থ্যাংকস গিভিং, ব্ল্যাক ফ্রাইডে ও ঈদে বাড়তি বোঝা, বাড়তি কাজ, কিন্তু মজুরি কম। এমন অভিযোগই করেছেন মূলধারার আমেরিকানসহ বাংলাদেশি প্রবাসীরা ভুক্তভোগী। তাঁদের মতে, সাধারণ কাজের দিন তো বটেই, থ্যাংকস গিভিং, ব্ল্যাক ফ্রাইডে, ঈদে বাড়তি কাজ করেও তাঁরা বাড়তি মজুরি থেকে বঞ্চিত। প্রবাসী বাংলাদেশিরাও এই পরিস্থিতির শিকার।
অনেকটা ব্যয়বহুল থ্যাংকস গিভিং ডের উৎসবের পরের দিনই ব্ল্যাক ফ্রাইডে আর মুসলমানদের ঈদের সময় নিম্ন আয়ের কর্মজীবীরা অনেকেই ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে বাধ্য হন। অনেক সময় রাত-দিন কাজ করতে হয়। তবে এ ব্যপারে জানতে চাইলে নিউইয়র্কের বাঙালি দোকান মালিক বা কর্মচারীরা জানান, তাঁরা নগর কর্তৃপক্ষ নির্ধারিত মজুরি দিচ্ছেন বা পাচ্ছেন।
আমেরিকার অধিকাংশ কর্মজীবী মানুষই নিম্ন আয়ের অন্তর্ভুক্ত খুচরা দোকানের কর্মচারী। তাঁরা ব্ল্যাক ফ্রাইডের মধ্যে কোনো নতুনত্ব খুঁজে পান না। ২০ বছর বয়সী নারী ম্যাডিসন ন্যার্ডি ফিলাডেলফিয়া নগরীর দক্ষিণাঞ্চলে অবস্থিত টার্গেট সুপার মিলে থ্যাংকস গিভিং ডের বিকেল সাড়ে ৫টা থেকে একাধারে ১১ ঘণ্টা কাজ করেন। অর্থাৎ ব্ল্যাক ফ্রাইডের ভোর সাড়ে চারটা পর্যন্ত তাঁকে কাজ করতে হয়। ১১ ঘণ্টার কাজের ধকল তাঁকে বইতে হয়েছে। মালিকপক্ষ প্রত্যাশা করেন, ন্যার্ডি তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।
টার্গেটের খণ্ডকালীন কর্মী হিসেবে ন্যার্ডি ঘণ্টায় সাড়ে ১১ ডলার মজুরি পান। তিনি ফিলাডেলফিয়ার একটি কমিউনিটি কলেজে চলচ্চিত্র বিষয়ের শিক্ষার্থী। তাঁর জন্ম এ নগরীতেই। দেড় বছর ধরে তিনি রাতের শিফটে টার্গেটে কাজ করছেন। ন্যার্ডি বলেন, বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়েই তাঁকে কাজ শেষে গভীর রাতে গণপরিবহনে বাড়ি ফিরতে হয়। আবার পরদিন সকালেই কলেজে যেতে হয়।
ন্যার্ডি জানান, টার্গেটই তাঁর প্রথম চাকরি। তিনি খোলা মন নিয়ে এখানে কাজ করতে এসেছেন। তিনি জানান, ‘খুচরা কাজের ধরন বোঝার উদ্দেশ্যেই আমি এখানে কাজ এসেছি এবং ভাবতাম এখানে কাজ করেই আমাকে টিকে থাকতে হবে। কিন্তু এখন অনুভব করছি, কারোরই এভাবে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত কাজ করে বেঁচে থাকার দরকার নেই। এভাবে বাঁচা কষ্টকর।’
ন্যার্ডি বর্তমানে নিম্ন আয়ভুক্ত শ্রমজীবীদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার উদ্দেশ্যে ‘ওয়ানপিএ’ নামের একটি অলাভজনক সংস্থার সঙ্গে জড়িত। ফিলাডেলফিয়ার ১২-১৩ হাজার খুচরা দোকানের কর্মীর ৬০ শতাংশের বেশি নারী এবং তাঁদের ১২ শতাংশই খণ্ডকালীন কাজ করেন। এ সংস্থা অন্যায্য, বিরক্তিকর ও অপর্যাপ্ত সময়ের জন্য কাজ করার বিপক্ষে সচেতনতা বাড়ানো এবং সংহতি প্রকাশের উদ্দেশে ওয়ানপিএর সঙ্গে পুরো নগরে কাজ করছে। এক বিবৃতিতে ওয়ানপিএ বলেছে, কম বেতনের খুচরা দোকানের কর্মীরা সারা বছর ধরেই অনিয়মিত এবং অধিক সময়ের জন্য কাজ করেন। আর ব্ল্যাক ফ্রাইডের সময় এটা চরম পর্যায়ে পৌঁছায়।
২০ বছর বয়সী ডেভিড ডেলগ্যাডো ফিলাডেলফিয়ায় সেন্টার সিটির ‘ওল্ড নেভি’ স্টোরে এক বছর ধরে কাজ করছেন। তিনিও এ নগরীতে জন্মেছেন। তিনি প্রতি ঘণ্টায় পান ১১ ডলার। এটা ওই নগরীর সর্বনিম্ন মজুরি থেকে কিছু বেশি। তিনি বলেন, ‘আমাদের মতো অভিজ্ঞ কর্মীদের বেতন না বাড়িয়ে কর্তৃপক্ষ ছুটির দিন এবং ভিড়ের মৌসুমে অতিরিক্ত নতুন কর্মী নিয়োগ দেন।’
এ ধরনের পরিস্থিতি ও অভিযোগের ব্যাপারে টার্গেট এবং ওল্ড নেভির কর্তৃপক্ষের মন্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
আমেরিকার মূলধারার কর্মীদের এমন পরিস্থিতি দেখে বাংলাদেশি কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে অধিকাংশই চাকরি হারানোর ভয়ে কথা বলতে চান না। তবে আয়েশা আকতার নামের এক কর্মী বলেন, ‘আমাদের অবস্থা আরও ভয়াবহ। আমরা কেউই ১১ ডলার পাই না। ৫-৬ ডলার পেলেই আমরা খুশি। আমরা ইংরেজি ভালো জানি না। এ অযোগ্যতাকে ব্যবহার করে আমাদের খাটানো হচ্ছে। তা ছাড়া নারী হিসেবে অনেককেই নানা ধরনের প্রতিকূলতার মুখে কাজ করতে হয়।
জাহিদ হোসেন জ্যামাইকায় কাজ করেন। তাঁর অভিযোগ, বাংলাদেশি মালিকানাধীন অধিকাংশ দোকানেই নগরীর ন্যূনতম মজুরি স্কেল মানেন না। এমনকি ঈদের সারা রাত কাজ করলেও ওভারটাইম দেওয়া হয় না। অনেক মালিক নিয়মিত বেতন দিতে গড়িমসি করেন। তা ছাড়া নগদ মজুরি দিয়ে ট্যাক্স ফাইলের ক্ষেত্রেও কর্মীদের ঠকানো হয়।
মনীষা হালদার নামের এক নারী জানান, জ্যাকসন হাইটসের ফুটপাতে যেসব বয়স্কা নারী শ্রমিক তীব্র গরমে কিংবা ঠান্ডার মৌসুমে কাজ করেন, তাঁদের কারও বেতন ৩-৪ ডলারের বেশি নয়। এঁরা মনে করেন ‘বুড়ি’দের কোনো কাজ আমেরিকায় নেই। তাই তাঁরা সামান্য বেতনেই সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে বসে থাকেন।
তবে এর বিপরীত চিত্রও পাওয়া গেছে। নগরীর হিলসাইডের কাওরানবাজার সুপার মার্কেটের ব্যবস্থাপক বিলাস এ প্রসঙ্গে বলেন, তাঁদের প্রতিষ্ঠানে কাউকেই নগর কর্তৃপক্ষ নির্ধারিত মজুরির কম দেওয়া হয় না। একই এলাকায় তাজমহল রেস্টুরেন্ট ও পার্টি হলের ব্যবস্থাপক বলেন, আগের খবর তাঁর জানা নেই। কিন্তু গত পাঁচ বছর ধরে তিনি এখানে কাজ করেন। তাঁদের কর্মীদের কাউকেই নির্ধারিত বেতনের কম দেওয়া হয় না। তিনি বলেন, সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করলে প্রতি ঘণ্টায় দেড়গুণ মজুরি দেওয়া হয়।
জ্যাকসন হাইটস এলাকার প্রিমিয়াম সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক সাইফুর রহমান বলেন, তাঁদের প্রতিষ্ঠানে ২০-২২ জন কর্মী রয়েছেন। সবাই নগরীর নির্ধারিত মজুরি পেয়ে থাকেন। সপ্তাহে ৪০ ঘণ্টার অধিক কাজ করলে অতিরিক্ত প্রতি ঘণ্টার জন্য দ্বিগুণ মজুরি দেওয়া হয়। তবে কাউকেই সপ্তাহে পাঁচ ঘণ্টার বেশি অতিরিক্ত কাজ দেওয়া হয় না।
মান্নান সুপার মার্কেটের ম্যানেজার জানান, তাঁদের জ্যাকসন হাইটস শাখায় ২০ জন কর্মী রয়েছেন। সব কর্মীকেই নগরীর নির্ধারিত মজুরি দেওয়া হয়। আর অতিরিক্ত প্রতি ঘণ্টার জন্য দ্বিগুণ বেতন দেওয়া হয়।