
বনানীতে যে রকম থাকে দুরাত কাটানোর জন্য প্রপাতের পাশাপাশি কাঠের খুঁটির ওপর দাঁড় করানো শণে ছাওয়া ছোট্ট কটেজ, মস্ত সব মেগা-মেট্রোপলিটনেরও থাকে কিছু কিছু সঠিক আবহের চমৎকার সব রেস্তোরাঁ। কথাটা মনে পড়ল, জোহানেসবার্গের স্যান্ডটন এলাকার উইয়ারডো রোডে এসে লিঙ্গার-লঙ্গার রেস্তোরাঁর ক্ল্যাসিক-কেতার বাগিচায় ঢুকতেই। বিলাতি কেতার টি-রুম হিসেবে চালু হয় এই রেস্তোরাঁ। পরে ফুলে-পাতায়, ফড়িং ওড়া ফার্নের পাশে জলাশয়ে ভাসা হরেক কিসিমের শাপলায়, চাখানাটি সম্প্রসারিত হয়ে যুক্ত হয় হাই সিলিংওয়ালা একটি ভিলার সঙ্গে। ওখানকার হলরুমে, ডাইনিং পারলার ও বিলিয়ার্ড কামরায় চালু হয় পুরোদস্তুর রেস্তোরাঁ। ডিনারে পরিবেশিত হতে থাকে বার্নড লেমন-ক্রিম দেওয়া ফ্রেশ চিলিয়ান স্যামন মাছ। মুখরোচক খানাপিনার সমঝদাররা আসতে শুরু করে অভেন রোস্টেড বিফ ফ্যালের ওপরে হালকা করে ছড়ানো রেড ওয়াইনে জারিত জুনিপার বেরির সুরভিত সসের সন্ধানে।
আমার জেটলেগ এখনো কাটেনি পুরোপুরি। শেষ রাতে—ঠিক ধলপহরের আগে উঠে গেস্টহাউসের লাউঞ্জে পুরোনো বইপুস্তক ঘাঁটছিলাম আমি। তখন জোহানেসবার্গের ওপর লেখা একটি ট্র্যাভেল-বুকে এসব ডিশ-ডেলিকেসির বিস্তারিত এবারত পাই। খাদ্যদ্রব্যের সচিত্র বিবরণে লালাসিক্ত প্রলোভন তো ছিলই, তার চেয়ে বেশি ছিল গাছপালা, ফার্ন আর শাপলার সবুজ সম্মোহন। নতুন কোনো শহরে গেলে পয়দলে কিছুটা ঘুরে বেড়াতে আমি পছন্দ করি, তার চেয়েও অধিক প্রিয় কোনো ক্যাফেতে বসে খানিক জিরানো, আর চায়ের কাপে চুমুক দিয়ে ভালোবাসি হারিয়ে যেতে আকাশকুসুমের বনানীতে। লিঙ্গার-লঙ্গার রেস্তোরাঁর কেয়ারি করা কুসুমবাগে ঢুকেই জলাশয়ে জোড়া পানকৌড়ির শৃঙ্গার করা দেখে মনে হলো, এখানে অনেক সময় নিয়ে লিঙ্গার করা যায়; রেস্তোরাঁটি সত্যিসত্যিই মহানগরের জীবনের যন্ত্রণায় জেরবার হওয়া মানুষের জিরানোর একটি চমৎকার ঠেক। সারা দিন যে পেশাদারি প্রলোভনের ভেক ধরে থাকি, তা খুলে মুখোমুখি হওয়া যায় আমার অন্দরমহলে লুকিয়ে আছে যে আরেক আমি—তার সনে। জোহানেসবার্গে আসার পর দেখা দিয়েছে অনিশ্চয়তা, তৈরি হয়েছে কিছু উদ্বেগ। ফলে দরকার আছে এসব বিষয়ের জট ছাড়ানোর।
লিঙ্গার-লঙ্গারের বাগানে বসার জন্য আছে দুটি স্থাপনা। একটি হচ্ছে বিলাতি কেতার টি-রুম, আর অন্যটি গ্রিনহাউস বা সম্পূর্ণ কাচে তৈরি তরুলতা অর্কিড-ফার্নে পল্লবময় কনজারভেটরি। এতে বিকেলবেলা পরিবেশিত হয় ককটেল। আমি এখানে এসে পৌঁছেছি দুপুর গড়িয়ে যাওয়ার মুখে। জায়গাটি সম্পূর্ণ সুনসান—নির্জন। সাম্প্রতিক কালে আমার দিনযাপনে যে জট পাকিয়েছে, এখানে কিছু একটা পান করতে করতে তা খানিকটা ছাড়ানো যায়। তাই ঢুকে পড়ি কাচের কনজারভেটরিতে।
পরিবেশটি খোলামেলা, কাচের ছাদ চুয়ে ঢুকছে প্রচুর আলো, তবে সর্বত্র সংরক্ষিত হচ্ছে সিরামিকের বিভিন্ন ধরনের টবে, ছাদ থেকে শিকায় ঝুলছে বিরল প্রজাতির উদ্ভিদ। কিছু কিছু গাছপালাকে শেকড় ছাড়ানোর জন্য রাখা হয়েছে পাথর দিয়ে বাঁধিয়ে তৈরিকৃত সার-মৃত্তিকাময় স্পেসে। কোথাও কোথাও সিমেন্টে বানানো নালা দিয়ে বয়ে যাচ্ছে পানির ঝোরা। কনজারভেটরিতে ঢুকতেই চোখে পড়ে পাথরে গড়া নানান জ্যামিতিক প্যাটার্নের ছোট্ট ছোট্ট সবুজ দ্বীপ। এ দ্বীপাণুগুলোর মাঝামাঝি খালি স্পেসে রাখা বেতের গার্ডেন-চেয়ার। আমি লতাপাতার আড়াল খুঁজে একটি চেয়ারে বসতেই পাশের ডগমগে লাল ফুলের গুচ্ছ থেকে বাতাসে উড়াল দেয় এক জোড়া প্রজাপতি। কৃত্রিম ঝোরার শব্দ এবং কিছু অজানা ফুলের সৌরভ সমস্ত বাতাবরণে ছড়িয়ে দেয় স্নিগ্ধ সংবেদন।

আমি জার্নাল খুলি। দুছত্র লেখার মতো চমৎকার জায়গা এটি। জোহানেসবার্গ সম্পর্কে এ কদিনে যা জানতে পেরেছি, তাতে এখানে পারমানেন্টলি বসবাসের ব্যাপারে আগ্রহ হারাচ্ছি। দু-এক মাস এখানে ঘোরাফেরা করা যায়, কিন্তু বছরের পর বছর ছোট্ট একটি কন্যাসন্তান নিয়ে বাস করাটা রিস্কি মনে হচ্ছে। এই অল্পদিন আগেও যুক্তরাষ্ট্রে আমাদের স্থায়ী ভদ্রাসন ছিল। তবে রাজনৈতিক কারণে ওখানে আমরা আর বাস করতে চাচ্ছি না। আমাদের খাজনার কড়িতে জর্জ বুশ বলে এক আদমি না-হকভাবে জঙ্গি বিমান নিয়ে তড়পাবে ব্যাবিলন বা খোরাসানের আকাশে, আর কিছুই না করে আমরা তাঁর ফেরাউনি পর্যবেক্ষণ করব, এ তো হতে পারে না। বিষয়টির বিহিত করতে আমরা ওই দেশ ছেড়েছি। ওখানে ফিরে যাওয়া যায় না, কিন্তু দক্ষিণ আফ্রিকাতেই যে বাস করতে হবে, এমন কোনো কমিটমেন্টও আমাদের নেই। অন্য দেশে চলে যেতে আপত্তি কোথায়? বিশেষত ককেশাসের পার্বত্য অঞ্চলের ছোট্ট দেশ জর্জিয়া। আমি তো ওখানেই কনসালটেন্সি করছিলাম, পেশাগত কাজ পেতে তাই অসুবিধা কিছু হবে না। না হয় বাসই করলাম জর্জিয়ার রাজধানী তিবলিসিতে? বাড়িভাড়াও তুলনামূলকভাবে সস্তা, রেসিডেনশিয়াল এলাকাগুলো নিরাপদ, সড়কে সন্ধ্যার পর হাঁটতে বেরোলে জান হাতে নিয়ে মোকাবিলা করতে হবে না কোনো আপদ-বিপদ। উদ্বেগ-ভারাক্রান্ত আমার এ ভাবনাকে ঠিক গুছিয়ে আনতে পারি না। কনজারভেটরির কোথায় যেন ক্বক-ক্বক শব্দে মন কেমন স্মৃতিবিধুর হয়ে ওঠে। এই ডাক যে ডিমপাড়া মুরগির। আবার ক্বক-ক্বক শব্দ হলে মনে হয়, শব্দের অলীক সুই দিয়ে বিনি সুতোয় ফুল তোলা হচ্ছে আমার শৈশবের রুমালে। কিন্তু এই আরবান সেটিংয়ে মুরগি আসবে কোথা থেকে? ক্বক-ক্বকের উৎসের খোঁজে উঠে পড়ি। বেশি খোঁজাখুঁজি করতে হয় না। সিরামিকের টবে পল্লবিত কয়েকটি এলাচিগাছের আবডালে দেখি বেতের ঝুড়িতে পাতার ওপর বসে আছে একটি ডিমে তা দেওয়া মুরগি। তার গলার সোনালি পালকে ঝিলমিল করছে ছাদের কাচ চুয়ে নেমে আসা সূর্যালোক।
আশপাশে আরও হাঁস-মুরগি আছে কি না, এসবের তালাশে এদিক-ওদিক তাকাতেই ঝোপের আবডালে একটি বেতের চেয়ারে দুই পা তুলে দ-এর আকৃতিতে বসা দীর্ঘ দাড়িওয়ালা এক লোক ধড়মড় করে উঠে দাঁড়ান। মাথায় মস্ত পাগড়ির জন্য বুঝতে পারি, তিনি হিন্দুস্তানি শিখ। সরদারজি ঝপ করে টেবিল থেকে তলোয়ার তুলে তা খাপে পুরে কোমরে বাঁধতে গেলে রুপালি চকচকে কৃপাণ দেখে তো আমার জান উড়ে যাওয়ার দাখিল। তিনি হাত তুলে আমাকে আশ্বস্ত করলে খেয়াল হয়, ধর্মীয় রীতির অঙ্গ হিসেবে কিছু শিখ বহন করে থাকেন তলোয়ার। নিরলে বসে অস্ত্রটি পাথরে ঘষে ধার দিচ্ছিলেন সরদারজি। কোমরবন্ধে তা বাঁধা হয়ে যেতেই গুরুনাম জপে কপাল থেকে ঘাম মুছে দীর্ঘশ্বাস ফেলে করুণভাবে আমার দিকে তাকালেন এই বৃদ্ধ। তিনি আবার হাঁপিয়ে বুক চেপে দীর্ঘশ্বাস ছাড়লে কেন জানি মনে হয় মানুষটি অসুস্থও। জানতে চাই, Ñ ‘সরদারজি, আনচু ইউ নট ফিলিং ওয়েল?’ মাথা হেলিয়ে তিনি বলেন, ‘বাইপাস সার্জারির পর থেকে মাঝেমধ্যে এ রকম হচ্ছে বাব্বাজান, কনজাভেটরির কাজে হাত লাগালেই হাঁপিয়ে পড়ি। তবে দুশ্চিন্তার কিছু নেই, হামারা বস্তনি মে ডাগদরি গোলি হ্যায়। ওটা খেলেই সব আরাম হো জায়গা বিলকুল,’—বলে ঝোলায় ডাক্তারি ট্যাবলেট খোঁজাখুঁজি করেন তিনি। খুঁজতে খুঁজতে বলেন, ‘বিমার আদমি হাম, লেকিন কাম তো করনা হোগা বাব্বাজান।’ আমি চেয়ারে ফিরে গিয়ে ভাবি, বৃদ্ধ এই শিখ কনজারভেটরিতে কী কাজ করেন?
একটু পর রহস্য পরিষ্কার হয়। মনে হয় ওষুধের গুলি খেয়ে সরদারজি চাঙা হয়েছেন। তিনি পিচকারি দিয়ে শিকায় ঝোলা সব লতানো ঝাড় ও অর্কিডে পানি দিতে দিতে পাঞ্জাবি ভাষায় গাইতে শুরু করেন। তাঁর গলায় সুর আছে, উচ্চারণও স্পষ্ট। তাই আমি গানের কথা টুকে নিই জার্নালে, ‘কালযুগ মেহ কীর্তন পারেহগাংগ/ গুরুমুখ ঝাপা...ই লগে ইহিগাংগ।’ আমি গানের কথা মনোযোগ দিয়ে শুনছি দেখে তিনি কাছে এসে পিচকারি বন্ধ করে হুংকার দিয়ে বলেন, ‘এটা হচ্ছে গুরু নানকজির গুরবাণী কীর্তন।’ তিনি এত জোরে ধমকাচ্ছেন কেন? আমি তো তাঁর সংগীতের প্রতি বেশ মনোযোগ দিচ্ছি, দিস ইজ স্ট্রেঞ্জ! তিনি আরেকবার প্রচণ্ড জোরে ‘গুরবাণী’ উচ্চারণ করলে বিরক্ত লাগে। কিন্তু মানুষটি যেহেতু তরবারি খুলে কোরবানি দেওয়ার চেষ্টা করছেন না, তাই তাঁর সঙ্গে বিরোধে যাওয়ার প্রয়োজন বোধ করি না; তবে ঘটনা কী? চেঁচাচ্ছেন কেন? বৃদ্ধ পেইনকিলার হিসেবে আফিমের গুলি-টুলি ইস্তেমাল করেননি তো? চেষ্টা করি তাঁকে ইগনোর করতে। তিনি কাজ বন্ধ করে জানতে চান, এ কীর্তনের অর্থ আমি বুঝতে পেরেছি কি না। আমার জবাবের কোনো ধার না ধেরে গলার স্বর নরম করে আবার বলেন, ‘গাইবে আমার সঙ্গে কীর্তন, বাব্বাজান?’ কোনো সাড়া না পেয়ে অতঃপর বর্ণনা করেন, ‘গুরবাণী কীর্তনে আছে সদ্গুরু নানকের জাদু, যা পাপের পঙ্কিল সায়রে ডুবে যাওয়া আত্মাকে ভাসিয়ে রাখবে।’ রাখলই-বা, কিন্তু আমি এ মুহূর্তে উল্লেখযোগ্য কোনো পাপ তো করছি না, স্রেফ পাতা-লতার পরিবেশে বসে আছি। ডোবারও কোনো আলামত দেখছি না; তো, কীর্তন গাইতে যাব কেন? বৃদ্ধ শিখকে ‘বহুত ধন্যবাদ জি’ বলে উঠে পড়ি কনজারভেটরি থেকে।
এখনই লিঙ্গার-লঙ্গার থেকে বেরিয়ে রাজপথে ট্যাক্সি খোঁজাখুঁজি করতে ইচ্ছা হয় না। টি-রুমে কোনো খদ্দের নেই। ওখানে ঢুকতে ঢুকতে দেখি, জানালার পাশে স্ট্যান্ডে দাঁড় করানো একটি ইজেল। পাশের টুলে রাখা জলরঙের সরঞ্জাম। ছবিতে খুব পুরোনো মডেলের এক গাড়ির আদল আঁকা হচ্ছে, কিন্তু আঁকছে কে, আশপাশে কোনো চিত্রকরকে তো দেখছি না।

টি-রুমটি নির্জন। পছন্দ হয় এর চিত্রময় স্নিগ্ধ ডেকোরেশন। এক কোণে গ্র্যান্ড পিয়ানোর ওপর দেয়ালে ঝুলছে ফরাসি চিত্রকর ক্লদ মোনের ‘ইম্প্রেশন সানরাইজ’ শিরোনামের ছবির চমৎকার অনুলিপি। বিখ্যাত এই পেইন্টিংটি ক্লদ মোনে আঁকেন ১৮৭২ সালে। ব্রাশের রাফ স্ট্রোকের জন্য একসময় সমঝদারদের কাছে মনে হয়েছিল, পরিশীলিতভাবে পূর্ণাঙ্গ হয়ে ওঠেনি চিত্রটি, ইটস জাস্ট অ্যান ইম্প্রেশন, নট রিয়েলি আ কমপ্লিট ওয়ার্ক। এ মন্তব্য থেকেই চালু হয়ে যায় ‘ইম্প্রেশনিজম’ নামের পরিভাষা। এটি যে অত্যন্ত খাসা চিত্র, তা আমার মতো আর্টে আনপড় বকলমও বুঝতে পারে স্রেফ এর দিকে দৃষ্টিপাত করে। ছবিটিতে অবচেতনের ঘাত-প্রতিঘাত বিধৃত হয়েছে বর্ণের অমসৃণ বিন্যাসে। মুহূর্তে আমার মনকে তা স্থানচ্যুত করে নিয়ে যায় একটি কুয়াশামাখা সামুদ্রিক পোতাশ্রয়ে। জলের ওপর থেকে খুব মৃদুভাবে আকাশের দিকে উঠে যাচ্ছেÑপ্রতিফলিত সূর্যরশ্মির অরেঞ্জ বর্ণের এক অলৌকিক সিঁড়ি। এখানকার পরিবেশের স্নিগ্ধ প্রভাব ট্র্যাঙ্কুলাইজারের মতো আমার মনে নিয়ে আসে ঘুমেল অনুভূতি। খানিকটা রিলাক্সড পরিবেশে জিরানোর আমার প্রয়োজনও আছে। মেগা-মেট্রোপলিটন হিসেবে জোহানেসবার্গের আছে চলমান গতি, যানবাহনের ক্রমাগত শব্দপাত, ক্রাইমে ভিকটিম হওয়ার আশঙ্কা। এ নগরে কেটে তো গেল চার দিন এবং প্রতিদিনই কোনো না কোনো সময় মনে হয়েছে ঘোরাফেরা করছি এক অচেনা জঙ্গলে এবং আমাকে ঘিরে উড়ছে এক ঝাঁক বোলতা। তো এই টি-রুমে বসে এখন মনে হচ্ছে আরেকটু ধৈর্য ধরে নীরবে হাঁটাচলা করলে বোলতাগুলো উড়ে যাবে ভিন্ন দিকে।
ক্লদ মোনের ছবি থেকে মনে সংক্রমিত হয় খানিক রঙিন অনুভূতি, তাতে এমন একটা ছায়াস্নিগ্ধ ভাব আসে, জার্নালে ঠিক মনোযোগ দিতে পারি না। টি-রুমের চারদিকের দেয়াল স্বচ্ছ কাচের। তাতে মনে হয় গৃহটি যেন মিশে আছে বৃহৎ বাগিচার বৃক্ষ ও জলাশয়ের সঙ্গে। এখানে বসে থাকতে ভালো লাগে, গ্র্যান্ড পিয়ানোর পাশেই স্ট্যান্ডে কতগুলো দৈনিক পত্রিকা রাখা। ওখান থেকে সিটিপ্রেস বলে একটি পত্রিকা তুলে নিই আমি। ডিপ্রেসিং নিউজটি ছেপেছে ছোট করে পয়লা পৃষ্ঠার নিচের দিকে। জামিনে থাকা এক শ্বেতাঙ্গ ধর্মযাজক কীভাবে যেন দেশ ছেড়ে এস্কেপ করেছেন! তাঁর হোয়ার অ্যাবাউটস জানা যাচ্ছে না। মাস ছয়েক আগে গির্জায় রিলিজিয়াস অবজেক্ট বহন করে ‘অলটার বয়’ বলে পরিচিত যেসব বালক, তাদের তিনজনকে যৌনভাবে অ্যাবিউস করার অভিযোগে তাঁকে পাদরিত্ব থেকে খারিজ করা হয়। নিপীড়িত একটি কৃষ্ণাঙ্গ বালকের মাতা-পিতা যাজকের বিরুদ্ধে মামলা করেন। মোকদ্দমায় সাবেক পাদরি সপ্তাহখানেক হাজতবাস শেষে জামিন পান। যাজকদের বালককামিতা নিয়ে এ ধরনের সংবাদ মাঝেসাঝে পত্রিকায় আসে।
তবে এই সংবাদটি গতকাল আমার মনে ঘুরপাক করা একটি অমীমাংসিত ইস্যু ফিরিয়ে নিয়ে আসে। বিষয়টি আরেক শ্বেতাঙ্গ পাদরির কৃষ্ণাঙ্গ গৃহকর্মীর হাতে খুন হওয়া নিয়ে। গতকাল জার্নালে আমি এ বাবদে আমার নিজস্ব বিশ্লেষণ লিপিবদ্ধ করেছিলাম। নিহত যাজক কৃষ্ণাঙ্গ খুমেলা গোত্রের আচার-অনুষ্ঠানে ব্যবহৃত কালচারাল অবজেক্ট সংগ্রহ করেছিলেন। কৃষ্ণাঙ্গ ছেলেটি খুন করার পর যাজকের রেসিডেন্সের ক্যাবিনেট থেকে জিনিসগুলো তুলে নিয়ে গিয়েছিল। আমার বিশ্লেষণে লিখেছিলাম, হয়তো তার মোটিভ ছিল নিজস্ব সংস্কৃতির দ্রব্যগুলো সসম্মানে আপন গোত্রের আওতায় ফিরিয়ে আনা। কিন্তু লিখতে গিয়ে মনে হচ্ছিল, মোটিভ সম্পর্কে আমি যে যুক্তি দিচ্ছি, তা ধোপে টেকে না। ছেলেটি দ্রব্যগুলো ফিরিয়ে দেয়নি তার গোত্রের কাছে, বরং এগুলো কেপটাউনে পর্যটকের কাছে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে সে। এখন, আজকের এই সেক্স স্ক্যান্ডালের সংবাদ পড়তেই মাথায় জ্বলে ওঠে একটি লাইট-বাল্ব—কৃষ্ণাঙ্গ ছেলেটি পাদরির গৃহে বালক বয়স থেকে গৃহভৃত্যের কাজ করত। সে কি তবে যৌন নিগ্রহের শিকার হয়েছিল, যার প্রতিশোধ হিসেবে প্রাপ্তবয়সে পাদরিকে খুন করে সে? আর কালচারাল অবজেক্ট হয়তো সে ফিরিয়ে দিতে চেয়েছিল তার গোত্রের কাছে, কিন্তু খুন করে ফেরার হওয়ার ফলে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়। মার্ডার করে দাগি আসামি হয়েছে সে, ফিজিটিভ হিসেবে তাই ফিরে যেতে পারেনি খুমেলা গোত্রের কাছাকাছি। আর ফেরারি জীবনে আর্থিক সংকট যখন প্রকট হয়ে ওঠে, তখন পর্যটকের কাছে এগুলো বিক্রি করা ছাড়া আর অপশনই-বা কী ছিল তার?
এই মার্ডার কেসের বিস্তারিত ফলোআপ হয়েছে কি না, বিষয়টি আবার পুরোনো পত্রপত্রিকা ঘেঁটে দেখতে হয়। আমার বিশ্লেষণও দাঁড়াচ্ছে স্রেফ একটি ধারণার ওপর ভিত্তি করে। তবে ধারণাটি সঠিক কি না, তা-ও পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে হয়। এসব ভাবতে ভাবতে সিটিপ্রেস পত্রিকাটি ফিরিয়ে নিয়ে যাই স্ট্যান্ডে। তখনই টি-রুমের দেয়ালে কাচ ছাড়িয়ে চোখ চলে যায় সবুজ ঘাস-লতায় সমাচ্ছন্ন মরচে ধরা একটি ভাঙাচোরা ক্যাডিলাক কারের দিকে। নতুন কৌতূহল হয়: ঠিক কত বছর আগে কে এই শৌখিন মোটরকার হাঁকাত? কী-বা তার পরিচয়?