বিলবোর্ড জানাচ্ছে, অস্ত্র ব্যবসায়ীদের কত অর্থ রাজনীতিকের পকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বেশ কিছু বিলবোর্ড স্থাপন করা হয়েছে। ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের (এনআরএ) কাছ থেকে কোন কোন আইনপ্রণেতা কত অর্থ সাহায্য নিয়েছেন, তারই বর্ণনা তুলে ধরা হয়েছে এই সব বিলবোর্ডে। কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবির বিপরীতে আইনপ্রণেতাদের অবস্থানের কারণ সবার কাছে উন্মোচন করে দিতেই এমন বিলবোর্ড। আর এই বিলবোর্ড স্থাপন করেছেন ১৯ বছর আগে কলম্বাইন হাইস্কুলে চালানো বন্দুক হামলায় হতাহত শিক্ষার্থীদের অভিভাবকেরা।
আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের অরোরা অঞ্চলে কলম্বাইন হাইস্কুল। ১৯ বছর আগে ২০ এপ্রিল এই স্কুল প্রত্যক্ষ করে ভয়াবহ বন্দুক হামলা। ওই হামলায় শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে মোট ২৪ জন নিহত হয়। এই ভয়াবহ বন্দুক হামলার ১৯ বছর পূর্তিতে ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকেরা বিভিন্ন অঙ্গরাজ্যে কিছু বিলবোর্ড স্থাপন করেছেন। মোট ৯টি অঙ্গরাজ্যে ১৩টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে এরই মধ্যে।
অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে সারভাইভারস এমপাওয়ারড নামের একটি সংগঠন এই বিলবোর্ডগুলো স্থাপন করেছে। থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি’ নামের একটি সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে সংগঠনটি এই পদক্ষেপ নিয়েছে। নিজেদের এই প্রকল্পের নাম দিয়েছে তারা, ‘৩০ বিলবোর্ডস আউটসাইড কাওয়ার্ডলি ইনকামবেন্টস’। এরই মধ্যে ৯টি অঙ্গরাজ্যে ১৩টি বিলবোর্ড স্থাপন করেছে তারা। আরও ১৭টি বিলবোর্ড স্থাপন করা হবে।

স্থাপন করা প্রতিটি বিলবোর্ডে স্থানীয় জনপ্রতিনিধিদের কে এনআরএ থেকে কত পরিমাণ অর্থ নিয়েছেন, তার তথ্য তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে আইনপ্রণেতাদের ওপর অস্ত্র উৎপাদন ও বিক্রি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে।
আইনপ্রণেতাদের পেছনে এনআরএর বিস্তর অর্থ ব্যয় করার বিষয়টি প্রকাশ্যই। সেন্টার ফর রেসপন্সিভ পলিটিকসের নিরীক্ষা প্রতিবেদন মতে, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে এনআরএ কমপক্ষে ৩ কোটি ডলার বিনিয়োগ করেছিল। একই বছর রিপাবলিকানদের সিনেট নির্বাচনের প্রচারেও এনআরএ ২ কোটি ডলার বিনিয়োগ করেছিল। প্রতিটি নির্বাচনেই এনআরএ বিশেষভাবে বিপুল অর্থ বিনিয়োগ করে। মূলত আইন প্রণয়নে নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্যেই এই অর্থ বিনিয়োগ করে এনআরএ।
সারভাইভারস এমপাওয়ারডের প্রতিষ্ঠাতা স্যান্ডি ফিলিপস। ২০১২ সালে কলোরাডোর অরোরায় এক সিনেমা হলে বন্দুক হামলায় নিহত হন তাঁর মেয়ে। এনআরএ ও আইনপ্রণেতাদের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি হাফিংটন পোস্টকে বলেন, ‘অনেক আমেরিকান সত্যিই বোঝেন না যে এনআরএ রাজনীতিকদের কীভাবে নিয়ন্ত্রণ করে। মানুষের মনে প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরও এটা কী করে সম্ভব যে কেউ কিছু বলছে না, প্রতিবাদ করছে না। উত্তর সহজ। আর তা হচ্ছে, তাদের পকেটে এনআরএর অর্থ। আমরা এনআরএর ভয়ে ভীত নই। তারা আর কী কেড়ে নিতে পারে? আমাদের মেয়েকে তো আমরা হারিয়েছিই।’
২০ এপ্রিল এই বিলবোর্ড প্রচার শুরু করে সারভাইভারস এমপাওয়ারড। একই দিনে সারা দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। দুটি কর্মসূচিই পালিত হয়, কলম্বাইন স্কুলের বন্দুক হামলার ঘটনার স্মরণে এবং অস্ত্র নিয়ন্ত্রণে আইনি পদক্ষেপের দাবিতে।
ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে হওয়া বন্দুক হামলার প্রেক্ষাপটে কয়েক মাস ধরেই আমেরিকার শিক্ষার্থীরা কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে আন্দোলন করে আসছে। আমেরিকার বিভিন্ন অঞ্চলের স্কুলে ক্লাস বর্জন, মিছিলসহ নানা ধরনের কর্মসূচি পালন করছে তারা। এরই মধ্যে পার্কল্যান্ড স্কুলের একটি প্রতিনিধিদল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎও করেছে। এতে অস্ত্র আইন কঠোর করার বিষয়ে আশ্বাস মিললেও কোনো উদ্যোগ নেই। কিছু অঞ্চলে অস্ত্র ক্রয়ের বয়সসীমা ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করা হলেও কেন্দ্রীয়ভাবে কোনো আইন এখনো আলোর মুখ দেখেনি; বরং আইনপ্রণেতাদের একটি অংশের বিরোধিতার মুখে বারবার বিষয়টি থমকে যাচ্ছে। এ অবস্থায় প্রকৃত পরিস্থিতি সবার সামনে স্পষ্ট করে তুলে ধরতেই সারভাইভারস এমপাওয়ারড এই বিলবোর্ড কর্মসূচি গ্রহণ করেছে। গত সপ্তাহেই এসব বিলবোর্ডের অধিকাংশ স্থাপন করা হলেও কলম্বাইন স্কুলে হামলার ১৯ বছর পূর্তির দিন এসব বিলবোর্ডের পাদদেশে মোমবাতি জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। ১৩টি বিলবোর্ড ছয় সপ্তাহের জন্য ভাড়া নেওয়া হয়েছে। তবে সারভাইভারস এমপাওয়ারড চেষ্টা করছে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগ পর্যন্ত বিলবোর্ডগুলোয় এ ধরনের প্রচার চালানোর মতো পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে।