন আইনজীবীরা বলছেন।
অভিবাসন নিয়ে কাজ করে এমন বিভিন্ন গ্রুপ বলছে, প্রশাসনের নতুন কড়াকড়ি নীতিহীন, অনুপযুক্ত ও অপমানজনক। যখন মানুষ তাদের বৈধ অভিবাসন প্রক্রিয়া গ্রহণ করে এবং স্বেচ্ছায় একটি সাক্ষাত্কারের জন্য উপস্থিত হয়, তখন তাঁদের গ্রেপ্তার করা নিষ্ঠুরতা ছাড়া কিছু নয়।
অভিবাসন সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, যেসব অভিবাসীর নামে বহিষ্কারের আদেশ রয়েছে, তাদের ক্ষেত্রে গ্রিনকার্ডের সাক্ষাৎকারে যাওয়ার আগে এ বিষয়ে আইনই পদক্ষেপ নিতে হবে। আমেরিকায় অবৈধ থাকার জন্য আমেরিকায় প্রবেশে মেয়াদি নিষেধাজ্ঞা থাকলে আগেই এর প্রতিকারমূলক পদক্ষেপ নিয়ে গ্রিনকার্ডের সাক্ষাৎকারে যেতে হবে। অন্যথায় গ্রেপ্তারের কবলে পড়তে পারেন।
আইনজীবীরা বলছেন, অভিবাসী হিসেবে যদি আপনার রেকর্ড পরিষ্কার হয় এবং আপনার বিয়ে ঠিক হয়, তাহলে আপনার বিয়ের সূত্র ধরে গ্রিনকার্ডের জন্য আবেদন করতে ভয় নেই। এটাই এখনো আমেরিকায় স্থায়ী বসবাসের সবচেয়ে সহজতম, দ্রুততম এবং অনেক মানুষের জন্য আইনি অবস্থা।