বিশ্ব মানবাধিকার দিবসে সাউথ এশিয়া ওয়াচের বিবৃতি
বিশ্ব মানবাধিকার চার্টারেই মানবাধিকার লঙ্ঘনের বীজ আছে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সাউথ এশিয়া ওয়াচের মহাসচিব ও এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির কো-চেয়ারম্যান শহীদুল ইসলাম তালুকদার বলেছেন, ‘১৯৪৮ সালের ১০ জানুয়ারি জাতিসংঘ যখন বিশ্ব মানবাধিকার চার্টার ঘোষণা করে তখন তার মধ্যেই পরোক্ষ ভাবে মানবাধিকার লঙ্ঘনের বীজ রোপণ করা হয়েছিল। কারণ পৃথিবীর কোনো দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে প্রায়শই জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় সেই দেশের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বেশির ভাগ সময়ে দেখা যায়, সাধারণ পরিষদে ভেটো প্রয়োগ করা কোনো একটি দেশ ভেটো দিয়ে ওই সিদ্ধান্ত বাতিল করে ফেলে।
শহীদুল ইসলাম তালুকদার বলেন, পৃথিবীব্যাপী মানবাধিকার, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে ওই পাঁচটি দেশকে সাধারণ পরিষদের অন্যান্য দেশগুলোর পর্যায়ে নিয়ে আসতে হবে। তাদের ভেটো প্রয়োগের ক্ষমতা থেকে বঞ্চিত করতে হবে। তাহলে সহজেই বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার পথ সুগম হবে।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাউথ এশিয়া ওয়াচের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব শহীদুল ইসলাম তালুকদার এসব কথা বলেন।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ভারত নাগরিকত্ব বিল পাস করে দক্ষিণ এশিয়া তথা বিশ্বের মানবাধিকারের প্রতি চপেটাঘাত করল। বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশ ইতিমধ্যে ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর বোঝা বহন করছে। তার ওপর ভারতের নতুন নাগরিকত্ব বিল পাসের সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলা, ত্রিপুরা ও আসাম থেকে অসংখ্য ভারতীয় মুসলিম নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে। ১৯৭৫ সালে ভারত সিকিমের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে, এখন তারা বাংলাদেশের দিকে হাত বাড়ানোর দুঃসাহস দেখাচ্ছে। ভারতের মনে রাখা উচিত বাংলাদেশ সিকিম বা ভুটান নয়। ভারতের এই প্রতিক্রিয়াশীল কার্যক্রমের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দলের ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। অন্যথায় স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্র আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে।
শহীদুল ইসলাম তালুকদার বলেন, এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বিশেষ করে মিয়ানমার, ইসরায়েল, সৌদি আরব, সিরিয়া ও ইরানসহ পৃথিবীর অন্যান্য মানবাধিকার লঙ্ঘনকারী দেশের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত করে সত্যিকারের মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। বিজ্ঞপ্তি।