বিশেষ বাহিনী মোতায়েনের অনুমোদন চাইলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

ইসলামিক স্টেটের (আইএস) নেতাদের হত্যা করার জন্য বিশেষ বাহিনী পাঠানোর প্রস্তাব অনুমোদন করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বুধবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আইএস পরাজিত হবে।’ খবর এএফপি ও বিবিসির।
প্রায় যুদ্ধ ঘোষণার ভাষা ও ভঙ্গিতে দেওয়া ভাষণে বারাক ওবামা বলেন, ‘আমাদের জোট আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। আর আত্মরক্ষামূলক অবস্থানে থাকা আইএস হারতে চলেছে।’
আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তাদের বেশ কয়েকটি মিত্র দেশের বাহিনী গত আগস্ট থেকে বিমান হামলা চালাচ্ছে। এ জোটে কয়েকটি আরব রাষ্ট্রও রয়েছে। তবে ছয় মাসের বেশি সময় ধরে চালানো বিমান হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।
ইরাক ও সিরিয়ায় চলমান বিমান হামলা অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে সুনির্দিষ্ট লক্ষ্যের ওপর গোপনে স্থলভিত্তিক হামলাও চালানো হবে বলে ঘোষণা দেন ওবামা। তিনি বলেন, আইএস নেতাদের সমবেত হওয়ার ব্যাপারে গোয়েন্দা তথ্য পাওয়া গেলে এবং যুক্তরাষ্ট্রের সহযোগীরা ওই জঙ্গিদের মোকাবিলা করতে সক্ষম না হলে তিনি বিশেষ বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে প্রস্তুত থাকবেন।
ইরাকি সরকার সে দেশ ও প্রতিবেশী সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে কয়েক মাসের মধ্যেই বড় ধরনের স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় ওবামার এ বক্তব্যে আইএসের ওপর চাপ বাড়বে। আইএসের হাতে মার্কিন জিম্মি কায়লা মুয়েলারের সাম্প্রতিক মৃত্যু এবং এর আগে আরও তিন মার্কিন জিম্মিকে হত্যার ঘটনায় কৌশল পুনর্নির্ধারণ করতে ওবামা ইতিমধ্যে চাপের মুখে রয়েছেন।
২০০২ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট সামরিক বাহিনী ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন চাইলেন। ২০০২ সালে ইরাকে হামলা চালানোর আগে তখনকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কংগ্রেসের অনুমোদন চেয়েছিলেন।
কংগ্রেসে পাঠানো হোয়াইট হাউসের একটি খসড়া অনুযায়ী, ওই প্রস্তাবিত আইনে স্থল অভিযান অনুমোদনের কথা বলা হয়নি। আর নতুন করে অনুমোদিত না হলে ওই যৌথ সিদ্ধান্ত কার্যকর করার তিন বছরের মধ্যে শেষ করতে হবে। 

জাতিসংঘে আইএসবিরোধী প্রস্তাব: তেল বিক্রি, প্রত্নসম্পদ চোরাচালান এবং মুক্তিপণ আদায়ের মাধ্যমে আইএসের বিপুল পরিমাণ অর্থ উপার্জন বন্ধ করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল বৃহস্পতিবার একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।