বিল ক্লিনটনকে নিয়েই ইতিহাসে হিলারি

ইতিহাস গড়লেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট পদে তিনিই প্রথম নারী প্রার্থী। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি তাঁকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এই ইতিহাস গড়ায় হিলারির সঙ্গী হলেন তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। তিনিও হলেন মার্কিন প্রেসিডেন্ট পদে প্রথম নারী প্রার্থীর স্বামী।
বিশ্বের ক্ষমতাধর এই দেশটি শাসক হিসেবে বরাবরই পুরুষকে বেছে নিয়েছে; যার প্রতিফলন দেখা গেছে দলীয় মনোনয়নের ক্ষেত্রে। প্রেসিডেন্ট পদের দলীয় মনোনয়ন সব সময়ই জুটেছে পুরুষের। এই প্রথম দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কোনো নারীকে মনোনয়ন দিল। আর প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট প্রার্থীর স্বামী হিসেবে বক্তব্য রেখে ইতিহাসের অংশ হলেন বিল ক্লিনটন।
স্ত্রীর এমন সাফল্যে আপ্লুত ৬৯ বছর বয়সী বিল ক্লিনটন। ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এই ডেমোক্র্যাট নেতা বলেন, ‘আমার জীবনে দেখা সেরা পরিবর্তনের রূপকার হলেন হিলারি।’
বিল ও হিলারির দাম্পত্য জীবন চার দশকেরও বেশি। হিলারির সঙ্গে দেখা হওয়ার দিনটির কথা স্মরণ করে বিল ক্লিনটন বলেন, ‘১৯৭১ সালের বসন্তে, এক মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই মেয়েটি হিলারি।’
‘আমি আমার সেরা বন্ধুকে বিয়ে করেছি’—আবেগ আর উচ্ছ্বাস নিয়ে এ কথা বলেন বিল ক্লিনটন। তিনি যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখন ফার্স্ট লেডি হিসেবে বেশ ভালো ভূমিকা পালন করেন হিলারি। আট বছর হোয়াইট হাউসের বাসিন্দা থাকাকালে স্বামী ক্লিনটনের সংকটে স্ত্রী হিসেবে হিলারির ভূমিকা ছিল প্রশংসনীয়। বিশেষ করে বিল ক্লিনটন যখন হোয়াইট হাউসের শিক্ষানবিশ কর্মী মনিকা লিউনেস্কির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন স্ত্রী হিসেবে হিলারি তাঁকে ছেড়ে যাননি। পাশে থেকে পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেন।
হিলারির প্রশংসায় পঞ্চমুখ বিল ক্লিনটন বলেন, ‘হিলারি অসম্ভব স্মার্ট। অসম্ভব ব্যক্তিত্বশীল। ভালোবাসা আর আদর-যত্নে ভরিয়ে রাখা একজন মানুষ।’ তিনি আরও বলেন, ‘হিলারি সব সময় সামনে এগোনোর পক্ষে। তিনি কে, এটা বোঝানোর জন্য এটুকুই যথেষ্ট।’
‘বাস্তব দুনিয়ায় জীবন অনেক জটিল। প্রকৃত পরিবর্তন অনেক কঠিন’—মন্তব্য করে হিলারির স্বামী বিল ক্লিনটন বলেন, ‘তবে আপনারা একজন প্রকৃত ব্যক্তিকে মনোনীত করেছেন।’
হিলারিকে কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত—৪৫ মিনিটের ভাষণে বিল ক্লিনটন যুক্তি দিয়ে তা উপস্থাপন করেন। তিনি বলেন, হিলারির জয় আফ্রিকান-আমেরিকান, স্বপ্নহীন-হতাশ মানুষের অবস্থার পরিবর্তন করবে; তাদের সবাইকে শক্তিশালী করবে।
নির্বাচনী প্রচারণায় মুসলিমদের নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আছে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তবে তাঁর নাম উল্লেখ না করেই ডেমোক্র্যাট নেতা বিল ক্লিনটন বলেন, ‘স্বাধীনচেতা মুসলিম হিসেবে আপনারা যাঁরা সন্ত্রাসকে ঘৃণা করেন, তাঁরা এ দেশেই থাকুন। আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব। কারণ, আমরা ভবিষ্যতের ভাবনা ভাবি।’
হিলারি কঠিন অবস্থায়ও হাল ছাড়েন না—মন্তব্য করে বিল ক্লিনটন বলেন, ‘তিনি (হিলারি) আমাদের সবাইকে শক্তিশালী করবেন। তিনি সারা জীবন এটা নিয়েই কাজ করেছেন। আপনারা তাঁকে নির্বাচিত করুন। তিনি জটিল পরিস্থিতিতেও হাল ছাড়েন না।’
এই দম্পতির একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন। চেলসি পৃথিবীর সেরা মাকে পেয়েছেন—মন্তব্য করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘মা হিসেবে তিনি সেরা।’ এই গুণ দেশ পরিচালনায় ভীষণভাবে কাজে দেবে বলে তিনি বিশ্বাস করেন।
হিলারি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, আবার হোয়াইট হাউসের বাসিন্দা হবেন এই দম্পতি। বিল ক্লিনটন যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কাজেই সে ক্ষেত্রে প্রেসিডেন্টের স্বামী হিসেবে ‘ফার্স্ট জেন্টেলম্যান’ না ‘ফার্স্ট ম্যান’ হবেন, এমন জটিলতায় পড়তে হবে না তাঁকে। সাবেক প্রেসিডেন্টের যথাযোগ্য মর্যাদাই থাকবে তাঁর।
বিল ক্লিনটনের ভাষণের পর হিলারি ক্লিনটন ভিডিওতে যুক্ত হয়ে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘কোনো ছোট্ট মেয়ে যদি এই মুহূর্তে আমার কথাগুলো শুনে থাকো, তাহলে তোমাদের উদ্দেশে বলছি, আমি হয়তো যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হব। তবে ভবিষ্যতে তোমাদেরই কেউ এই পদে বসবে।’