পাকিস্তানিদের ভয়াবহ গণহত্যায় সারা বিশ্বের মতো অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমও নীরব থাকতে পারেনি। বাংলাদেশে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেখানকার বহুল প্রচারিত সংবাদপত্র দ্য এজ, ২৯ মার্চ একটি সম্পাদকীয় ছাপে, যার শিরোনাম ছিল, ‘পাকিস্তানে দুঃখজনক ঘটনা’ [Pakistan Tragedy]
সংক্ষেপে সম্পাদকীয়ের বক্তব্য এমন—
মাত্র একদিন আগে যখন পাকিস্তানের তিক্ত সম্পর্কে জড়িত দুই অংশের মধ্যে শান্তিপূর্ণভাবে সাংবিধানিক সংকট নিরসন করে বেসামরিক শাসনের আশা দেখা যাচ্ছিল, ঠিক তখনই সেই সংকট বিস্ফোরিত হলো গৃহযুদ্ধে। এই গৃহযুদ্ধে হুবহু কী ঘটছে, সেই সত্যিটা কঠিন মিলিটারি সেন্সরশিপ ও বিদেশি সাংবাদিকদের বহিষ্কারের কারণে অস্পষ্ট। কিন্তু প্রেসিডেন্ট ইয়াহিয়া নীতিগতভাবে বাঙালি নেতা শেখ মুজিবুর রহমানের স্বায়ত্তশাসন দাবির প্রতি নমনীয় ছিলেন।
কিন্তু মীমাংসার সব আশা চলে গেল যখন সেনাবাহিনী সামরিক আইন প্রত্যাহার করে ব্যারাকে ফিরে যাওয়ার পরিবর্তে শেখ মুজিব ও তাঁর দল আওয়ামী লীগকে নির্বাসিত করল। প্রতিশোধ হিসেবে শেখ মুজিব গোপন রেডিওর মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেছেন।
এমনকি শক্ত শাসনের মাধ্যমে যদি এই আন্দোলনকে দমন সম্ভব হয়, তবুও সর্বশেষে পাকিস্তানের ঐক্য ধরে রাখা হয়তো সম্ভব হবে না। একটি জাতিকে সামরিক শক্তি দিয়ে ঐক্যবদ্ধ করে রাখা যায় না। প্রেসিডেন্ট ইয়াহিয়া যদি জ্ঞানী হন, তবে পূর্ব পাকিস্তানের দীর্ঘ দিনের স্বায়ত্তশাসন দাবি মেনে নিয়ে হয়তো পাকিস্তানের অখণ্ডতা রাখতে পারেন, তবে তার আগে প্রথমেই এই গণহত্যা বন্ধ করতে হবে।
এই সম্পাদকীয় ছাড়াও অস্ট্রেলিয়ার দ্য এজ সংবাদপত্রটি আরও বেশ কয়েকটি সংবাদ ছাপে।
নয়াদিল্লি থেকে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেসের খবরের শিরোনাম ছিল, ‘শেখ মুজিবের ডাকে পাকিস্তানের রসিকতা’ [Pakistanis rally to sheikh’s call], যা অস্ট্রেলিয়া দ্য এজ পত্রিকার ২৮ মার্চ ছাপা হয়।
প্রতিবেদনটিতে সংক্ষেপে বলা হয়—
পূর্ব পাকিস্তানের ছিন্ন-বিচ্ছিন্ন বিদ্রোহী সেনারা জীবন বাজি রেখে পাকিস্তানের ট্যাংক, আর্টিলারি ও বিমানসমৃদ্ধ আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে। ভারতের একটি সংবাদ সংস্থা বলছে, দুই দিনের গৃহযুদ্ধে আনুমানিক ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। দুই পক্ষই বিজয়ের দাবি করছে।
পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবের সমর্থকেরা আজ মেজর জিয়া খান (জিয়াউর রহমানকে জিয়া খান লেখা হয়েছে) সাময়িক নেতৃত্বে অস্থায়ী সরকার গঠন করেছে। একটি বিদ্রোহী বেতারে এই ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ওই বেতার আরও জানায়, লিবারেশন আর্মির একটি দল চট্টগ্রাম থেকে মার্চ করে ১২৫ মাইল দূরে ঢাকার দিকে যাচ্ছে। সীমান্তবর্তী ভারতীয় শহরে খবর আসছে, পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে তীব্র যুদ্ধ চলছে। বাঙালি আধা-সামরিক বাহিনী, পূর্ব পাকিস্তান রাইফেলস এবং পুলিশ বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছে।
ঢাকা থেকে ৩৫ সাংবাদিককে বহিষ্কার করার পর ও সব যোগাযোগ বন্ধ থাকায় শুধু ভারতীয় সংবাদমাধ্যম থেকে কিছু সংবাদ পাওয়া যাচ্ছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানাচ্ছে, বিদ্রোহী স্বেচ্ছাসেবকদের আক্রমণে পিছু হটার সময় পাকিস্তান বাহিনী গোলাবর্ষণ করছে ও ঘরে আগুন দিচ্ছে। ঢাকার একটি হাসপাতালে বোমা বর্ষণ করা হয়েছে এবং তাতে বেশির ভাগ রোগী নিহত হয়েছে বলে জানান হয়েছে।
ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বৈদেশিক মন্ত্রণালয় সব অস্ট্রেলীয় নাগরিককে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে। পূর্ব পাকিস্তানে প্রায় ৫৯ জন অস্ট্রেলীয় নাগরিক আছেন যার মধ্যে ২০ জন আছেন ব্যাপটিস্ট মিশনে।
মার্চ ২৯ অস্ট্রেলিয়ার দ্য এজ এপিপি-রয়টার-এর সংবাদদাতা হাওয়ার্ড উইটটেনের একটি প্রতিবেদন ছাপা হয় যার শিরোনাম ছিল ‘ট্যাংক যখন আলোচনার দখল নেয়’ [When tanks took over the talking]
সাংবাদটি সংক্ষেপে—
অন্যান্য পশ্চিমা সাংবাদিকদের সঙ্গে আমাকেও আধা ঘণ্টার নোটিশে ঢাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সেনারা বৃহস্পতিবার রাতে যখন শেখ মুজিবের সমর্থকদের আক্রমণ করে, তখন থেকে আমাদের হোটেলে বন্দী করে রাখে। আমাদের জিনিসপত্র স্যুটকেসে ভরার পর একটি সশস্ত্র সেনা বহরে করে আমাদের বিমানবন্দরে আনা হয়। রাস্তায় আমরা জ্বলন্ত দোকান-পাট, বাড়ি-ঘর এবং অপসারিত প্রতিবন্ধকতা অতিক্রম করি। সেনারা আমাদের প্রত্যেককে ব্যাপক তল্লাশি করে এবং আমাদের ফিল্ম, টেপ ও নোটস জব্দ করে।
শুক্রবার আমরা ঢাকার চারদিকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে ও ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাই। একজন ক্যাপ্টেন আমাদের হোটেল থেকে বের না হওয়ার আদেশ দেন এবং অন্যথায় গুলি করার হুমকি দেয়। সেনারা বাংলাদেশের একটি বিশাল পতাকায় অগ্নিসংযোগ করে যা ১২ ঘণ্টা আগে হোটেল কর্মচারীরা উড়িয়েছিল।
দ্য এজ–এর তৃতীয় সংবাদটি ছিল, নিউইয়র্ক টাইমস–এর সংবাদদাতা রাল্ফ ব্লুমেনথলের পাঠানো। তিনি দ্য এজ-এর জন্য নিউইয়র্ক থেকে ওই সংবাদটি পাঠান, যা ছাপা হয় ২৮ মার্চ সংখ্যায়। সংবাদটির শিরোনাম ছিল, ‘অবশেষে একটি বিভক্ত জাতির কাছে যুদ্ধ এল’ [War comes at least to a divided nation]
সাংবাদিক ব্লুমেনথল সংবাদটিতে বিস্তারিতভাবে দুই পাকিস্তানের মধ্য অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যত রকমের বিসদৃশ ও শোষণ ছিল, তা স্পষ্ট করে উল্লেখ করেছিলেন। নিচে সংবাদটি সংক্ষিপ্ত আকারে দেওয়া হলো—
গৃহযুদ্ধ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্য ছায়ামূর্তির মতো দেখা দিল। ১ হাজার ১০০ মাইল দূর অবস্থিত দুইটি অংশ যারা ভারতীয় সীমান্ত সংলগ্ন শুধু ধর্মকে ভিত্তি করে সাড়ে ১০ কোটি মুসলিম নিয়ে গঠিত হলো পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র। কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে তারা পৃথক, যেমন রোমান ক্যাথলিক হয়েও স্পেন ও পোল্যান্ড। পূর্ব পাকিস্তানের বাঙালিরা দেখতে ছোট-খাট, শ্যামলা আকৃতির কিন্তু তাদের কবিতা ও পণ্ডিতদের জন্য গর্বিত। গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপে অবস্থিত বর্ষার জলে বিধৌত, ধান যাদের প্রধান ফসল, যাদের সংস্কৃতির মিল আছে প্রতিবেশী ভারতের সঙ্গে। পাঞ্জাবিরা পশ্চিম পাকিস্তানে প্রভাবশালী। এরা দেখতে আকৃতিতে বড়সড় এবং গায়ের রং উজ্জ্বল। এরা সামরিক ও অনেকটা ভাবলেশহীন। এদের সংস্কৃতির মিল আছে মধ্যপ্রাচ্যের সঙ্গে, ভাষা উর্দু, লেখা হয় আরবি হরফে ডান থেকে বামে, যা বাঙালিদের কাছে অচিন্তনীয়, এদের প্রধান খাদ্য গম জাতীয় ও মাংস।
পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চলের চেয়ে বেশি শিল্প সমৃদ্ধ। পূর্বাঞ্চলের জনসংখ্যা সাড়ে সাত কোটি এবং পশ্চিমাঞ্চলের জনসংখ্যা সাড়ে পাঁচ কোটি হলেও এই অঞ্চল সব সময়ই প্রভাবশালী। বাঙালি জাতীয়তাবাদীরা সব সময়ই দাবি করেছেন, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের সঙ্গে ব্রিটিশ উপনিবেশের মতোই আচরণ করছে। খাদ্য শস্যের মূল্য পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের অর্ধেক। বাঙালিদের মাথাপিছু আয় পশ্চিম পাকিস্তানিদের তুলনায় প্রায় অর্ধেক, পশ্চিমাঞ্চলে পূর্বাঞ্চলের চেয়ে ৬ গুন বেশি বিদ্যুৎ উৎপাদন হয়, বিদেশি সাহায্য পশ্চিমাঞ্চলে পূর্বাঞ্চলের চার গুন বেশি ব্যবহার করা হয়, পশ্চিমাঞ্চলে পূর্বাঞ্চলের দ্বিগুণ উন্নয়ন বাজেট বরাদ্দ হয়, সামরিক খাতে এই ব্যয় ৯ গুনের বেশি।
বাঙালির অগ্নিসদৃশ নেতা শেখ মুজিব তাই বাঙালিদের জন্য স্বায়ত্তশাসন দাবি করেন এবং ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তাঁর দল ৯৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়। ৩ মার্চ আহূত জাতীয় পরিষদের অধিবেশনে পাকিস্তানের অন্য অংশের নেতা জুলফিকার আলী ভুট্টো সরকার গঠন করতে পারবেন না, তাই অধিবেশন স্থগিত করা হয়।
অস্ট্রেলিয়ার সিডনি থেকে দীর্ঘ দিন ধরে প্রকাশিত আরেকটি বহুল প্রচারিত দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড ২৯ মার্চ বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বর ও নৃশংস আক্রমণ নিয়ে একটি সম্পাদকীয় লিখে যার শিরোনাম ছিল, ‘বিশৃঙ্খলায় নিমজ্জিত” [Plunge into Chaos]
সম্পাদকীয়টিতে যা বলা হয় সংক্ষেপে তা হলো—
পূর্ব পাকিস্তানে কী ঘটছে তা জানা অসম্ভব। রেডিও পাকিস্তান অনুসারে, ইয়াহিয়া খানের পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। একজন বিশ্বাসঘাতক হিসেবে শেখ মুজিবুর রহমান অন্তরীণ ও সেখানকার জনজীবন স্বাভাবিক। ভারত থেকে প্রাপ্ত সংবাদে জানা যায়, শেখ মুজিব মুক্ত, ১৬ হাজার শক্তিশালী ইস্ট পাকিস্তান (বাঙালি) রাইফেলস, পুলিশ জেনারেল টিক্কা খানের বাহিনীকে প্রতিরোধ করছে। দুই দিনের গৃহযুদ্ধে বিপুলসংখ্যক সাধারণ নাগরিক (১০,০০০? ১০০,০০০) প্রাণ হারিয়েছে। তবে এটি পরিষ্কার, পাকিস্তান, পৃথিবী যেভাবে এটিকে জানে, তা এখন খণ্ডিত, একমাত্র রাজনৈতিক অলৌকিক ঘটনা এটাকে আবার একত্রিত করতে পারে। কিন্তু এই ধরনের অলৌকিক ঘটনা বিশ্বাসযোগ্য নয়।
পাকিস্তান অস্ত্রের জোরে সাড়ে সাত কোটি বাঙালির আনুগত্য আদায় করতে চাচ্ছে, কিন্তু ইতিমধ্যেই তারা নির্বাচনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে শেখ মুজিবের ও তার স্বায়ত্তশাসনের দাবির প্রতি তাদের আনুগত্য দেখিয়েছেন। আলোচনা ভেঙে যাওয়ার পরই শুধু স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। আলোচনা ভাঙার জন্য প্রেসিডেন্টকেই দায়ী করা যায়; তিনি পশ্চিম পাকিস্তানের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় গণতান্ত্রিক নির্বাচনের ফলাফলকে অস্বীকার করছেন। প্রেসিডেন্ট ইয়াহিয়ার ক্ষমতা আছে, আছে ট্যাংক ও বিমান—যা দিয়ে সাময়িকভাবে পূর্ব পাকিস্তানের বিভিন্ন শহরের দখল নিতে পারেন, সাময়িক বিজয়ীও হতে পারে। কিন্তু বাংলাদেশের বিপদসংকুল এলাকায় যে যুদ্ধ চলতে পারে দীর্ঘমেয়াদে, এক হাজার মাইল দূরে অবস্থিত মূল ঘাঁটি থেকে কীভাবে তারা বাঙালি গেরিলা যারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ, তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ের আশা করতে পারে?
ওপরে সম্পাদকীয়টিতে তীব্র ভাষায় পাকিস্তানের ও প্রেসিডেন্ট ইয়াহিয়ার সমালোচনা করা হয় এবং দীর্ঘমেয়াদে বাঙালিরাই জয়ী হবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়। আমাদের স্বাধীনতা সংগ্রামে, অস্ট্রেলিয়ার জনগণ ও সম্প্রচার মাধ্যম অকুণ্ঠ সমর্থন জানিয়েছে যে কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। (চলবে)
লেখক: কুইন্স পাবলিক লাইব্রেরি হলিস শাখার ম্যানেজার
ইমেইল: myshathi@gmail. com