যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়
বিশ্ব গণমাধ্যমেও চমকের প্রতিফলন

ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে চমকে গেছে বিশ্ব। সারা পৃথিবীর সংবাদমাধ্যমেও সেই চমকের প্রতিফলন ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট শিরোনামে লিখেছে, ‘ট্রাম্পের জয়জয়কার’। এর নিচে ছোট অক্ষরে লেখা, ‘স্থিতাবস্থার বিরুদ্ধে ভোটারদের অবজ্ঞাই হিলারির বিপর্যয় ডেকে আনল’।
অস্ট্রেলিয়ার দ্য ডেইলি টেলিগ্রাফ প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ দেওয়ার এক বিশাল ছবি দিয়ে পত্রিকার প্রচ্ছদ সাজিয়েছে। তাতে লেখা, ‘ডব্লিউ টি এফ’। এরপর পত্রিকার একদম নিচে ছোট করে এর অর্থ সবিস্তারে বলা আছে। তাতে লেখা, ‘উইল ট্রাম্প ফ্লারিশ...অর ফেইল’। অর্থাৎ ট্রাম্প কি সফল হবেন, নাকি ব্যর্থ?
যুক্তরাষ্ট্রের সর্বাধিক প্রচারিত পত্রিকাগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে থাকা দ্য নিউইয়র্ক ডেইলি নিউজ প্রচ্ছদে হোয়াইট হাউসের ছবি ব্যবহার করেছে। তার ওপরে লেখা ‘হাউস অব হররস’ বা ‘ভুতুড়ে বাড়ি’। এর নিচে লেখা, ‘বিভক্ত আমেরিকাকে কবজায় নিলেন ট্রাম্প’।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ‘বিশ্বকে চমকে দিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প’। অন্যদিকে একটি স্প্যানিশ পত্রিকা শিরোনামে লিখেছে, ‘ঈশ্বর আমেরিকাকে ক্ষমা করেছেন’।
কমিক হিরো এক্স ম্যান সিরিজের আদলে জার্মানির পত্রিকা দাই ওয়েল্ট তাদের প্রচ্ছদ তৈরি করেছে। সেখানে অ্যাপোকেলিপস নামের খল চরিত্র হিসেবে ট্রাম্পকে দেখানো হয়েছে। শিরোনাম হলো, ‘এখন অ্যাপোকেলিপস’। খল চরিত্রটির ওপরে ফটোশপ করে ট্রাম্পের মাথা বসিয়ে দেওয়া হয়েছে।
জাপানে জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, ‘যদি ট্রাম্পই প্রেসিডেন্ট হন, তবে অন্যান্য দেশের মতো জাপানও অর্থনীতি নিয়ে অনিশ্চয়তায় পড়বে।’
ফ্রান্সের পত্রিকা লিবারেশন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মারিজুয়ানা নামের মাদকদ্রব্য বৈধ করার বিষয়টি তুলে এনে শিরোনামে লিখেছে, ‘অন্তত এখন তারা মারিজুয়ানা ব্যবহার করতে পারবে’।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের একটি ফ্যাশন ম্যাগাজিন সবচেয়ে সাদামাটা একটি প্রচ্ছদ করেছে। তাতে ভোটকেন্দ্রে যাওয়া ভোটারদের ছবির এক পাশে দেওয়া হয়েছে নতুন প্রেসিডেন্টের ছবি। আর লেখা একটি শব্দ, ‘শিট!’।