বিরোধ, প্রভাব বিস্তারে বেহাল চট্টগ্রাম সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ জনের কমিটি। ১১ জন পদত্যাগ করেছেন। বাকি ১০ জনের দুজন বাফেলো শহরের স্থায়ী বাসিন্দা। আরও দুজন থাকেন নিউইয়র্ক নগরের বাইরে—একজন পেনসিলভানিয়ায়, অন্যজন স্ট্যামফোর্ডে। আরেকজন বহিষ্কৃত। সেই হিসেবে সমিতিতে নির্বাহী কমিটির সক্রিয় সদস্য সংখ্যা পাঁচজনের বেশি নয়। এই হচ্ছে ‘চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’–এর বর্তমান সাংগঠনিক হাল। ২০১৭ সালের এপ্রিলে আট শ’র বেশি সদস্যের ভোটে নির্বাচিত কমিটির এখন কোনো কর্মকাণ্ড নেই বললেই। আছে শুধু প্রভাব বিস্তারের খেলা।

চিটাগাং অ্যাসোশিয়েশনের বিরোধ বেশ পুরোনো। কখনো ভবন দখলের বিরোধ, কখনো পদ দখলের। কিন্তু সব বিরোধকে ছাপিয়ে গত দুই বছরে চট্টগ্রাম সমিতি পরিণতি হয়েছে নামসর্বস্ব একটা সংগঠনে। সমিতির গঠনতন্ত্র বলছে, এপ্রিলে মেয়াদ শেষ হয়ে গেছে বর্তমান কমিটির। এরপরও দুই মাস ধরে সমিতির দায়িত্ব নিয়ে নির্ভাবনায় সভাপতি আবদুল হাই জিয়া।

ব্রুকলিনের কেনসিংটনে ৫৪৫ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ে চট্টগ্রাম সমিতির অফিস। দুই বছরের মধ্যেচট্টগ্রাম সমিতি এখন ত্রিধারায় বিভক্ত। অনুসন্ধানে উঠে এসেছে সমিতির বিরোধের নানা তথ্য, নানা মত আর বিশ্লেষণ।

চট্টগ্রাম সমিতির সদস্যদের অনেকের ভাষ্য, দীর্ঘদিন ধরে হাতে গোনা কয়েকজন মানুষের নিয়ন্ত্রণে এই সংগঠন। প্রায় তিন হাজার সদস্যের বেশির ভাগই এদের ইচ্ছায় কখনো ডানে, কখনো বামে যায়। সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে এভাবে প্রভাববিস্তারী অনেক নেতা এলে গেলেও এখনো টিকে আছেন মোহাম্মদ হানিফ। সমিতির রাজনীতি মূলত আবর্তিত হচ্ছে তাঁকে ঘিরে। বিভিন্ন সময়ে অনেকে তার বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করে তেমন সুবিধা করতে পারেননি। কাজী শাখাওয়াত হোসেন আজমকে (কাজী আজম) কেউ কেউ মোহাম্মদ হানিফের বিরোধী পক্ষ হিসেবে বিবেচনা করেন।

চট্টগ্রাম সমিতিতে বড় ধরনের বিবাদ–বিরোধের শুরু বাড়ি কেনা নিয়ে। ১৯৯৭ সালে সমিতির জন্য বাড়ি কেনা নিয়ে জটিলতা থেকে মেরুকরণ হয় নেতৃত্বের। পাঁচ বছর ধরে আদালতে মামলা চালিয়ে জটিলতা কাটলেও এ সময়ের বাড়ি ভাড়া চলে যায় বিবাদী পকেটে। আইনি জটিলতার কারণে সে অর্থ আর উদ্ধার করা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে নানা জটিলতা মোকাবিলা করলেও, ২০১৭ সালের এপ্রিলের নির্বাচনে সবচেয়ে কঠিন সময় পার করেছে চট্টগ্রাম সমিতি। প্রায় ২ হাজার ৮০০ সদস্য থাকলেও নির্বাচনে ভোট পড়েছে প্রায় আট শ বা ২৯ শতাংশ। আকবর-তাহেরের নেতৃত্বে নির্বাহী কমিটি সে সময় নির্বাচন কমিশন গঠন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা বিতর্কের জন্ম দেয়। দুই মেরুর মানুষ মোহাম্মদ হানিফ এবং কাজী আজম এক হয়ে পক্ষ নেন সাধারণ সম্পাদক আবু তাহের সমর্থিত জিয়া-সেলিম পরিষদের।

এদিকে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনে সভাপতি আকবর আলীর আস্থাভাজন প্যানেল জাহাঙ্গীর-বিল্লাহ পরিষদ। ক্ষমতাবলে সভাপতি নির্বাচন কমিশনের প্রধানসহ তিনজনকে বাদ দিয়ে আবার কমিশন গঠন করেন। কমিশনের বাদ দেওয়া সদস্যদের নিয়ে নির্বাচনের পথে চলতে থাকে সাধারণ সম্পাদকের সমর্থিত প্যানেল জিয়া-সেলিম পরিষদ। আগে থেকে নির্ধারিত নির্বাচনের দিনে যুক্তরাষ্ট্রে পেশাদার ভোট সংগ্রাহক প্রতিষ্ঠান ‘অনেস্ট ব্যালট’–এর মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়। এবং তাদের পুরো প্যানেলকে বিজয়ী ঘোষণা করে সভাপতির বাদ দেওয়া নির্বাচন কমিশনের প্যানেল। ভোটের আগের রাতে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাহাঙ্গীর-বিল্লাহ পরিষদ। কিন্তু ভোটের দিন সন্ধ্যায় সভাপতি গ্রুপের দখলে থাকা সমিতির অফিসে কণ্ঠভোটে নিজেদের বিজয়ী ঘোষণা করে এই পরিষদ। এভাবে চট্টগ্রাম সমিতি কঠিন বিভেদের বেড়াজালে ঢুকে পড়ে বলে মনে করেন সমিতির অনেক সদস্য ও শুভানুধ্যায়ী।

২০১৭ সালের নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম সমিতির সদস্যরা একের পর এক মামলায় জড়িয়ে পড়ে। শুরু হয় সমিতির অফিস দখল পাল্টা দখলের খেলা। হামলা পাল্টা হামলা চলে দীর্ঘদিন। একসময়, আদালতের নির্দেশে সমিতির দখল নেয় জিয়া-সেলিম পরিষদ। আদালতে এ নিয়ে আর আপিল না করার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীর-বিল্লাহ পরিষদ।

২০১৭ সালে প্রায় ৭১ শতাংশ সদস্য নির্বাচন প্রক্রিয়ার বাইরে ছিল। দুই পক্ষের স্বতঃস্ফূর্ত ভোট হলে ভোটারের উপস্থিতি আরও অনেক বেশি হতো বলে মনে করা হয়। জিয়া–সেলিম পরিষদ সমিতির অফিস দখলে নেওয়ার পর শুরু হয় নিজেদের মধ্যে বিরোধ। সভাপতি আবদুল হাই জিয়াকে অসাংগঠনিক ও আত্মকেন্দ্রিক ব্যক্তি দাবি কমিটির অনেক সদস্যের। তাদের দাবি, বিগত কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার ক্ষেত্রে হিসাব–নিকাশের বিষয়টি তিনি আমলে আনেননি বলে সমিতি অন্তত আড়াই লাখ ডলারের হিসাব পায়নি। অন্যদিকে, জিয়া সমর্থিতদের অভিযোগ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের অনুগতরা শুরু থেকেই সমিতির স্বাভাবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করেছেন। সাধারণ সম্পাদক কমিটির কোষাধ্যক্ষের সঙ্গে যোগসাজশে সমিতির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নিয়েছেন।

জাহাঙ্গীর-বিল্লাহ পরিষদের সঙ্গে সাংগঠনিক ও আইনি যুদ্ধে জয়ের মাত্র ছয় মাসের মধ্যে জিয়া-সেলিম পরিষদে বিরোধ দেখা দেয়। সে বছরের নভেম্বরে ইদে মিলাদুন্নবী (সা.) পালন নিয়ে কমিটির বৈঠকে বিতর্ক এবং এরপর চূড়ান্ত বিভক্তি। শুধু এই একটি বিষয় নিয়ে জিয়া-সেলিম পরিষদে বিভক্তি—এটি মানতে নারাজ সমিতির অনেকেই। তারা মনে করেন, এখানেও হানিফ-আজম ফ্যাক্টর। তারা এক হয়েছিলেন বলে বিভিন্ন সময়ে পরাজিত আবদুল হাই জিয়া আর মোহাম্মদ সেলিম যেভাবে সমিতির ক্ষমতা পেয়েছেন, এখন আবার তাদের বিভক্তিতে জিয়া-সেলিমের যেকোনো একজন ছিটকে যাবেন—এটাই স্বাভাবিক।

মোহাম্মদ সেলিম তাঁর ১১ অনুসারীকে নিয়ে সভাপতির আচরণের বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ যত না সভাপতির বিরুদ্ধে, তার চেয়ে বেশি মোহাম্মদ হানিফের বিরুদ্ধে। একসময় এই ১১ জন পদত্যাগ করেন কমিটি থেকে। সাধারণ সম্পাদক ছাড়াও এ দলে আছেন একজন সহসভাপতি, দুই যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক এবং বাকিরা কমিটির কার্যনির্বাহী সদস্য। এদের দাবি, জিয়া ও তার অনুগতদের ওপর প্রভাব বিস্তার করছেন মোহাম্মদ হানিফ। তিনি কমিটিকে ব্যবহার করে সমিতির ট্রাস্টি বোর্ডের দখল নিয়েছেন। এদিকে, জিয়া বিরোধীদের পক্ষ নেন কাজী আজম।

২৯ শতাংশের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বে আবার ফাটল। ১১ জন পদত্যাগীকে যদি অর্ধেকও ধরা হয়, তাহলে বাকি ১৪ শতাংশ সদস্য সমর্থিতরা এখন দায়িত্বে আছে চট্টগ্রাম সমিতির। তাও মেয়াদোত্তীর্ণ অবস্থায়।

চট্টগ্রাম সমিতির দায়িত্বে থেকে হিসাবে নয়ছয় করেছে বিভিন্ন কমিটি। এ নিয়ে অনুসন্ধানে নানামুখী বক্তব্য পাওয়া গেছে। নিরপেক্ষভাবে তথ্য ও সেই সঙ্গে প্রমাণপত্র পাওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। সমিতির অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ধারাবাহিকভাবে সংরক্ষিত হয়েছে, এমন কোনো প্রমাণ মেলেনি। যখন যে কমিটি দায়িত্ব পেয়েছে, তারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে সমিতির স্বার্থ গৌণ হয়ে গেছে। হিসাব নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত আকবর-তাহেরের কমিটি। নতুন কমিটির কাছে তাদের দুই বছরের আয়–ব্যয়ের কোনো হিসাব তারা দেয়নি।

চট্টগ্রাম সমিতির এখন বেহাল দশা। কেউ বলছেন, এর পেছনে কাজ করছে অর্থ। কারওর মতে পদ। ক্ষমতা নিয়ন্ত্রণই মূল লক্ষ্য। বর্তমানে যারা দায়িত্বে আছেন, তাদের মেয়াদ শেষ হয়েছে এপ্রিলে। দুই মাস পার হলেও নির্বাচন হচ্ছে কিনা, এ নিয়ে সংশয় কাটছে না সমিতির সাধারণ সদস্যদের। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কমিটির সভাপতি জিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কমিটির সিনিয়র সহসভাপতি খোকন কে চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের সময়ের আয়-ব্যয়ের হিসাব করে একটি সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ সভা আয়োজনের দিনক্ষণ নিশ্চিত করতে না পারলেও বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে সমিতিকে পুরোনো রূপে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন তাঁরা। তাঁর মতে, সমিতি পরিচালনার জন্য সংগঠক দরকার। স্বচ্ছতা দরকার। যারাই নেতৃত্বে আসুন, গঠনতন্ত্র মেনে চললে চট্টগ্রাম সমিতিতে কোনো সংকট থাকবে না।

খোকন কে চৌধুরী স্বীকার করেন, সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধের জেরে চট্টগ্রাম সমিতি এই মুহূর্তই সবচেয়ে খারাপ সময় পার করছে। এ জন্য তিনি আকবর আলী-আবু তাহেরের কমিটিকে দায়ী করে বলেন, নির্বাচন ঘোষণার পর থেকে নানা জটিলতা তৈরি করে এই কমিটি চট্টগ্রাম সমিতির দীর্ঘদিনের সব অর্জনকে ম্লান করে দিয়েছে। শুধু তাই নয়, তাদের সময়ে সমিতির যত আয়–ব্যয়, তার হিসাব না দিয়েও তারা সমিতির কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে।

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর আগের কমিটি থেকে আয়–ব্যয়ের হিসাব কেন নেয়নি জানতে চাইলে খোকন বলেন, নির্বাচন নিয়ে যে ধকল গেছে, সেটি সামাল দিতে, মামলা মোকদ্দমা মোকাবিলা করতে করতে কয়েক মাস চলে যায়। এরপর যখন আমাদের কমিটি আগের কমিটির কাছ থেকে হিসাব–নিকাশ বুঝে নেওয়ার উদ্যোগ নেয়, তখন শুরু হয় নিজেদের মধ্যে বিরোধ। সেটা সামাল দিতে দিতেই নিজেদের মেয়াদ শেষ হয়ে আসে। এ ক্ষেত্রে, কমিটির সাংগঠনিক দুর্বলতার কথাও উল্লেখ করেন তিনি।

কমিটির পদত্যাগী সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমও দাবি করেন, আকবর আলী-আবু তাহেরের কমিটি চট্টগ্রাম সমিতির বর্তমান অবস্থার জন্য দায়ী। তারা দুই বছর ধরে ৩টি মেলা, ৩টি বনভোজন করল। বাড়ি ভাড়া পেল প্রতিবছর ৮০ হাজার ডলারের বেশি। অথচ কোনো হিসাব দেয়নি। এই হিসাব চাওয়ায় নিজেদের মধ্যে বিরোধ। সেলিম মনে করেন, তাঁর কমিটির সভাপতি এবং সব সময় সমিতিতে ক্ষমতাধর থাকতে চান এমন কিছু সদস্য বিগত কমিটির সভাপতির সঙ্গে আঁতাত করার কারণে হিসাব পায়নি সমিতি। তিনি বলেন, ‘আমরা সদস্যদের কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু, দায়িত্বে গিয়ে দেখি কিছু মানুষের ষড়যন্ত্রে সেটি মোটেও সম্ভব নয়। তারা আমাদের যেকোনো ভালো উদ্যোগের বিরোধিতা শুরু করায় শেষে আমরা পদত্যাগ করি।’

চট্টগ্রাম সমিতির বিগত কমিটি আয়-ব্যয়ের হিসাব না দেওয়াকে বড় ইস্যু মনে করেন সমিতির সাধারণ সদস্যরা। তবে, আকবর আলীর কমিটির কোষাধ্যক্ষ মোক্তাদির বিল্লাহ (যিনি জিয়া-সেলিম পরিষদের প্রতিপক্ষ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন) বলেন, তিনি দায়িত্বে থাকাকালে সমিতির তহবিল নিয়ে কোনো অনিয়ম হয়নি। নতুন কমিটিকে হিসাব বুঝিয়ে দেওয়া নিয়ে তাঁর বক্তব্য, ‘কার কাছে হিসাব দেব? যে কমিটি সমিতি দখল করেছে, তাদের আমরা বৈধ মনে করি না। সমিতির অর্থতো আমরা যার–তার হাতে তুলে দিতে পারি না।’

চট্টগ্রাম সমিতি প্রসঙ্গ এলেই ঘুরেফিরে আসে মোহাম্মদ হানিফ ও কাজী আজমের নাম। বলা হয়, এ দুজন নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে কলকাঠি নাড়েন। সমিতির সবশেষ কমিটিতে বিরোধের মূললেও এই দুজন, মনে করেন সমিতির বেশির ভাগ সদস্য। আর এ বিরোধের মূলে রয়েছে ট্রাস্টিবোর্ড গঠন। মোহাম্মদ হানিফ দীর্ঘদিন থেকে ট্রাস্টিবোর্ড তার নিয়ন্ত্রণে রেখেছেন। সেখানে কাজী আজমের অনুসারীদের অবস্থান সমানুপাতিক করার চেষ্টা থেকে বিরোধের উৎপত্তি—এমন দাবিও কম জোরালো নয়।

কাজী আজম অবশ্য এমন দাবি সত্য নয় মন্তব্য করে বলেন, চট্টগ্রাম সমিতিতে এখনকার সংকট কোনো বিবাদ বা বিরোধ নয়। এটি সাংগঠনিক দূর্বলতা। এ কারণে, কমিটির বেশির ভাগ লোক সরে দাঁড়িয়েছে। নতুন নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আমার সঙ্গে মুরব্বিরা যোগাযোগ করছেন। আশা করি, শিগগির আবার চট্টগ্রাম সমিতিতে প্রাণ ফিরে আসবে। মোহাম্মদ হানিফের সঙ্গে এক হয়ে জিয়া-সেলিম পরিষদকে সমর্থন দেওয়ার কয়েক মাসের মাথায় আবার জিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমসহ ১১ জন কমিটি থেকে কেন সরে দাঁড়িয়েছিলেন, সে বিষয়ে সবাইকে জানাতে চেয়েছিলাম। কিন্তু সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটল।’ তিনি চট্টগ্রাম সমিতির বর্তমান পরিস্থিতির জন্য জিয়ার নেতৃত্বকে দায়ী করেন। মোহাম্মদ হানিফের সঙ্গে বিরোধ আছে কিনা জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে যান।

চট্টগ্রাম সমিতির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ হানিফ। ট্রাস্ট্রিবোর্ড গঠনের পর থেকে এখানে তার নিয়ন্ত্রণ স্পষ্ট। বললেন, ‘আমি চট্টগ্রাম সমিতির নির্বাহী কমিটি সভাপতি থাকাকালে এই ট্রাস্ট্রিবোর্ড করেছি। চট্টগ্রাম সমিতি ভবনের প্রতিটি বালুকণায় আমার ঘাম। এ সমিতি নিয়ে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র হয়েছে। ২০০৮ সালে আমি দায়িত্বে থাকাবস্থায় নির্বাচন দিলে ষড়যন্ত্র শুরু হয়। মামলা হয় আমাদের বিরুদ্ধে। একটা পক্ষ সমিতিকে তাদের ক্ষমতা আর আয়ের অবলম্বন বানাতে চায়। সমিতির ভবন থেকে ৭ হাজার ডলার আয় হয়। আমি মনে করি, যত দিন আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি, এ অর্থ লুটপাট হয়নি। খবর নিয়ে দেখুন, আমি যখন ট্রাস্টিবোর্ডে ছিলাম না, সে সময়ের অর্থ কোথায়?’

মোহাম্মদ হানিফ বলেন, ‘সমস্যা আমি নই। সমস্যা হচ্ছে সিস্টেম। আমি ট্রাস্টিবোর্ডে থেকে এ অর্থ একটি পৃথক অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করেছিলাম। তাতে করে ভবনের ইউটিলিটি খরচ বাদ দিয়ে পুরো অর্থের একটা হিসাব থাকে। বিভিন্ন সময়ে এই অ্যাকাউন্ট বাদ দিয়ে ভবনের আয় যোগ হয়েছে সমিতির অ্যাকাউন্টে। এরপর আর সেসবের হিসাব নেই।’

সমিতিতে বিরোধ, বিভেদ দিন দিন বাড়ছে উল্লেখ করে মোহাম্মদ হানিফ ভবিষ্যতে আর চট্টগ্রাম সমিতির কোনো কর্মকাণ্ডে থাকবেন না জানিয়ে বলেন, শিগগিরই সমিতির সাধারণ সদস্যদের সভা ডাকছে বর্তমান কমিটি। সেখানেই তিনি এই ঘোষণা দেবেন।

হানিফ বলেন, ‘আমার দীর্ঘ অভিজ্ঞতায় মনে হয়েছে, আমরা নির্বাচন উপযোগী সমাজের বাসিন্দা নই। চট্টগ্রাম সমিতির নির্বাচন আমাদের মধ্যে বিভেদ বাড়িয়েছে। হাজার হাজার ডলার খরচ করে নির্বাচন করে আমরা বিভক্তি কিনেছি। মুখ দেখাদেখি বন্ধ আমাদের। মামলার পর মামলায় সব শেষ। এ অবস্থার অবসান হওয়া দরকার।’