বিশেষ শিশুর দিকে বাঁকা দৃষ্টিতে তাকাবেন না

সমাজের বাঁকা দৃষ্টি পেছনে ফেলে পরিবারকেই সবার আগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে। সবাইকে জানাতে হবে, যে বিশেষ শিশুটি আপনার পরিবারে রয়েছে, তারও অধিকার আছে এই সমাজে সমান অধিকার পাওয়ার। আর গুটিয়ে রাখা নয়, মা-বাবা হিসেবে নিজেকে গর্বিত ভাবুন।
শেখ ইশরাত মমতাজের যমজ দুই শিশুর একজন তাহির ওয়াসিত এমনই এক শিশু। বয়স ৬ বছর। একটি স্পেশাল এইড স্কুলের কিন্ডারগার্টেনে পড়ছে সে। ইশরাত জানান, অনেক সাধনায় বিয়ের ৭ বছর পর সন্তান সম্ভবা হন তিনি। অনাগত সন্তানকে নিয়ে শুরু হয় স্বপ্ন দেখা। স্বপ্ন বুনতেন প্রতিদিন। অনাগত সন্তানকে কীভাবে বড় করবেন, কীভাবে মানুষের মতো মানুষ করবেন, এসবই ছিল কেবল তার ভাবনায়।
গর্ভে সন্তান আসার পাঁচ মাসের সময় ডাক্তার জানালেন, তাঁর গর্ভে দুটি যমজ ছেলে শিশু। শারীরিক এত অসুস্থতার মধ্যেও এই সুসংবাদটি তাকে দিয়েছিল পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতি। অনেক বছরের অপেক্ষা শেষে যমজ শিশু আসছে শুনে আনন্দাশ্রু বেয়ে পড়ছিল চোখ বেয়ে।
মাতৃত্বকালীন জটিলতায় নির্দিষ্ট সময়ের এক সপ্তাহ আগেই ইশরাতকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। প্রি–অ্যাক্লামশিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। এ কারণে গর্ভাবস্থার সাড়ে আট মাসের মাথায় অস্ত্রোপচারের মাধ্যমে যমজ ছেলে সন্তানের জন্ম দেন ইশরাত। একজনের নাম রাখা হয় তাহির, অন্যজন দাহির। জন্মের পর দাহির স্বাভাবিক থাকলেও তাহিরকে ১০ দিন নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়।
তাহির আট মাস বয়সে বসতে এবং ১৫ মাস বয়স থেকে হাঁটতে শেখা শুরু করে। দেড় বছর বয়সের সময় মা লক্ষ্য করলেন, তাহির তার ভাই দাহিরের চেয়ে ব্যতিক্রম। তাহিরকে ডাক দিলেও সাড়া দেয় না, চোখে চোখ রাখে না। যেটা এই বয়সে অন্য বাচ্চারা করে। সে একা খেলতে পছন্দ করে। এভাবে আরও কিছুদিন কেটে গেলে ইশরাত ডাক্তারের শরণাপন্ন হন। তত দিনে তাহির তিনে পা দিয়েছে। ডাক্তার জানায়, তাহির অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ডায়াগনোসিসে ভুগছে। অভাবিত এই দুঃসংবাদে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ইশরাতের। মুহূর্তেই দুই ছেলেকে নিয়ে তার ভবিষ্যতের স্বপ্নগুলো যেন ভেঙে খান খান হয়ে যায়।
ঢাকার পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন ইশরাত। আমেরিকায় আসার পর ওই পেশাতেই থাকার ইচ্ছা ছিল। কিন্তু তাহিরের দুঃসংবাদটি শোনার পর মা তার প্রিয় পেশাকেই সবার আগে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ তাঁকে এখন অনেক বেশি সময় দিতে হবে তাহিরের জন্য। নিউইয়র্কের রিচমন্ড হিলে একটি স্পেশালাইজড স্কুলে তাহিরকে ভর্তি করানো হয় এবং সেখান থেকে স্পিচ ও অকুপেশনাল থেরাপি পাওয়া শুরু করে। সব ধরনের খাবারই পছন্দ তাহিরের। গান শুনতেও তার ভালো লাগে। পার্কে দৌড়ানো বা খেলাধুলা করতেও সে খুব পছন্দ করে।
ওজোন পার্কে থাকে তাহির ও তার পরিবার। দীর্ঘশ্বাস ছেড়ে মা ইশরাত জানালেন, এই সমাজ তাঁকে স্বস্তি দেয় না। তার অভিযোগ, কখনো কোনো রেস্টুরেন্ট বা শপিংমলে গেলে তার বাচ্চাটি অনেক অবজ্ঞার শিকার হয় অনেক সময়। বাচ্চাটি কোথাও গিয়ে দৌড়াদৌড়ি করলে সেটা ভালো চোখে দেখে না অনেকেই। শপিং মল অথবা কোনো দোকানে গিয়ে কিছু ধরে ফেললে ভাবে তাকে আমরা কিছু শিক্ষা দিইনি। কেউ কেউ কটূক্তি করতেও ছাড়ে না। অনেক সময় অনেকে বলেই ফেলে, ‘বাচ্চাকে সামাজিকতা বা ভদ্রতা কিছু শিখাইনি, তাই আমার অধিকার নেই গ্রোসারি, শপিংমল, সিনেমা দেখতে যাওয়ার বা বাইরে বের হওয়ার। তাদের ভাষায় আমার বাচ্চা ‘অসুস্থ’। তাই আমি যেন বাচ্চাকে নিয়ে বাসাতেই থাকি।
ইশরাত আক্ষেপ করে বলেন, এ ধরনের শিশুর আচার-আচরণ দেখলে স্বাভাবিকভাবেই বোঝা যায় সে বিশেষ চাহিদা সম্পন্ন। এটা বোঝার পরও আমেরিকার মতো সমাজ ব্যবস্থাতেও অনেকেই এতটুকু সহানুভূতি দেখাতে চায় না ওই শিশু অথবা তার পরিবারের প্রতি।
প্রতিনিয়ত মানসিক গ্লানি নিয়েই কেটে যাচ্ছে তাদের অপ্রত্যাশিত দুঃখের প্রহর। সামাজিক অস্বস্তিবোধ গ্রাস করে রেখেছে তাহিরের পুরো পরিবারকে। কবে আসবে সেই দিন। যেদিন আর এসব শিশুর দিকে কেউ বাঁকা চোখে তাকাবে না। অসুস্থ মনে করবে না। সমাজের অভিশাপ মনে করবে না? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তাহিরের মা ইশরাত এখন ক্লান্ত।