বিল ক্লিনটনের কৃষ্ণাঙ্গ ছেলে আছে!

বিল ক্লিনটনের একটি কৃষ্ণকায় পুত্রসন্তান রয়েছে—এই দাবি নতুন নয়। বছর বিশেক আগে পানি উইলিয়ামস নামের এক যুবক ও তাঁর মা এই দাবি করে বিভিন্ন ট্যাবলয়েড পত্রিকায় শোরগোল তুলেছিলেন। পরে উইলিয়ামসের ডিএনএ পরীক্ষার পর সে দাবি অসত্য প্রমাণিত হয়। তা সত্ত্বেও ট্রাম্পের অন্যতম উপদেষ্টা রজার স্টোন সেই গল্প নতুন করে উত্থাপন করেছেন। মঙ্গলবার ওয়াশিংটনের ন্যাশনাল প্রেসক্লাবে ৩০ বছর বয়স্ক পানি উইলিয়ামসকে তিনি হাজির করান। এক লিখিত বিবৃতিতে উইলিয়ামস জানান, বিল ক্লিনটন তাঁর পিতা। তাঁর মা ও বিল ক্লিনটনের মধ্যে অবৈধ সম্পর্কের ফসল তিনি। সাংবাদিকদের তিনি জানান, পিতা হিসেবে বিল ক্লিনটনকে তিনি ঘনিষ্ঠভাবে জানতে চান। এ জন্য যে আইনি লড়াই চালাতে হবে তাঁর জন্য আপাতত তিনি এক লাখ ডলার চাঁদা চাইছেন। এই মুহূর্তে তাঁর কাছে হাজার তিনেক ডলার আছে। তিনি আশায় আছেন, ট্রাম্পের সমর্থকদের মধ্যে কেউ না কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসবেন।