বিশ্ব বাণিজ্যকেন্দ্রে প্রথম শিশু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্ব বাণিজ্যকেন্দ্রের ট্রেন স্টেশনে গতকাল মঙ্গলবার এক নারী একটি সুস্থ কন্যাশিশুর জন্ম দিয়েছেন। ৯ / ১১-এর সন্ত্রাসী হামলার পর এই প্রথম ওই স্থানে কোনো শিশুর জন্ম হলো।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কের কুইন্সের ওই নারী স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে শিশুটির জন্ম দেন। তাঁকে সহযোগিতা করে পোর্ট অথরিটি পুলিশ। ছয় পাউন্ড ওজন নিয়ে জন্ম নেওয়া মেয়েশিশুটির নাম রাখা হয়েছে অ্যাসেনাট।
পোর্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, ওই নারী তাঁর প্রসবব্যথা অনুভবের কথা জানান। পোর্ট অথরিটি পুলিশ তাঁর ডাকে সাড়া দেয়। সন্তান জন্ম দেওয়ার জন্য কর্মকর্তারা এলাকাটিকে প্রস্তুত করেন। কয়েক মিনিটের মধ্যে জরুরি চিকিৎসাসেবা হাজির হয়। পরে ওই নারী একটি কন্যাশিশু জন্ম দেন।
ঘটনার সময় ওই নারীর সঙ্গে তাঁর স্বামী ও দুই বছর বয়সী এক ছেলেসন্তান ছিল।
সন্তান প্রসবের পর মা ও নবজাতককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
পোর্ট অথরিটির মুখপাত্র জো পেনটানগেলো বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় পর এই প্রথম সেখানে কোনো শিশু জন্ম নিল।